ইসলামিক আমেরিকান সামিটে যাচ্ছেন প্রধানমন্ত্রী
সৌদি বাদশাহ সালমান বিন আবদুল আজিজ আল-সৌদের আমন্ত্রণে ‘আরব ইসলামিক আমেরিকান সামিটে’ যোগ দিতে আগামী ২০ মে সৌদি আরবে যাচ্ছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।
আরব ও বিভিন্ন মুসলিম দেশের রাষ্ট্র ও সরকারপ্রধানরা ছাড়াও যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প আগামী ২১ মে রিয়াদে অনুষ্ঠেয় ওই সম্মেলনে যোগ দেবেন। এটাই হবে প্রেসিডেন্ট ট্রাম্পের প্রথম বিদেশ সফর।
পররাষ্ট্রমন্ত্রী এ এইচ মাহমুদ আলী বৃহস্পতিবার পররাষ্ট্র মন্ত্রণালয়ে এক সংবাদ ব্রিফিংয়ে বলেন, সম্মেলন উপলক্ষে আগামী ২০-২৩ মে সৌদি আরবে অবস্থান করবেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। সন্ত্রাসবাদ ও উগ্র জঙ্গিবাদের বিরুদ্ধে বাংলাদেশের দৃঢ় অবস্থানের কথা তিনি সেখানে তুলে ধরবেন।
“সৌদি বাদশাহর আমন্ত্রণে তিনি যাচ্ছেন। এই আমন্ত্রণ প্রধানমন্ত্রীর প্রাজ্ঞ নেতৃত্বের প্রতি আস্থার বহিঃপ্রকাশ। এই সফরের মধ্যে দিয়ে দুই দেশের দ্বিপক্ষীক সম্পর্ক আরও দৃঢ় হবে।”
সৌদি আরবের সাংস্কৃতিক ও তথ্যমন্ত্রী আওয়াদ বিন-সালেহ-আল-আওয়াদ গত ৯ মে ঢাকায় এসে প্রধানমন্ত্রীর সঙ্গে সাক্ষাত করে এই সম্মেলনের আমন্ত্রণপত্র হস্তান্তর করেন।
এ এইচ মাহমুদ আলী
“প্রধানমন্ত্রী সেখানে সন্ত্রাসের বিরুদ্ধে বাংলাদেশে সুদৃঢ় অবস্থান ও সাম্প্রতিক সাফল্য তুলে ধরার পাশাপাশি সন্ত্রাসবাদ ও উগ্র জঙ্গিবাদের বিরুদ্ধে আন্তর্জাতিক অঙ্গনে যৌথভাবে করণীয় বিভিন্ন প্রস্তাবনা পেশ করবেন।”
সন্ত্রাস ও উগ্রবাদের বিরুদ্ধে লড়াইয়ে সৌদি আরবের নেতৃত্বে ৩৪ মুসলিম দেশের সামরিক জোটে বাংলাদেশের যোগদান নিয়ে এক প্রশ্নের জবাবে পররাষ্ট্রমন্ত্রী বলেন, “এটার নাম গ্লোবাল সেন্টার ফর কমব্যাটিং এক্সট্রিমিস্ট থটস। এটাকে জোট বলাটা প্রি ম্যাচিউরড। এটা বিকাশমান। আমরা মনে করি, মধ্যপ্রাচ্যে যে বিদ্রোহ হানাহানি হচ্ছে, তা শেষ হওয়া দরকার। জনগণ যেন যার যার দেশে নিজস্ব সামর্থ্য অনুযায়ী চিন্তাভাবনা অনুযায়ী কাজ করতে পারে।”
আপতত এই জোটে তথ্য বিনিময় ও গবেষণার কাজে বাংলাদেশ অংশ নেবে। তবে বাংলাদেশের ‘সংখ্যাগরিষ্ঠের ভক্তি ও ভালবাসার জায়গা’ মক্কা-মদিনা হুমকির মুখে পড়লে বাংলাদেশ সেখানে সৈন্যও পাঠাবে বলে পররাষ্ট্রমন্ত্রী জানান।
তিনি বলেন, প্রধানমন্ত্রী ২২ মে মদিনায় রওজা জিয়ারত ও মক্কায় ওমরা পালন শেষে ২৩ মে সকালে জেদ্দা থেকে ঢাকার উদ্দেশ্যে রওনা হবেন।
অন্যদের মধ্যে পররাষ্ট্র প্রতিমন্ত্রী শাহরিয়ার আলম ও পররাষ্ট্র সচিব শহীদুল হক এই ফ্রিফিংয়ে উপস্থিত ছিলেন।
