২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

‘নারীর নিরাপদ জীবন যাপনের দায়িত্ব রাষ্ট্রকেই নিতে হবে’

সাম্প্রতিক কয়েকটি ধর্ষণের ঘটনার পরিপ্রেক্ষিতে নারীর নিরাপদ জীবন যাপন রাষ্ট্রকে নিশ্চিত করার দাবি জানিয়েছে সিপিবি ও বাসদ।

নিজস্ব প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 16 May 2017, 10:49 PM

Updated : 19 Aug 2022, 04:37 PM

মঙ্গলবার জাতীয় প্রেস ক্লাবের সামনে সিপিবির নারী সেল এবং বাসদের সহযোগী সংগঠন সমাজতান্ত্রিক মহিলা ফোরামের এক সমাবেশ থেকে এই দাবি জানানো হয়।

সমাবেশে বক্তারা সারাদেশে নারী নির্যাতনের হার বেড়ে যাওয়ায় উদ্বেগ প্রকাশ করে বলেন, একটি নারী নির্যাতনের ঘটনার যদি দৃষ্টান্তমূলক বিচার এবং কঠোর শাস্তি হত, তাহলে নির্যাতকরা পরবর্তী ঘটনা ঘটাতে সাহস পেত না।

বনানীতে দুই তরুণী ধর্ষণের প্রেক্ষাপটে রাষ্ট্র, সরকারি বাহিনী, আইন শৃঙ্খলাবাহিনী ধর্ষণকারীর পক্ষ নিচ্ছে বলেও অভিযোগ করেন সিপিবি ও বাসদের নারী নেতারা।

তারা বলেন, একটি সমাজে নারীর কী অবস্থান হবে তা আসলে নির্ভর করে রাষ্ট্রের দৃষ্টিভঙ্গির উপর। কাজেই নারীর নিরাপত্তার দায়িত্ব এবং নারী-পুরুষ সমতার দায়িত্ব রাষ্ট্রকেই নিতে হবে। 
নারী নির্যাতনের বিরুদ্ধে সরব হতে সব নারীদের প্রতি আহ্বান জানান তারা। এক্ষেত্রে সমাজের প্রগতিশীল অংশকে সঙ্গী করে আন্দোলনের আহ্বানও তারা জানান।

সমাজতান্ত্রিক মহিলা ফোরামের সাধারণ সম্পাদক শম্পা বসুর সভাপতিত্বে এবং সিপিবি নেতা লাকী আক্তারের পরিচালনায় সমাবেশে বক্তব্য রাখেন সিপিবির মাকসুদা আক্তার লাইলী, লুনা নূর, জলি তালুকদার, সমাজতান্ত্রিক মহিলা ফোরামের শামসুন্নাহার জোৎস্না, রুখসানা আফরোজ আশা।