জিজ্ঞাসাবাদে ‘বিমর্ষ’ হয়ে পড়েন দিলদার
শুল্ক গোয়েন্দা কর্মকর্তাদের জিজ্ঞাসাবাদে আপন জুয়েলার্সের মালিক দিলদার আহমেদ মানসিকভাবে অনেকটাই ‘ভেঙে পড়েছিলেন’ বলে জানিয়েছেন সে সময় উপস্থিত একজন কর্মকর্তা।
আপন জুয়েলার্সের তিন মালিক দিলদার ও তার দুই ভাই গুলজার আহমেদ ও আজাদ আহমেদকে শুল্ক গোয়েন্দা ও তদন্ত অধিদপ্তরের কার্যালয়ে বুধবার বেলা ১২টা থেকে বিকাল ৫টা পর্যন্ত জিজ্ঞাসাবাদ করা হয়।
পরে রাতে অধিদপ্তরের মহাপরিচালক মইনুল খান বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, “জিজ্ঞাসাবাদের সময় দিলদার আহমেদ মানসিকভাবে অনেকটাই ভেঙে পড়েন। তাকে খুব বিধ্বস্ত আর বিমর্ষ দেখাচ্ছিল। খুব অনুতপ্তও মনে হচ্ছিল।
মঈনুল খান বলেন, দিলদারের ধারণা ধর্ষণ মামলায় গ্রেপ্তার ছেলে সাফাত আহমেদের কারণেই তাকে এই জিজ্ঞাসাবাদের মুখোমুখি হতে হচ্ছে। আপন জুয়েলার্সের দীর্ঘদিনের ব্যবসায়িক সুনাম রয়েছে বলে তার ভাষ্য।
“তবে শুল্ক গোয়েন্দারা তাকে সুনির্দিষ্ট অভিযোগেই কার্যালয়ে ডেকেছে। তার বিভিন্ন দোকানের সোনা ও ডায়মন্ডের কোনো বৈধ কাগজপত্রও তিনি দেখাতে পারেননি।”
আপন জুয়েলার্সের অন্যতম মালিক দিলদারের ছেলে সাফাত আহমেদ ও তার বন্ধুরা গত ২৮ মার্চ বনানীর রেইনট্রি হোটেলে জন্মদিনের দাওয়াতে ডেকে নিয়ে দুই বিশ্ববিদ্যালয় ছাত্রীকে ধর্ষণ করে বলে গত ৬ মে থানায় মামলা হয়।
দিলদার ও তার ভাইদের বিরুদ্ধে সোনা চোরাচালানের অভিযোগ থাকায় জাতীয় রাজস্ব বোর্ডের নির্দেশে একটি অনুসন্ধান কমিটি করে তদন্ত শুরু করে শুল্ক গোয়েন্দা অধিদপ্তর। এর অংশ হিসেবে গত ১৪ ও ১৫ মে ঢাকায় আপন জুয়েলার্সের পাঁচটি শাখায় অভিযান চালিয়ে সোনা ও হীরার গয়না ‘আটক’ করা হয়, যার মোট দাম ১৭৯ কোটি টাকা।
আরও কয়েকটি প্রতিষ্ঠানের বিরুদ্ধে একই অভিযোগ রয়েছে বলে জানান মঈনুল খান।
“সেগুলো যাচাই-বাছাই করে আইন অনুযায়ী ব্যবস্থা নেওয়া হবে।যেহেতু গোয়েন্দা তথ্য রয়েছে তাই ওই সব প্রতিষ্ঠানের নাম অভিযোগ প্রমাণের আগে প্রকাশ করা ঠিক হবে না,” বলেন তিনি।
বুধবার বেলা পৌনে ১২টার দিকে শুল্ক গোয়েন্দা অধিদপ্তরের কাকরাইল কার্যালয়ে আসেন দিলদার আহমেদ। এরপর প্রায় আধা ঘণ্টা সেখানে অপেক্ষা করেন তিনি।
জিজ্ঞাসাবাদ শুরুর পর দুপুর দেড়টা থেকে আধা ঘন্টা বিরতি দেওয়া হয়।দ্বিতীয় দফা জিজ্ঞাসাবাদ চলার মধ্যে বিকেল ৪টায় উপস্থিত সাংবাদিকদের ‘চিকেন বিরিয়ানি’ খাওয়ার ব্যবস্থা করে শুল্ক গোয়েন্দা অধিদপ্তর।
এরপর বিকাল ৫টার কিছু সময় পর অধিদপ্তরের মহাপরিচালক মইনুল খানের কক্ষ থেকে দিলদার আহমেদরা তিন ভাই বেরিয়ে এলে সাংবাদিকরা তাকে ঘিরে ধরেন।
ওই সময় কয়েকজন শুল্ক গোয়েন্দা কর্মকর্তা দিলদার আহমেদকে দ্রুত লিফটে তুলে দিতে চাইলেও তিনি সাংবাদিকদের উদ্দেশ্য করে বলেন, “আপনারা কী জানতে চান বলেন। আমি আপনাদের সঙ্গে কথা বলব।”
শুল্ক গোয়েন্দারা বিক্রয় কেন্দ্রের ভল্টে গয়না সিলগালা করে রাখায় ব্যবসা করতে পারছেন না বলে অভিযোগ করেন আপন জুয়েলার্সের মালিকরা।
দিলদার বলেন, “ব্যক্তিগতভাবে আমার দোকান বন্ধ হলে সারাদেশে সবার দোকান বন্ধ করা উচিত। আমি জুয়েলার্স সমিতির সেক্রেটারি ছিলাম। অনেক নীতিমালা করতে চেয়েও পারিনি। এখানে নীতিমালা থাকা দরকার, জবাবদিহি থাকা দরকার।”
আগামী ২৩ এপ্রিল আপন জুয়েলার্সের মালিকদের আটক সোনা ও হীরার বৈধ কাগজপত্র নিয়ে শুল্ক গোয়েন্দা কার্যালয়ে ফের হাজির হতে বলা হয়েছে।
