প্রধানমন্ত্রীর হাতে বিএবির ১৩৬ কোটি টাকা অনুদান হস্তান্তর
বাংলাদেশ অ্যাসোসিয়েশন অফ ব্যাংকস (বিএবি) প্রধানমন্ত্রী শেখ হাসিনার হাতে অনুদানের ১৩৬ কোটি ২০ লাখ টাকা তুলে দিয়েছে।
সোমবার সন্ধ্যায় গণভবনে এক অনুষ্ঠানে বিএবির সদস্য দেশের বেসরকারি ৩৭টি ব্যাংকের চেয়ারম্যানরা প্রধানমন্ত্রীর হাতে এ চেক হস্তান্তর করেন।
শেখ হাসিনা
বিএবির সভাপতি নজরুল ইসলাম মজুমদার জানান, হস্তান্তর করা ১৩৬ কোটি ২০ লাখ টাকার মধ্যে ইসলামী ব্যাংক লিমিটেড ১৫ কোটি এবং ন্যাশনাল ব্যাংক লিমিটেড ছয় কোটি টাকা দিয়েছে।
নয়টি ব্যাংক পাঁচ কোটি টাকা করে দিয়েছে ৪৫ কোটি টাকা; আর অন্যান্য ব্যাংকগুলো চার কোটি করে টাকা দিয়েছে।
এছাড়া নতুন কয়েকটি ব্যাংক ৫০ লাখ টাকা করে দিয়েছে জানিয়ে নজরুল ইসলাম বলেন, “নতুন ব্যাংকগুলো এখনও মাথা তুলে দাঁড়াতে পারে নাই। তাই নতুন ব্যাংকগুলো ৫০ লাখ করে টাকা দিয়েছে।”
বিএবির সদস্য ৩৭টি ব্যাংক একত্রিত হয়ে এবারই গণভবনে এসেছে জানিয়ে সংগঠনটির এ সভাপতি বলেন, “আমরা কোনো রাজনৈতিক কাজে সহায়তা করছি না। আমরা শিক্ষার কাজে সহায়তা করছি। আমরা মানবিক কাজে সহায়তা করছি।”
সহায়তার চেক গ্রহণ করে প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেন, “আমরা চাই সবাই সহায়তা করুক। তাতে সকলে উপকৃত হবে।”
জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান মেমোরিয়াল ট্রাস্ট থেকে প্রতি মাসে প্রায় এক হাজার ৮০০ শিক্ষার্থী, বয়স্ক এবং রোগীকে ৫০০ থেকে ২০০০ টাকা করে সহায়তা দেওয়া হয়ে থাকে বলে প্রধানমন্ত্রী জানান।
সায়েমা ওয়াজেদ হোসেন পুতুলের সূচনা ফাউন্ডেশন সম্পর্কে বলতে গিয়ে প্রধানমন্ত্রী বলেন, “অটিজম ও প্রতিবন্ধকতা একটি বিরাট সমস্যা।”
প্রতিটি বিদ্যালয়ে মনোবিজ্ঞানী বা মনোরোগ বিশেষজ্ঞদের দিয়ে একটি সেন্টার করার কথাও তুলে ধরে শেখ হাসিনা।
সমাজে বেসরকারি ব্যাংকগুলোর অবদানের কথা তুলে ধরতে গিয়ে প্রধানমন্ত্রী বলেন, “ব্যাংকগুলো কর্মসংস্হান সৃষ্টি করেছে। সোশাল সেফটি নেটে এদের বিরাট অবদান রয়েছে।”
পরে বেপজার আওতাধীন বিভিন্ন শিল্প প্রতিষ্ঠান প্রধানমন্ত্রীর ত্রাণ তহবিল এবং জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান মেমোরিয়াল ট্রাস্টে অনুদান দেয়।
বেপজার নির্বাহী চেয়ারম্যান মেজর জেনারেল মুহম্মদ হাবিবুর রহমান খান সকল বিনিয়োগকারী প্রতিষ্ঠানের পক্ষ থেকে প্রধানমন্ত্রীর ত্রাণ তহবিলে দুই কোটি ৫৫ লাখ ৯০ হাজার টাকা তুলে দেন।
প্যাসিফিক জিন্স ৫০ লাখ টাকা এবং এভারগ্রিন গ্রুপ এক কোটি টাকা জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান মেমোরিয়াল ট্রাস্টে দিয়েছে।
প্রধানমন্ত্রীর ত্রাণ তহবিলে অন্যদের মধ্যে স্মার্ট গ্রুপ অফ ইন্ডাস্ট্রিজ ২৫ লাখ টাকা, কুন তং অ্যাপ্যারেল লিমিটেড ৫০ লাখ টাকা, এপিক গার্মেন্টস ২৫ লাখ টাকা, অনন্ত গ্রুপ ২৫ লাখ টাকা, কাতার মার্বেল কোম্পানি ২৫ লাখ টাকা এবং ইউনাইটেড পাওয়ার জেনারেশন ৫০ লাখ দিয়েছে।
এছাড়া ত্রাণ তহবিলে এক কোটি করে টাকা নিয়েছে নিটোল-নিলয় গ্রুপ অব ইন্ডাস্ট্রিজ, ঢাকা মটর্স, বেঙ্গল গ্রুপ এবং ক্রাউন সিমেন্ট গ্রুপ।
আমান গ্রুপ, রিফ্যাব, অনোয়ার গ্রুপ অফ ইন্ডাস্ট্রিজ, বসুন্ধরা গ্রুপ, ইউনিক গ্রুপ এবং দেশ এনার্জি লিমিটেড দুই কোটি করে টাকা দেয়। আমিন মোহাম্মদ গ্রুপ দিয়েছে তিন কোটি টাকা।
পরে প্রধানমন্ত্রী সবার সঙ্গে নৈভোজে অংশ নেন।
