২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

প্রাথমিক অষ্টমে উন্নীত করতে কমিটি

জাতীয় শিক্ষানীতি বাস্তবায়নের বিষয়ে সুপারিশ দিতে শিক্ষা মন্ত্রণালয় এবং প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয়ের কর্মকর্তাদের নিয়ে একটি কমিটি করেছে সরকার।

জ্যেষ্ঠ প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 16 May 2017, 08:49 PM

Updated : 19 Aug 2022, 04:37 PM

এই কমিটির সুপারিশ প্রধানমন্ত্রীর অনুমোদন পেলে প্রাথমিক শিক্ষার স্তর অষ্টম শ্রেণিতে উন্নীতে শিক্ষা মন্ত্রণালয় মন্ত্রিসভায় প্রস্তাব পাঠাবে বলে সিদ্ধান্ত হয়েছে।

সচিবালয়ে মঙ্গলবার শিক্ষামন্ত্রী নুরুল ইসলাম নাহিদ, প্রাথমিক ও গণশিক্ষামন্ত্রী মোস্তাফিজুর রহমান ফিজার, মাধ্যমিক ও উচ্চ শিক্ষা বিভাগের সচিব মো. সোহরাব হোসাইন, কারিগরি ও মাদ্রাসা শিক্ষা বিভাগের সচিব মো. আলমগীর, প্রাথমিক ও গণশিক্ষা সচিব মোহাম্মদ আসিফ-উজ-জামানসহ শিক্ষা বিভাগের শীর্ষ কর্মকর্তাদের উপস্থিতিতে এক সভায় এসব সিদ্ধান্ত হয়।

সভা শেষে শিক্ষামন্ত্রী বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, “শিক্ষানীতি বাস্তায়নের বিষয়ে আমরা আলোচনা করেছি, এটা চলমান বিষয়। ক্যাবিনেটের সিদ্ধান্ত না হওয়া পর্যন্ত যেটা যেভাবে আছে সেভাবে চলতে থাকবে।”

শিক্ষানীতি বাস্তাবায়নে সুপারিশ দিতে কারিগরি ও মাদ্রাসা বিভাগের সচিব মো. আলমগীরকে প্রধান করে একটি কমিটি করা হয়েছে বলে জানান নাহিদ।

শিক্ষা মন্ত্রণালয় এবং প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয়ের একজন করে অতিরিক্ত সচিব ও একজন করে যুগ্ম-সচিব, মাধ্যমিক ও উচ্চ শিক্ষা অধিদপ্তরের মহাপরিচালক, প্রাথমিক শিক্ষা অধিদপ্তরের মহাপরিচালক, মাধ্যমিক ও উচ্চ শিক্ষা বিভাগ এবং মাদ্রাসা ও কারিগরি শিক্ষা বিভাগের একজন করে প্রতিনিধিক এই কমিটিতে রাখা হয়েছে বলে জানান শিক্ষামন্ত্রী।

নাহিদ বলেন, “চলমান কাজকে আরও নির্দিষ্ট করার জন্য একটা পদক্ষেপ নেওয়া দরকার, কমিটি করে দিয়েছি। তারা কাজ করতে থাকবে, যখন যে বিষয়ে তারা সুপারিশ করবেন সে বিষয়ে আমরা বসে ঠিক করব। তারা আগে থেকে বলবেন যে কোন কোন বিষয়ে কি করা ‍উচিত।”

মন্ত্রিসভা অন্য কোনো সিদ্ধান্ত না দেওয়া পর্যন্ত পঞ্চমের সমাপনী পরীক্ষা চলতে থাকবে বলেও জানান নাহিদ।

প্রাথমিক শিক্ষার স্তর অষ্টম শ্রেণিতে উন্নীতে মন্ত্রিসভায় কোন মন্ত্রণালয় প্রস্তাব পাঠাবে- এমন প্রশ্নে সরাসরি উত্তর না দিয়ে নাহিদ বলেন, “কমিটি কাজ করে বলতে পারে এটা প্রস্তাব দেন, পাস করিয়ে আনেন বা প্রস্তাব দেওয়ার দরকার নেই, এটা বাস্তবায়িত করেন।”

তবে সভায় উপস্থিত গণশিক্ষা মন্ত্রণালয়ের একজন কর্মকর্তা নাম প্রকাশ না করার শর্তে জানান, প্রাথমিক শিক্ষার স্তর অষ্টম শ্রেণিতে উন্নীতে শিক্ষা মন্ত্রণালয় মন্ত্রিসভায় প্রস্তাব পাঠাবে বলে সভায় সিদ্ধান্ত হয়েছে।

