বাসাবাড়িসহ সব জায়গায় নারীর অবদানের স্বীকৃতি দাবি
নারীর ক্ষমতায়ন নিশ্চিত করতে বাসাবাড়ি, সমাজ ও কর্মক্ষেত্রে তাদের অবদানের স্বীকৃতি দিতে হবে বলে একটি গোলটেবিল বৈঠকের বক্তারা দাবি করেছেন।
এসডিজি বাস্তবায়নে নারীর ভূমিকা শীর্ষক এ গোলটেবিল আলোচনা সম্প্রতি ঢাকায় অনুষ্ঠিত হয়।
লিডারশিপ এক্সিলেন্স অ্যান্ড ডেভেলপমেন্ট (এলইএডি), বাংলাদেশ ফেডারেশন অব উইমেন এন্ট্রাপ্রিনিয়ার্স এবং জান্তা ইন্টারন্যাশনাল যৌথভাবে এ গোলটেবিল বৈঠকের আয়োজন করে।
আয়োজকদের এক সংবাদ বিজ্ঞপ্তিতে অনুষ্ঠানের বিষয়ে জানানো হয়।
অনুষ্ঠানে বলা হয়, টেকসই উন্নয়নের লক্ষ্যমাত্রা নিশ্চিত করতে হলে সম্পদে নারীর অধিকার, সমাজ সুযোগ এবং দক্ষতাভিত্তিক শিক্ষা-প্রশিক্ষণ নিশ্চিত করতে হবে। তবেই কেবল নারীর ক্ষমতায়ন সম্ভব হবে।
গোলটেবিল বৈঠকে উপস্থিত ছিলেন লামুদি বাংলাদেশের কো-ফাউন্ডার ও ব্যবস্থাপনা পরিচালক অ্যান মারিয়া হারমেনস।
তিনি বলেন, “কর্মক্ষেত্রের বাইরের অনেক বিষয়ের ওপর কর্মক্ষেত্রের সফলতা নির্ভর করে। আমাদেরকে এমন একটি পরিবেশ সৃষ্টি করতে হবে যেখানে নারীরা নিরাপদ, সমতা ও সক্ষমতা বোধ করবে। তবেই তারা একটি কাঙ্ক্ষিত ক্যারিয়ারের তৈরি করতে পারবে।”
