২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

রোজায় ভেজাল খাবার, বার-ক্লাবের বিরুদ্ধে মেয়রের হুঁশিয়ারি

রোজার মাসে ভেজাল খাবার বিক্রি না করতে ব্যবসায়ীদের আহ্বান জানিয়ে ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের মেয়র সাঈদ খোকন বলেছেন, খাবারে ভেজাল মেশানোর প্রমাণ পাওয়া গেলে সংশ্লিষ্টদের জরিমানার পাশাপাশি কারাদণ্ডও দেওয়া হবে।

নিজস্ব প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 22 May 2017, 03:42 PM

Updated : 11 Oct 2022, 02:02 PM

এছাড়া রোজার সময় ক্লাব-বারে মদ ও জুয়ার আসর যাতে না বসে সেব্যাপারেও কঠোর নির্দেশনা দিয়েছেন মেয়র।

রোজায় নগর কর্তৃপক্ষের প্রস্তুতি হিসেবে সোমবার নগরভবনে ব্যবসায়ী, ইমাম, হোটেল রেস্তোরাঁর মালিক ও বার-ক্লাবের প্রতিনিধিদের সঙ্গে মতবিনিময়ে বসেন সাঈদ খোকন।

তিনি বলেন, “রমজানের পবিত্রতা নষ্ট করতে দেওয়া হবে না। রমযান মাস পবিত্র মাস।”

রোজায় বার ও ক্লাবগুলোতে অবৈধ মদ সরবরাহ এবং জুয়া বন্ধে সংশ্লিষ্ট কর্তৃপক্ষকে আহ্বান জানান মেয়র।

“ঢাকা দক্ষিণে অনেক ক্লাব-বার রয়েছে। তাদের প্রতি আহ্বান, যাতে মদ-জুয়ার আসর না বসে। যদি এসব চলে তবে কঠোর থেকে কঠোরতর হাতে তা দমন করা হবে। এই অঙ্গণে অনেক প্রভাবশালী শক্তিশালী মহল থাকতে পারে। কিন্তু কেউ এর আওতার বাইরে যাবে না।”

সেহরি, ইফতারসহ অন্যান্য খাদ্যে যাতে ভেজাল না থাকে সেজন্য ব্যবসায়ীদের সচেতন থাকতে বলেন তিনি।

হোটেল-রেস্তোরাঁ মালিকদের উদ্দেশ্যে সাঈদ খোকন বলেন, “রেস্টুরেন্টের কিচেনকর্মীদের সচেতন করবেন, যাতে তারা পরিষ্কার পরিচ্ছন্ন থাকে, পাশাপাশি খাদ্যে কোনো ভেজাল উপাদান ব্যবহার না করে।

“গত বছরের মতো এবারও অভিযান চলবে। প্রথম রোজা থেকেই ভেজাল প্রতিরোধে সিটি করপোরেশনের দল মাঠে থাকবে। যেখানে ভেজাল ইফতার ও অন্যান্য খাবার পাওয়া যাবে সেখানে জরিমানার পাশাপাশি এবার কারাদণ্ডও দেওয়া হবে।”

ফল ব্যবসায়ীদের উদ্দেশ্যে তিনি বলেন, ফলে ফরমালিনের ব্যবহার কমলেও তা শূন্যের কোঠায় নিয়ে আসতে হবে।

“আপনারা ব্যবসা করবেন করেন, কিন্তু সাধারণ মানুষের স্বাস্থ্যের বিষয়টি আপনাদের বিবেচনায় থাকতে হবে।”

নিরাপদ খাদ্য কর্তৃপক্ষের সদস্য আব্দুল বাতেন মিয়া, ডিএসসিসির স্বাস্থ্য কর্মকর্তা ব্রিগেডিয়ার জেনারেল শেখ সালাউদ্দিন, রেস্টুরেন্ট ওনার্স অ্যাসোসিয়েশনের সভাপতি ও এফবিসিসিআইর পরিচালক খন্দকার রুহুল আমিন, রেস্টুরেন্ট ওনার্স অ্যাসোসিয়েশনের ঢাকা দক্ষিণ অঞ্চলের সভাপতি শাহ সুলতান খোকন, ফল ব্যবসায়ী সমিতির মহাসচিব ফারুক সিদ্দিক, মতি সরদার জামে মসজিদের ইমাম আবু আইয়ুব আনসারি, সাকুরা বারের প্রতিনিধি জিয়াউল হক, ওয়ারি ক্লাবের প্রতিনিধি আব্দুর রব প্রমুখ মতবিনিময়ে অংশ নেন।