২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

বনানীতে রাজউকের উচ্ছেদ অভিযান

রাজধানীর বনানীর আবাসিক এলাকায় অভিযান চালিয়ে বাণিজ্যিক প্রতিষ্ঠানসহ বেশকিছু অবৈধ স্থাপনা উচ্ছেদ করেছে রাজধানী উন্নয়ন কর্তৃপক্ষ (রাজউক)।

নিজস্ব প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 16 May 2017, 07:30 PM

Updated : 19 Aug 2022, 04:38 PM

দুপুরে বনানীর ডি ব্লকের ১০ নম্বর সড়কে পরিচালিত রাজউকের ভ্রাম্যমাণ আদালতের অভিযানে নেতৃত্ব দেন নির্বাহী ম্যাজিস্ট্রেট খন্দকার অলিউর রহমান।

সড়কটির ৩০ নম্বর বাড়িতে আবাসিক অনুমোদন নিয়ে বাণিজ্যিক কার্যক্রম চালানোর দায়ে ‘পিওর লিভিং ফার্নিচার’ নামে আসবাবের দোকানসহ দুটি ও ৬৬ নম্বর বাড়ির ৪টি দোকান দোকান উচ্ছেদ করা হয়।

৬৮ নম্বর বাড়ির খালি জায়গায় ‘ইন্ডিয়ান বিস্ট্রো অ্যান্ড লাউঞ্জ’ নামে একটি দোকানের লিফটের জায়গা করায় সেটি ভেঙে দেওয়া হয়। এছাড়া ওই ভবনে ‘সাজাই’ বিউটি পার্লারের সাইনবোর্ড খুলে নেওয়া হয়।

অভিযানের সময় ৬০ নম্বর বাড়ির ‘ফাতেমা ফ্যাশন’ নামে একটি কাপড়ের দোকান এবং ‘ভিভাবরী কালেকশন’ এর সামনের অবৈধ স্থাপনা উচ্ছেদ করা হয়।

নির্বাহী ম্যাজিস্ট্রেট খন্দকার অলিউর রহমান বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, “বনানীর ১০ নম্বর সড়কটি আবাসিক এলাকা। এখানে বাণিজ্যিক কার্যক্রম পরিচালনা করা অবৈধ। তাই আমরা এসব স্থাপনা উচ্ছেদ করছি।

“৫টি প্রতিষ্ঠান উচ্চ আদালত থেকে স্থগিতাদেশ নিয়ে আসায় সেগুলো উচ্ছেদ করতে পারিনি।”

অভিযানে রাজউকের অঞ্চল-৪ অথরাইজড অফিসার আদিলুজ্জামানসহ রাজউকের ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন। আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যরা অভিযানে সহায়তা করেন।