২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

সাত খুন: ফাঁসির ৫ আসামির পক্ষে আইনজীবী নিয়োগে নির্দেশ

নারায়ণগঞ্জের আলোচিত সাত খুনের দুই মামলায় মৃত্যুদণ্ডপ্রাপ্ত পলাতক ৫ আসামির পক্ষে একসপ্তাহের মধ্যে আইনজীবী নিয়োগ দিতে নির্দেশ দিয়েছে হাই কোর্ট।

নিজস্ব প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 16 May 2017, 08:20 PM

Updated : 11 Oct 2022, 02:01 PM

পুরনো খবর:

সাত খুন: হাই কোর্টে শুনানির জন্য পেপারবুক প্রস্তুত

বিচারপতি জাহাঙ্গীর হোসেন সেলিম ও বিচারপতি মো. জাহাঙ্গীর হোসেনের হাই কোর্ট বেঞ্চ আইন মন্ত্রণালয়ের সলিসিটর উইংকে এ নির্দেশ দেয়।

আদালতে রাষ্ট্রপক্ষে শুনানিতে অংশ নেন ডেপুটি অ্যাটর্নি জেনারেল জহিরুল হক জহির ও সহকারী অ্যাটর্নি জেনারেল আতিকুল হক খান।

আতিকুল পরে বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, গত ১১ মে সাত খুন মামলার মৃত্যুদণ্ডপ্রাপ্ত পলাতক আসামিদের পক্ষে রাষ্ট্রকর্তৃক আইনজীবী নিয়োগের আদেশের জন্য মামলাটি কার্যতালিকায় আসে।

“আজ আদালত আইন মন্ত্রণালয়ের সলিসিটর উইংকে নির্দেশ দিয়েছেন, আগামী সাত দিনের মধ্যে মৃতুদণ্ডপ্রাপ্ত পলাতক ৫ আসামির পক্ষে আইনজীবী নিয়োগ দিতে।”

মৃত্যুদণ্ডপ্রাপ্ত পলাতক আসামিরা হলেন- সৈনিক মহিউদ্দিন মুন্সী, সৈনিক আলামিন শরীফ ও সৈনিক তাজুল ইসলাম এবং ভারতে গ্রেপ্তার নূর হোসেনের তিন সহযোগীর মধ্যে সানাউল্লাহ সানা ও শাহজাহান।

গত ১৬ জানুয়ারি চাঞ্চল্যকর সাত খুনের দুই মামলার রায়ে নূর হোসেন ও র‌্যাব থেকে বরখাস্ত তিন ঊর্ধ্বতন কর্মকর্তাসহ ২৬ জনকে মৃত্যুদণ্ড ও ৯ জনকে বিভিন্ন মেয়াদে কারাদণ্ড দেয় নারায়ণগঞ্জের জেলা ও দায়রা জজ আদালত।

এরপর মামলার ডেথ রেফারেন্স (মৃত্যুদণ্ড অনুমোদন) ও পেপারবুক (মামলার সারসংক্ষেপ) প্রস্তুত হওয়ার পর  বিজি প্রেস থেকে ৭ মে হাই কোর্টে পাঠানো হয়।

মৃত্যুদণ্ডপ্রাপ্ত আসামিদের মধ্যে হাই কোর্টে নিয়মিত আপিল ও জেল আপিল করেছেন প্রধান আসামি নারায়ণগঞ্জ সিটি করপোরেশনের সাবেক কাউন্সিলর নূর হোসেন এবং র‌্যাব-১১ এর চাকরিচ্যুত সাবেক অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল (অব.) তারেক সাঈদ মুহাম্মদ, মেজর (অব.) আরিফ হোসেন ও লেফটেন্যান্ট কমান্ডার (অব.) মাসুদ রানা, র‌্যাবে নিযুক্ত চাকরিচ্যুত হাবিলদার মো. এমদাদুল হক, ল্যান্সনায়েক বেলাল হোসেন, সিপাহী আবু তৈয়্যব আলী, কনস্টেবল শিহাব উদ্দিন, এসআই পূর্ণেন্দু বালা ও সিপাহী আসাদুজ্জামান নূর।

আপিল করেছেন র‌্যাবের চাকরিচ্যুত সার্জেন্ট এনামুল কবির, ল্যান্স নায়েক হীরা মিয়া ও আরওজি-১ এ বি মো. আরিফ হোসেন, মূর্তজা জামান চার্চিল, আলী মোহাম্মদ, মিজানুর রহমান দিপু, আবুল বাশার, রহম আলী, জামাল উদ্দিন সরদার ও সৈনিক আবদুল আলীম।

বিচারিক আদালতের রায়ে বিভিন্ন মেয়াদে কারাদণ্ড পাওয়া ৯ জনও র‌্যাব থেকে বরখাস্ত হওয়া কর্মকর্তা ও সদস্য।

তাদের মধ্যে কনস্টেবল (পরে এএসআই পদে পদোন্নতি পেয়ে নৌ-থানায় কর্মরত) হাবিবুর রহমানকে ১৭ বছর, এসআই আবুল কালাম আজাদ, এএসআই কামাল হোসেন, কনস্টেবল বাবুল হাসান, কর্পোরাল মোখলেসুর রহমান, ল্যান্স কর্পোরাল রুহুল আমিন ও সিপাহী নুরুজ্জামানকে ১০ বছর এবং এএসআই বজলুর রহমান ও হাবিলদার নাসির উদ্দিনকে ৭ বছর করে কারাদণ্ডাদেশ দিয়েছে আদালত।

২০১৪ সালের ২৭ এপ্রিল ঢাকা-নারায়ণগঞ্জ লিংক রোডের ফতুল্লার লামাপাড়া এলাকা থেকে নারায়ণগঞ্জ সিটি করপোরেশনের প্যানেল মেয়র নজরুল ইসলামসহ ৭ জনকে অপহরণের তিন দিন পর তাদের মরদেহ উদ্ধার করা হয়।

ওই ঘটনায় নিহত হন নারায়ণগঞ্জ সিটি করপোরেশনের ২নং ওয়ার্ডের তৎকালীন কাউন্সিলর ও প্যানেল মেয়র-২ নজরুল ইসলাম, তার বন্ধু মনিরুজ্জামান স্বপন, তাজুল ইসলাম, লিটন, নজরুলের গাড়িচালক জাহাঙ্গীর আলম, আইনজীবী চন্দন কুমার সরকার ও তার গাড়িচালক ইব্রাহিম।

সাত খুনের ঘটনায় প্যানেল মেয়র নজরুল ইসলাম ও তার ৪ সহকর্মী হত্যার ঘটনায় তার স্ত্রী সেলিনা ইসলাম বিউটি বাদী হয়ে ফতুল্লা থানায় একটি এবং সিনিয়র আইনজীবী চন্দন সরকার ও তার গাড়ির চালক ইব্রাহিম হত্যার ঘটনায় জামাতা বিজয় কুমার পাল বাদী হয়ে একই থানায় আরেকটি মামলা দায়ের করেন।