ধর্ষণের শাস্তি নিশ্চিতে ট্রাইব্যুনাল গঠনের দাবি
বানানীসহ সারাদেশে ঘটে যাওয়া ধর্ষণের ঘটনায় জড়িতদের ‘বিশেষ ট্রাইব্যুনাল’ গঠন করে শাস্তির আওতায় আনার দাবি জানিয়েছে সামাজিক প্রতিরোধ কমিটি।
রোববার ব্কিালে শাহবাগের জাতীয় জাদুঘরের সামনে এক প্রতিবাদ সমাবেশে এই দাবি জানানো হয়।
দেশের ৭১টি নারী, মানবাধিকার ও উন্নয়ন সংগঠনের নিয়ে গঠন করা হয়েছে সামাজিক প্রতিরোধ কমিটি।
সমাবেশে মহিলা পরিষদের ভারপ্রাপ্ত সভাপতি ফওজিয়া মোসলেম বলেন, “বানানীতে দুই বিশ্ববিদ্যালয়ের ছাত্রী ধর্ষণের শিকার হলো, কিন্তু এতদিন হয়ে গেল; সংসদে ধর্ষণ নিয়ে কোননো কথা উঠল না কেন?
“সংসদে মহিলাদের জন্য সংরক্ষিত আসন আছে, এই সংরক্ষিত আসনের ৫০ জন নারী সংসদ সদস্য আছেন। কিন্তু তারাও ধর্ষণের বিষয়টি নিয়ে সংসদে কথা কোনো কথা বলেনিনি কেন- এটা আমরা প্রশ্ন?”
বিশেষ ট্রাইব্যুনাল গঠন করে জড়িতদের শাস্তি দেওয়ার দাবি জানিয়ে তিনি বলেন, “আমরা একাত্তরের মুক্তিযুদ্ধ বিরোধী রাজাকার ও যুদ্ধাপরাধীদের ট্রাইব্যুনাল গঠনের মাধ্যমে বিচার করেছি, শাস্তি দিয়েছি। তাই এসব ধর্ষণের ঘটনার জন্য বিশেষ ট্রাইব্যুনাল গঠন করে জড়িতদের শাস্তি দিতে হবে। সকল ধর্ষকের বিচার করতে হবে। আমরা তাদের দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানাচ্ছি।”
সামাজিক যোগাযোগ মাধ্যমে নারী নির্যাতনের তথ্য যেন না ছড়ায় সেজন্য সবাইকে সজাগ থাকার আহ্বান জানান তিনি।
ধর্ষণের ঘটনাগুলোর বিচার না হওয়ায় উদ্বেগ প্রকাশ করেন মহিলা পরিষদের সাধারণ সম্পাদক মালেকা বানু।
তিনি বলেন, “দেখি ধর্ষণের ঘটনাগুলোর কোনো বিচার হচ্ছে না। ধর্ষণের ঘটনায় প্রভাবশালী মহলের সম্পৃক্ততা থাকলে অপরাধীকে বিচারের আওতায় না আনায় ভিকটিমকে হুমকি দেয়; ভয়ভীতি প্রদর্শন অথবা মিমাংসা করার জন্য প্রশাসনের পক্ষ থেকেও তৎপরতা চালানো হয়। যে কারণে এই ঘটনাগুলো বার বার ঘটে যাচ্ছে।”
সমাবেশে অন্যদের মধ্যে বক্তব্য দেন অ্যাডাবের সমন্বয়কারী কাওসার আলম কনক, দলিত নারী ফোরামের মনি রানী দাশ, আইইডির প্রতিনিধি হাফিজা আদনান রিয়াদ, মহিলা আইনজীবী সমিতির প্রতিনিধি নিগার সুলতানা ও ব্র্যাকের প্রতিনিধি ঝর্ণা দাশ।
