‘চিকুনগুনিয়া নিয়ে আতঙ্কিত হওয়ার কিছু নেই’
চিকুনগুনিয়া নিয়ে আতঙ্কিত না হয়ে এর মোকাবেলায় সমন্বিত উদ্যোগ গ্রহণ করার আহ্বান জানিয়েছেন ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের মেয়র সাঈদ খোকন।
রোববার বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয়ে মশা নিধনে ক্রাশ প্রোগ্রাম উদ্বোধনের পর চিকুনগুনিয়া নিয়ে অনুষ্ঠিত এক সেমিনারে বক্তব্য দেন মেয়র।
রোগ পর্যবেক্ষণকারী সরকারের সংস্থা আইইডিসিআর বলছে, এবছর মৌসুমের শুরুতে অতিবর্ষণের মধ্যে ঢাকায় দ্রুত ছড়িয়ে পড়ছে চিকুনগুনিয়া।
আইইডিসিআর ভাইরাসঘটিত রোগটির বিষয়ে সবাইকে সচেতন থাকার পরামর্শ দিচ্ছে।
এডিস প্রজাতির এডিস ইজিপ্টি এবং এডিস এলবোপিকটাস মশা থেকেই চিকুনগুনিয়া রোগের সংক্রমণ ঘটে। চিকুনগুনিয়া ভাইরাসটি টোগা ভাইরাস গোত্রের ভাইরাস। মশাবাহিত হওয়ার কারণে একে আরবো ভাইরাসও বলে।
ডেঙ্গু ও জিকা ভাইরাসও এই মশার মাধ্যমে ছড়ায় এবং রোগের লক্ষণ প্রায় একই রকম বলে চিকিৎসকরা জানিয়েছেন।
“তবে এই রোগ হলে চিকিৎসকের পরামর্শ অনুযায়ী চলা উচিত, যেহেতু এর উপসর্গগুলো দেহে নানা ক্ষতির কারণ। তারও আগে প্রয়োজন জনগণের সচেতনতা।”
বিএসএমএমইউ আয়োজিত বৈজ্ঞানিক সেমিনার চিকুনগুনিয়া বিষয়ে সিটি করপোরেশনসহ সারাদেশের কর্মপরিকল্পনা নির্ধারণে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করবে বলে মনে করেন সাঈদ খোকন।
‘চিকুনগুনিয়া: শুড উই ওরি’ শীর্ষক সেমিনারে চিকুনগুনিয়ার কারণ, লক্ষণ, উপসর্গ, চিকিৎসা, প্রতিরোধ ইত্যাদি বিষয়ে চারটি প্রবন্ধ উপস্থাপন করেন বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয়ের প্যাথলজি বিভাগের অধ্যাপক মোহাম্মদ কামাল, ভাইরোলজি বিভাগের অধ্যাপক সাইফ উল্লাহ মুন্সী, রিউমাটোলজি বিভাগের সহযোগী অধ্যাপক মো. আবু শাহীন এবং ইন্টারনাল মেডিসিন বিভাগের সহযোগী অধ্যাপক মো. তানভীর ইসলাম।
বিএসএমএমইউর উপাচার্য কামরুল হাসান খান বলেন, “চিকুনগুনিয়া নিয়ে আতঙ্কিত না হয়ে চিকিৎসকের পরামর্শ নিয়ে চিকিৎসাসেবা চালিয়ে যেতে হবে। এটি একটি মশাবাহিত রোগ হওয়ায় এই রোগের বিস্তার রোধে সিটি করপোরেশন অনেক বড় ভূমিকা পালন করতে পারে।”
সেমিনার পরিচালনা করেন শিশু হেমাটোলজি ও অনকোলজি বিভাগের চেয়ারম্যান চৌধুরী ইয়াকুব জামাল ও রিউমাটোলজি বিভাগের অধ্যাপক সৈয়দ আতিকুল হক।
