২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

সেন্ট্রাল হাসপাতালে ভাংচুরে জড়িতদের গ্রেপ্তার দাবি বিএমএর

চিকিৎসাধীন অবস্থায় ঢাকা বিশ্ববিদ্যালয়ের এক ছাত্রীর মৃত্যুর পর রাজধানীর সেন্ট্রাল হাসপাতালে ভাংচুরের ঘটনায় জড়িতদের গ্রেপ্তারের দাবি জানিয়েছে বাংলাদেশ মেডিকেল অ্যাসোসিয়েশন-বিএমএ।

জ্যেষ্ঠ প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 20 May 2017, 10:44 PM

Updated : 19 Aug 2022, 04:40 PM

ভুল চিকিৎসার অভিযোগ এনে হাসপাতালটিকে ভাংচুরের সঙ্গে সঙ্গে চিকিৎসকদের ওপরও হামলা হয়েছিল দাবি করে এক বিবৃতিতে হামলা ও ভাংচুরে জড়িতদের সাতদিনের মধ্যে গ্রেপ্তারের দাবি জানিয়েছে চিকিৎসকদের এ সংগঠন।

শনিবার বিএমএর এক বৈঠকের পর হামলা-ভাংচুরে জড়িতদের গ্রেপ্তার দাবিতে সাতদিনের কর্মসূচিও ঘোষণা করা হয়।

ঢাকা বিশ্ববিদ্যালয়ের প্রাণিবিদ্যা বিভাগের প্রথম বর্ষের ছাত্রী আফিয়া জাইন চৈতী বৃহস্পতিবার বিকালে চিকিৎসাধীন অবস্থায় মৃত্যুর পর ভুল চিকিৎসার অভিযোগে গ্রিন রোডের বেসরকারি হাসপাতালটিতে ভাংচুর চালায় চৈতীর সতীর্থরা।

চৈতীর মৃত্যুর জন্য সেন্ট্রাল হাসপাতাল কর্তৃপক্ষকে দায়ী করে তাদের অভিযোগ- বুধবার ডেঙ্গু জ্বর নিয়ে হাসপাতালটিতে ভর্তি হলেও তাকে ক্যান্সারের চিকিৎসা দেওয়া হয়।

এরপর ওইদিন রাতেই হাসপাতাল কর্তৃপক্ষের বিরুদ্ধে ‘অবহেলা’ ও ‘ভুল চিকিৎসার’ অভিযোগে হাসপাতালের পরিচালকসহ নয়জনকে একটি মামলা করে বিশ্ববিদ্যালয় প্রশাসন। মামলায় হাসপাতালের পরিচালক এম এ কাশেমকে গ্রেপ্তারের পর ইতোমধ্যে জামিন নিয়েছেন তিনি।

ভাংচুর ও মামলার নিন্দা জানিয়ে বিএমএ বলছে, চৈতী ‘একিউট মাইলয়েড লিম্ফোমা’ নামে এক ধরনের ব্লাড ক্যানসারে ভুগছিলেন। তিনি রোগটির এমন পর্যায়ে ভর্তি হয়েছিলেন যে হাসপাতাল কর্তৃপক্ষ এমনকি তার চিকিৎসাও শুরু করতে পারেনি।

হাসপাতালটির পরিচালককে উদ্ধারের কথা বলে পুলিশ তাকে গ্রেপ্তার দেখিয়েছিল দাবি করে বিবৃতিতে বলা হয়, “আমরা আইনের ঊর্ধ্বে নই। রোগী যদি ভুল চিকিৎসাতেই মারা গিয়ে থাকেন, তাহলে ময়নাতদন্ত ছাড়া কেন তার লাশ সমাহিত করা হল।”

সেন্ট্রাল হাসপাতালে হামলা-ভাংচুরের প্রতিবাদ ও জড়িতদের গ্রেপ্তার দাবিতে আন্দোলন কর্মসূচির মধ্যে ২১ মে থেকে ২৫ মে দায়িত্ব পালনের সময় কালো ব্যাজ ধারণের পাশাপাশি প্রতিদিন দুপুর ১২টা থেকে বেলা ১টা পর্যন্ত মানববন্ধন কর্মসূচি পালন করবেন চিকিৎসকরা।

এছাড়া ২৩ মে সারা দেশে নিজেদের প্রাইভেট চেম্বার বন্ধ রাখবেন চিকিৎসকরা।

আগামী ২৮ মে এ বিষয়ে পরবর্তী কর্মসূচি ঘোষণা করা হবে বলে বিবৃতিতে জানানো হয়।

পুরনো খবর:

‘ভুল চিকিৎসা’: সেন্ট্রাল হাসপাতাল পরিচালকের জামিন
‘ভুল চিকিৎসায়’ ঢাবি ছাত্রীর মৃত্যু, হাসপাতাল ভাঙচুর