২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

স্পিকারের সঙ্গে চন্দ্রিকা কুমারাতুঙ্গার সাক্ষাৎ

জাতীয় সংসদের স্পিকার শিরীন শারমিন চৌধুরীর সঙ্গে দেখা করেছেন শ্রীলংকার সাবেক প্রেসিডেন্ট চন্দ্রিকা বন্দরনায়েকে কুমারাতুঙ্গা।

নিজস্ব প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 22 May 2017, 05:54 PM

Updated : 19 Aug 2022, 04:41 PM

সোমবার দুপুরে সংসদ ভবনে স্পিকারের কার্যালয়ে তাদের বৈঠক হয় বলে সংসদ সচিবালয়ের সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে।

এতে বলা হয়, বৈঠকে তারা দ্বিপক্ষীয় স্বার্থসংশ্লিষ্ট বিভিন্ন বিষয় নিয়ে আলোচনা করেন।

নারীর অর্থনৈতিক ক্ষমতায়ন, নারী শিক্ষা, সংস্কৃতি, সংসদীয় প্রক্রিয়া, জেন্ডার সমতা এবং দুই দেশের আর্থ সামাজিক অবস্থা নিয়ে আলোচনা করেন তারা।

এ সময় শিরীন শারমিন বলেন, বাংলাদেশ শান্তি ও সম্প্রীতির দেশ। এ দেশের জনগণের সিংহভাগ ইসলাম ধর্মাবলম্বী হলেও সকল ধর্মের মানুষের মধ্যে রয়েছে সৌহার্দ্যপূর্ণ সম্পর্ক।

“সব ভেদাভেদ ভুলে সকলে মিলেমিশে শান্তিপূর্ণভাবে এ দেশে বসবাস করে আসছে।”

চন্দ্রিকা কুমারাতুঙ্গা শ্রীলংকার প্রেসিডেন্টের দায়িত্ব পালনের বিভিন্ন স্মৃতিচারণ করেন বলে বিজ্ঞপ্তিতে বলা হয়।

তার সরকারের নেওয়া বিভিন্ন উন্নয়ন কর্মসূচির বিষয়েও আলোচনা করেন শ্রীলংকার এই সাবেক প্রেসিডেন্ট।

ভবিষ্যতে শ্রীলংকার সঙ্গে বাংলাদেশের বন্ধুত্বপূর্ণ সম্পর্ক আরও দৃঢ় হবে বলে আশাপ্রকাশ করেছেন চন্দ্রিকা কুমারাতুঙ্গা।

সংসদ সচিবালয়ের সচিব মো. আবদুর রব হাওলাদার বৈঠকে উপস্থিত ছিলেন।

বাংলাদেশ ইনস্টিটিউট অব ইন্টারন্যাশনাল অ্যান্ড স্ট্র্যাটেজিক স্টাডিজ (বিজ) আয়োজিত একটি সেমিনারে অংশ নিতে রোববার ঢাকায় এসেছেন চন্দ্রিকা।