বিশ্ব বাণিজ্যের চ্যালেঞ্জ মোকাবেলায় সাংসদদের কাজে লাগানোর আহ্বান
উন্নয়নশীল দেশের সংসদ সদস্যদের সক্ষমতা কাজে লাগিয়ে বিশ্ব বাণিজ্যের চ্যালেঞ্জ মোকাবেলা করতে বলেছেন জাতীয় সংসদের স্পিকার শিরীন শারমিন চৌধুরী।
তথ্য প্রযুক্তি ও জলবায়ু পরিবর্তনের মতো সমস্যা সমাধানের ক্ষেত্রেও সংসদ সদস্যদের যোগ্যতা কাজে লাগানোর আহ্বান জানিয়েছেন শিরীন শারমিন।
সোমবার সিঙ্গাপুরে ‘সংসদ সদস্যদের জন্য আন্তর্জাতিক বাণিজ্য বিষয়ক কর্মশালার’ উদ্বোধনী অনুষ্ঠানে তিনি এসব কথা বলেন।
রাজারত্নম স্কুল অব ইন্টারন্যাশনাল স্টাডিজ এবং বিশ্ব বাণিজ্য সংস্থা (ডব্লিউটিএ) যৌথভাবে এ কর্মশালার আয়োজন করে বলে সংসদ সচিবালয়ের এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে।
শিরীন শারমিন বলেন, “সীমিত সম্পদের রাষ্ট্রগুলোকে দক্ষ মানব সম্পদ তৈরির পাশাপাশি প্রাকৃতিক সম্পদের সুষ্ঠু ব্যবহারের মাধ্যমে তাদের সুষম উন্নয়ন নিশ্চিত করতে হবে।”
উন্নয়নশীল দেশগুলোর মধ্যে আঞ্চলিক সহযোগিতা বাড়ানোর উপরও গুরুত্ব দেন তিনি।
“পারস্পরিক প্রযুক্তি ও অভিজ্ঞতা বিনিময়ের মাধ্যমে আন্তঃসম্পর্ক জোরদার ও টেকসই উন্নয়ন সম্ভব।”
এর আগে শনিবার রাতে সিঙ্গাপুরের উদ্দেশ্যে ঢাকা ছাড়েন স্পিকার শিরীন শারমিন।
কর্মশালার প্রথম দিনের অধিবেশন শেষে সিঙ্গাপুর পার্লামেন্টের স্পিকার এমডিএম হালিমাহ ইয়াকুবের সঙ্গে দেখা করেন বাংলাদেশের স্পিকার।
এসময় শিরীন শারমিন বলেন, বাংলাদেশের সঙ্গে সিঙ্গাপুরের নিবিড় ও বন্ধুত্বপূর্ণ সম্পর্ক রয়েছে।
“সিঙ্গাপুরে বাংলাদেশের অনেক কর্মী রয়েছেন, যারা সিঙ্গাপুরের উন্নয়নের অংশীদার।”
ব্যবসা-বাণিজ্য বাড়ানোর মাধ্যমে ভবিষ্যতে দেশ দুটির মধ্যে সম্পর্ক আরও দৃঢ় হবে বলে আশাপ্রকাশ করেন শিরীন শারমিন।
আগামী ১৮ মে স্পিকারের দেশে ফেরার কথা রয়েছে।
