জঙ্গি দমনে আরও সতর্ক হবে পুলিশ: আইজিপি
অতীতের ভুল থেকে শিক্ষা নিয়ে ভবিষ্যতে জঙ্গি দমনে আরও সতর্ক হওয়ার কথা বলেছেন পুলিশের মহাপরিদর্শক এ কে এম শহীদুল হক।
পুলিশ বাহিনী জঙ্গি দমনে আগের চেয়ে বেশি দক্ষতা ও অভিজ্ঞতা অর্জন করেছে বলেও দাবি করেন তিনি।
মঙ্গলবার দুপুরে রাজধানীতে পুলিশ সদরদপ্তরে সম্প্রতি রাজশাহীতে জঙ্গি বিরোধী অভিযানে নিহত ফায়ার সার্ভিসের এক কর্মীর পরিবারকে আর্থিক সহায়তা দেওয়ার পর শহীদুল হক এসব কথা বলেন।
পুলিশ সদরদপ্তরের সম্মেলন কক্ষে আয়োজিত অনুষ্ঠানে জঙ্গি বিরোধী অভিযানে নিহত ফায়ারম্যান আব্দুল মতিনের পরিবারের সদস্যদের হাতে অনুদানের ১০ লাখ টাকার চেক তুলে দেন শহীদুল হক।
এছাড়া ওইদিন জঙ্গিদের হামলায় আহত পাঁচ পুলিশ সদস্যকেও অর্থ সহায়তার পাশাপাশি সম্মাননা জানানো হয়।
এর মধ্যে আব্দুল মতিনের স্ত্রী তানজিলা বেগমকে সাত লাখ এবং মা বাদেনুর নেছাকে তিন লাখ টাকা দেওয়া হয়।মতিনের স্ত্রী নিজে এবং মায়ের পক্ষে নিহতের ছোট ভাই মো. মোস্তাকীম এ অর্থ বুঝে নেন।মতিনের মেয়ে জেসমিন আক্তার ও ছেলে আব্দুল আল মারুফও এসময় উপস্থিত ছিলেন।
অনুদান পাওয়া পাঁচ পুলিশ সদস্য হলেন- অতিরিক্ত পুলিশ সুপার সুমিত চৌধুরী, এএসআই উৎপল কুমার, এএসআই মো. আহসান হাবীব, কনস্টেবল মো. আবু সাঈদ ও কনস্টেবল মো. তাইজুল ইসলাস।
গত ১১ মে রাজশাহীর গোদাগাড়ী উপজেলার বেনীপুরে এক জঙ্গি আস্তানায় অভিযানে জঙ্গিদের ধারালো অস্ত্রের আঘাতে নিহত হন আব্দুল মতিন। এ সময় পুলিশের পাঁচ সদস্যও আহত হন। ওইদিনের অভিযানের এক পরিবারের পাচজনও নিহত হন।
রাজশাহীর অভিযানের কথা তুলে ধরে শহীদুল হক বলেন, যুদ্ধক্ষেত্রে শুধু এক পক্ষেরই ক্ষয়ক্ষতি হয় না।এটাও এমন একটি ঘটনা।
পুলিশ প্রধান বলেন, “গোদাগাড়ীতে ঘটনার দিন রাতে ঢাকা থেকে আমি নিয়মিত খোঁজখবর রেখেছি। অভিযানে অংশ নেওয়া আমাদের সব সদস্যকে সতর্ক হয়ে কাজ করতে বার বার বলেছি।
“তারাও চেষ্টা করেছে, কিন্তু শেষ মুহূর্তে জঙ্গিরা সুইসাইডাল ভেস্ট নিয়ে বিস্ফোরণ ঘটিয়ে হামলা চালায়। আমাদের সদস্যরা কাছাকাছি থাকার কারণে এই ঘটনা ঘটেছে।”
আইন-শৃঙ্খলা রক্ষার দায়িত্বে থাকা সব বাহিনী একে অন্যের সহযোগিতায় দেশ থেকে জঙ্গিবাদ নির্মূলে প্রতিজ্ঞাবদ্ধ বলেও জানান শহীদুল হক।
অনুষ্ঠানে ফায়ার সার্ভিস অ্যান্ড সিভিল ডিফেন্সের মহাপরিচালক অবসরপ্রাপ্ত ব্রিগেডিয়ার জেনারেল আলী আহাম্মেদ খান বলেন, “জঙ্গিবাদের মতো বড় সমস্যার বিরুদ্ধে আমরা সবাই একসঙ্গে কাজ করছি। এই কাজ করতে গিয়ে আমাদের নিহত সদস্যের পরিবারকে পুলিশের পক্ষ থেকে যে সহযোগিতা করা হয়েছে তা প্রশংসনীয়।”
ভবিষ্যতে জঙ্গি দমনে অন্য বাহিনীর সঙ্গে ফায়ার সার্ভিস প্রয়োজনীয় সব সহায়তা দিয়ে যাবে বলেও জানান আলী আহাম্মেদ।
অন্যদের মধ্যে রাজশাহী রেঞ্জের ডিআইজি এম খুরশিদ হোসেন অনুষ্ঠানে উপস্থিত ছিলেন।
