২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

ডেইলি সান সম্পাদককে আদালতে তলব

ভুয়া চালকদের নিয়ে প্রকাশিত একটি প্রতিবেদনের তথ্যের সত্যতার ব্যাখ্যা দিতে ডেইলি সানের সম্পাদককে তলব করেছে হাই কোর্ট।

নিজস্ব প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 15 May 2017, 06:13 PM

Updated : 11 Apr 2022, 11:35 PM

সম্পাদকের সঙ্গে ইংরেজি দৈনিকটিতে তিন বছর আগে প্রকাশিত প্রতিবেদনটির প্রতিবেদক পার্থ সারথী দাসকেও আগামী ২৮ মে আদালতে হাজির হতে হবে। সংবাদপত্রটির ভারপ্রাপ্ত সম্পাদক এখন এনামুল হক চৌধুরী।

সোমবার বিচারপতি কাজী রেজা-উল হক ও বিচারপতি মোহাম্মদ উল্লাহর বেঞ্চ তাদের তলবের এই আদেশ দেয়।

২০১৫ সালের ২ আগস্ট ডেইলি সানে ‘রোড অ্যাকসিডেন্টস-নাইনটিন লাখ ফেইক ড্রাইভারস রুল দ্য হাইওয়েস’ শিরোনামে একটি প্রতিবেদন প্রকাশ করে।

এই প্রতিবেদন নজরে আসার পর ওই বছরের ৮ আগস্ট প্রায় ১৯ লাখ ‘ভুয়া ড্রাইভিং লাইসেন্স’ জব্দের নির্দেশ দেয় হাই কোর্ট। যেসব চালক এসব ভুয়া লাইসেন্স ধারণ ও ব্যবহার করছেন, তাদের বিরুদ্ধে যথাযথ আইনগত ব্যবস্থা নেওয়ার নির্দেশ দেওয়া হয়।

একইসঙ্গে প্রতিবেদনের সত্যতার সপক্ষে নথিপত্র দাখিল করতে ডেইলি সানকে নির্দেশ দিয়েছিল আদালত।

ডেপুটি অ্যাটর্নি জেনারেল তাপস কুমার বিশ্বাস সাংবাদিকদের বলেন, “প্রতিবেদনের সপক্ষে কোনো কিছুই এখন পর্যন্ত হলফনামা আকারে আদালতে দাখিল না করায় হাই কোর্ট আজ ডেইলি সানের সম্পাদক ও সংশ্লিষ্ট প্রতিবেদককে তলব করেছেন।”

প্রতিবেদনে বিআরটিএর ২০১৫ সালের জুন মাসের তথ্যের উদ্ধৃতি দিয়ে বলা হয়, বাংলাদেশে ১৮ লাখ ৭৭ হাজার চালকের কাছে বৈধ লাইসেন্স নেই, যে কারণে সড়ক দুর্ঘটনার সংখ্যা বাড়ছে।

প্রকাশিত প্রতিবেদনটি আমলে নিয়ে হাই কোর্ট অন্তর্বর্তীকালীন আদেশ ও রুল জারি করেছিল।