২৩ নভেম্বর ২০২৬, ০৮ অগ্রহায়ণ ১৪৩৩

র‌্যানসামওয়্যার: ‘যুদ্ধ করতে প্রয়োজন’ ডিজিটাল নিরাপত্তা আইন

ডিজিটাল নিরাপত্তা আইন প্রণয়নের পক্ষে যুক্তি তুলে ধরে আইনমন্ত্রী আনিসুল হক বলছেন, র‌্যানসামওয়্যারের মত ম্যালওয়্যারের বিরুদ্ধে যুদ্ধ করতে এই আইন প্রয়োজন।

জ্যেষ্ঠ প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 18 May 2017, 04:11 PM

Updated : 19 Aug 2022, 04:39 PM

বৃহস্পতিবার সচিবালয়ে বিচার বিভাগের কর্মকর্তাদের জন্য ১১টি গাড়ির চাবি হস্তান্তরের পর সাংবাদিকদের প্রশ্নে এ মন্তব্য করেন মন্ত্রী।

“সপ্তাহখানেক আগে র‌্যানসামওয়্যারের যে ঝামেলাটা, সেইসব সাইবার হাইস্টস, সাইবার ক্রাইম এবং সাইবার অ্যাটাক- এগুলোকে যদি আমরা কমব্যাট করতে যাই তবে (ডিজিটাল সিকিউরিটি) আইনের প্রয়োজন আছে।”

বিশ্বের শতাধিক দেশে কম্পিউটার ম্যালওয়্যার ‘র‌্যানসমওয়্যার’ ছড়িয়ে পড়ায় আক্রান্ত হয়েছে স্বাস্থ্য ও টেলিকমসহ বিভিন্ন খাতের বেশ কিছু বড় প্রতিষ্ঠানের নেটওয়ার্ক। বাংলাদেশেও অন্তত ৩০টির বেশি প্রতিষ্ঠানের ওয়েবসাইট আক্রান্ত হওয়ার খবর পাওয়া যায়।

আইসিটি অ্যাক্টের ৫৭ ধারা নিয়ে যেসব প্রশ্ন রয়েছে তা দূর করে ওই ধারাটি ‘ডিজিটাল সিকিউরিটি অ্যাক্টে’ যুক্ত করা হবে বলে আবারও জানিয়েছেন আইনমন্ত্রী।

তিনি বলেন, “দুবছর আগে বলেছিলাম আইসিটি অ্যাক্টের ৫৭ ধারা নিয়ে যেহেতু প্রশ্ন উঠেছে এবং কিছু কনফিউশন আছে, পাশাপাশি যখন ডিজিটাল সিকিউরিটি অ্যাক্ট নামে একটি নতুন আইন করা হচ্ছে, ৫৭ ধারার কনফিউশনগুলো দূর করে নতুন আইনে তার মধ্যে ব্যবস্থা রাখা হবে।

“ডিজিটাল সিকিউরিটি অ্যাক্টের ৫৭ ধারায় যে মিসগিভিংসগুলো ছিল সেগুলো দূর করে, পরিস্কার করে, ৫৭ ধারাকে নতুন আঙ্গিকে নতুন আইনে নতুন ধারা সংযোজন করা হবে; যেখানে আপনারা যে প্রশ্নটা তুলেছেন যে, ৫৭ ধারা বাকস্বাধীনতা হরণ করে সেই ব্যাপারে যেন কারো মনে দ্বিধাদ্বন্দ্ব না থাকে, কারো মনে যেন প্রশ্ন না ওঠে সেভাবে পরিস্কার করে এই ধারাটা এই আইনে সংযোজন করা হবে।”

আইসিটি অ্যাক্ট বিশেষ কারণে করা হয়েছিল জানিয়ে আনিসুল হক বলেন, “এখন আমরা সার্বিক দিক পর্যালোচনা করে দেখেছি যে ডিজিটাল সিকিউরিটি অ্যাক্ট বলে একটা আইন দেশে প্রয়োজন। অনেকের কাছে শুনেছি এ রকম আইনের কি আর প্রয়োজন আছে? তবে আন্তঃমন্ত্রণালয় সভায় সকলেরই মত এ রকম আইনের প্রয়োজন আছে।

“আইসিটি মন্ত্রণালয় এই আইন করবে। এখন আইন মন্ত্রণালয়ের লেজেসলেটিভ বিভাগে আছে। সেজন্য আমরা সব মন্ত্রণালয়ের সঙ্গে সভা করেছি। আরেকটা সভা আগামী মাসে হবে, এরপর স্টেকহোল্ডারদের সাথে সভা হবে। এসব সভা করার পরে এটার একটা রূপ দেওয়ার পরে এটা মন্ত্রিপরিষদে পাঠাব।”

আইনমন্ত্রী বলেন, “আমরা চেষ্টা করব ৫৭ ধারাকে আরও বিশদভাবে সিমপ্লিফাই করে, বোধগম্য করে এটাকে একটা ধারা হিসেবে আইনে রূপান্তর করা হবে এবং এটা যেন মিস ইউজ করা না যায় সেই ইম্লিমেন্টেশনের জায়গায় আমরা চেষ্টা করব এটা যেন মিস ইউজ না হতে পারে।

“মিস ইউজ করার চেষ্টা করলে, যারা বলছেন যে তাদের বাকস্বাধীনতা রুদ্ধ করা হচ্ছে, তারা যেন প্রতিকার পেতে পারেন সেই ব্যবস্থা করা হবে।”

আইসিটি অ্যাক্ট বহাল থাকার কথা তুলে ধরে আইনমন্ত্রী বলেন, “আইসিটি অ্যাক্টে যে মামলাগুলো হয়েছে সেগুলো এখনও চলমান ও তদন্তাধীন।

“আইসিটি অ্যাক্টে যেভাবে বলা আছে মামলা করা এবং মামলা তদন্ত করার নিয়ম… সেখানে কিন্তু যদি সেই আইনের বিষয়গুলো পুঙ্খানুপুঙ্খভাবে মানা হয়, আপনাদের অত্যন্ত দৃঢ়ভাবে বলতে পারি যে ৫৭ ধারা মিস ইউজ করার অবকাশ নাই। যদি আপনারা মনে করেন এটাকে মিস ইউজ করা হচ্ছে অবশ্যই আমাকে বলবেন আমি ব্যবস্থা করব।”

পুরনো খবর:

দেশে দেশে বড় ধরনের সাইবার হামলা
র‌্যানসমওয়্যারে বাংলাদেশে ‘আক্রান্ত ৩০’
র‍্যানসমওয়্যার: যা যা জানা দরকার