২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

বঙ্গবন্ধু মেডিকেলের ১৩৮ চিকিৎসকের বিষয়ে সিদ্ধান্ত রোববার

এগার বছর আগে বিএনপি-জামায়াত জোট সরকারের সময়ে বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয়ে (বিএসএমএমইউ) নিয়োগ পাওয়া ১৩৮ জন চিকিৎসক দায়িত্বে ফিরতে পারবেন কি না সেই সিদ্ধান্ত জানা যাবে রোববার।

নিজস্ব প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 17 May 2017, 01:46 PM

Updated : 11 Oct 2022, 02:01 PM

নিয়োগ অবৈধ ঘোষণা করে হাই কোর্টের দেওয়া রায়ের বিরুদ্ধে এই চিকিৎসকদের করা পাঁচটি আপিলের শুনানি শেষে প্রধান বিচারপতি সুরেন্দ্র কুমার সিনহার নেতৃত্বাধীন আপিল বিভাগের পাঁচ সদস্যের বেঞ্চ বুধবার আদেশের এই দিন ঠিক করে দেয়।

আদালতে চিকিৎসকদের পক্ষে শুনানি করেন জ্যেষ্ঠ আইনজীবী ড. কামাল হোসেন, এম আমীর উল ইসলাম ও কামরুল হক সিদ্দিকী। সঙ্গে ছিলেন শরীফ ভূঁইয়া ও তানিম হোসেইন শাওন।

অন্যদিকে বিএসএমএমইউর পক্ষে শুনানি করেন জ্যেষ্ঠ আইনজীবী মাহবুবে আলম ও তানজিব উল আলম।

২০০৫ সালের ১৮ অক্টোবর চিকিৎসক নিয়োগের বিজ্ঞপ্তি দেয় বিএসএমএমইউ কর্তৃপক্ষ। এর ধারাবাহিকতায় ২০০৫ সালের ডিসেম্বর থেকে ২০০৬ সালের জানুয়ারি পর্যন্ত কয়েক শ চিকিৎসককে নিয়োগ দেওয়া হয়।

ওই বিজ্ঞপ্তির বৈধতা চ্যালেঞ্জ করে হাই কোর্টে রিট আবেদন করেন স্বাধীনতা চিকিৎসক পরিষদের (স্বাচিপ) বর্তামান সভাপতি অধ্যাপক এম ইকবাল আর্সলান।

ওই রিটের চূড়ান্ত শুনানি শেষে ২০১০ সালের ১৪ ডিসেম্বর হাই কোর্ট ওই নিয়োগ বিজ্ঞপ্তি অবৈধ ঘোষণা করে রায় দেয়। হাই কোর্টের ওই রায়ের বিরুদ্ধে নিয়োগপ্রাপ্ত চিকিৎসকরা লিভ টু আপিল চাইলে আপিল বিভাগ গত বছরের ২২ ফেব্রুয়ারি তা খারিজ করে হাই কোর্টে রায় বহাল রাখে।

এরপর ওই খারিজের আদেশ পুনর্বিবেচনার (রিভিউ) জন্য ১১০ জন চিকিৎসক আবার আবেদন করেন। এই আবেদনের শুনানি নিয়ে গত বছরের ৪ সেপ্টেম্বর আপিল বিভাগ তা গ্রহণ করে আপিল করার অনুমতি দেয়।

এরপর ১৩৮ জন চিকিৎসক পৃথক পাঁচটি আপিল করেন, যার ওপর শুনানি সোমবার শেষ হল।

আবেদনকারীদের আইনজীবী তানিম হোসেইন শাওন পরে সাংবাদিকদের বলেন, ২০১৬ সালের মার্চ থেকে এই চিকিৎসকরা বেতন পাচ্ছেন না। ওই বছরের এপ্রিল থেকে তাদের হাজিরা খাতাতেও সই করতে দেওয়া হচ্ছে না।