তামাকে কর বৃদ্ধির দাবির প্রতি শিক্ষার্থীদের সংহতি প্রকাশ
তামাকে কর বাড়ানোর দাবির প্রতি সংহতি প্রকাশ করেছে শিক্ষার্থীরা।
ঢাকা আহ্ছানিয়া মিশন এবং ঢাকা রেসিডেনসিয়াল মডেল কলেজের যৌথ উদ্যোগে বুধবার রাজধানীর কলেজ গেইট এলাকায় মানববন্ধন করে এই সংহতি জানানো হয়।
ঢাকা আহছানিয়া মিশনের জনসংযোগ কর্মকর্তা সাইফুল ইসলাম বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, সিগারেটের মূল্যস্তরভিত্তিক কর-প্রথা বাতিল করে প্যাকেট প্রতি খুচরা মূল্যের কমপক্ষে ৭০ শতাংশ, বিড়ির প্যাকেট প্রতি খুচরা মূল্যের ৫০ শতাংশ এবং গুল-জর্দার ক্ষেত্রে ৫০ শতাংশ সুনির্দিষ্ট এক্সাইজ ট্যাক্স বাড়ানোর দাবি জানান তারা।
তামাকের ওপর আরোপিত স্বাস্থ্য উন্নয়ন সারচার্জ ১ শতাংশ থেকে বাড়িয়ে ২ শতাংশ নির্ধারণের দাবিও জানান কর্মসূচিতে অংশগ্রহণকারীরা।
মানববন্ধনে ঢাকা রেসিডেনসিয়াল মডেল কলেজের অধ্যক্ষ ব্রিগেডিয়ার জেনারেল মো. আব্দুল মান্নান ভূঁইয়া, ভাইস প্রিন্সিপাল নিশাদ হাসান, মনজুরুল হক, ড. মো. নুরুন নবী ও আসমা বেগম, ক্রীড়া শিক্ষক সুলতান উদ্দীন আহমদ, ঢাকা আহ্ছানিয়া মিশনের সহকারী পরিচালক ও তামাক নিয়ন্ত্রণ প্রকল্প সম্বনয়কারী মো. মোখলেছুর রহমান, একই প্রতিষ্ঠানের স্বাস্থ্য বিভাগের প্রধান ইকবাল মাসুদ, ঢাকা লিও ক্লাবের সদস্য এবং বিভিন্ন গণমাধ্যমের কর্মীরা উপস্থিত ছিলেন।
ঢাকা আহছানিয়া মিশনের জনসংযোগ কর্মকর্তা সাইফুল ইসলাম জানান, তারা তামাকজাত দ্রব্যের করবৃদ্ধির দাবিতে মাসব্যাপী ‘চাইলে উন্নয়ন জনস্বাস্থ্যের, চাইলে দেশের সমৃদ্ধি করতে হবে তামাকজাত দ্রব্যের করবৃদ্ধি’ এই স্লোগানে ক্যাম্পেইন কার্যক্রম পরিচালনা করছে।