দুই মন্ত্রণালয়ের কর্মকর্তাদের নিয়ে গঠিত কমিটি ‘নিয়মিত বিশ্লেষণ করবে’ জানিয়ে নাহিদ বলেন, চলমান প্রক্রিয়া হিসেবে এই কমিটি কাজ করবে। প্রাথমিক অষ্টমে উন্নীত একটি বিষয়, এর মধ্যে আরও অনেক বিষয় আছে।

“ভবিষ্যতে অষ্টম শ্রেণি পর্যন্ত সবাইকে বাধ্যতামূলকভাবে বিনামূল্যে পড়ানো হবে, সেই জায়গায় আমরা যাব।”

গণশিক্ষা মন্ত্রণালয়ের ওই কর্মকর্তা বলেন, শিক্ষা মন্ত্রণালয় এর আগে অষ্টম শ্রেণি পর্যন্ত গণশিক্ষা মন্ত্রণালয়ের অধীন বাধ্যতামূলক প্রাথমিক শিক্ষা বাস্তবায়ন পরিবীক্ষন ইউনিটের কাছে হস্তান্তর করলেও মঙ্গলবারের সভার মধ্য দিয়ে তা আবার শিক্ষা মন্ত্রণালয়ের অধীনে নেওয়া হয়েছে।

জাতীয় শিক্ষানীতিতে ২০১৮ সালের মধ্যেই প্রাথমিক শিক্ষার স্তর অষ্টম শ্রেণিতে উন্নীতের লক্ষ্য নির্ধারিত আছে।

শিক্ষাবিদদের উপস্থিতিতে গত বছরের ১৮ মে শিক্ষানীতি বাস্তবায়ন সংক্রান্ত সভায় শিক্ষামন্ত্রী এবং গণশিক্ষামন্ত্রী প্রাথমিক শিক্ষাকে অষ্টম শ্রেণি পর্যন্ত উন্নীত করে তা গণশিক্ষা মন্ত্রণালয়ের অধীনে ন্যস্তের চূড়ান্ত সিদ্ধান্ত দেন।

এরপর প্রাথমিক শিক্ষা অষ্টম শ্রেণিতে উন্নীত হওয়ার কথা জানিয়ে গত ২১ জুন গণশিক্ষামন্ত্রী বলেন, ২০১৬ সাল থেকেই পঞ্চম শ্রেণিতে আর সমাপনী পরীক্ষা হবে না।

গণশিক্ষা মন্ত্রণালয় পঞ্চম শ্রেণির সমাপনী পরীক্ষা উঠিয়ে দেওয়ার সিদ্ধান্ত নিলেও গত ২৭ জুন মন্ত্রিসভা তাতে সায় না দিয়ে পরবর্তী সিদ্ধান্ত না দেওয়া পর্যন্ত পঞ্চম ও অষ্টমের সমাপনী পরীক্ষা অব্যাহত রাখার সিদ্ধান্ত দেয়।

প্রাথমিক শিক্ষার স্তর অষ্টম শ্রেণি পর্যন্ত উন্নীত না হওয়ার কথা জানিয়ে সব ধরনের প্রস্তুতি নিয়েও জেএসসি-জেডিসি পরীক্ষা শুরুর দশ দিন আগে গত ২০ অক্টোবর ফিজার জানান, প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয় জেএসসি-জেডিসি পরীক্ষার দায়িত্ব নেবে না। পরে নির্ধারিত সময়েই জেএসসি-জেডিসি পরীক্ষা নেয় শিক্ষা মন্ত্রণালয়।

মাধ্যমিক ও উচ্চ শিক্ষা অধিদপ্তরের মহাপরিচালক এস এম ওয়াহিদুজ্জামান, প্রাথমিক শিক্ষা অধিদপ্তরের মহাপরিচালক আবু হেনা মোস্তফা কামাল, ঢাকা শিক্ষা বোর্ডের চেয়ারম্যান অধ্যাপক মাহবুবুর রহমান, জাতীয় শিক্ষাক্রম ও পাঠ্যপুস্তক বোর্ডের চেয়ারম্যান নারায়ন চন্দ্র সাহা ছাড়াও মাদ্রাসা শিক্ষা অধিদপ্তরের মহাপরিচালক, ব্যানেবেইস পরিচালকসহ সভায় উপস্থিত ছিলেন।