২৩ নভেম্বর ২০২৬, ০৮ অগ্রহায়ণ ১৪৩৩

১৭ অগাস্ট মামলা: রায়ের দিন ফের

এক যুগ আগে জেএমবির বোমা হামলার এক মামলা রায়ের পর্যায়ে আসার পর ফের যুক্তিতর্ক শুনানিতে ফিরে গেছে।

আদালত প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 15 May 2017, 01:33 AM

Updated : 11 Apr 2022, 11:35 PM

রোববার ঢাকার দ্বিতীয় মহানগর বিশেষ ট্রাইব্যুনালে রাজধানীর খিলক্ষেত থানার মামলাটির রায়ের দিন নির্ধারিত ছিল।

তবে নতুন বিচারক মো. হাফিজুর রহমান রাষ্ট্র ও আসামিপক্ষের যুক্তিতর্কের শুনানি নিজে শুনবেন বলে রায় ঘোষণা স্থগিত করে আগামী ২৩ জুলাই যুক্তিতর্ক শুনানির জন্য আবার দিন ঠিক করে দিয়েছেন।

ট্রাইব্যুনালে রাষ্ট্রপক্ষের আইনজীবী মো. শাহাবুদ্দিন মিয়া বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, আগের বিচারক রুহুল আমিন রোববার রায় ঘোষণার দিন রেখেছিলেন।

রুহুল আমিন বদলি হওয়ায় তার স্থলে কয়েকদিন আগে আসেন হাফিজুর রহমান।

রুহুল আমিনের আগে আরেকজন বিচারক এ মামলার বাদীসহ অন্য কয়েকজনের সাক্ষ্য নিয়েছিলেন বলে জানান আইনজীবী শাহাবুদ্দিন।

মামলার নথিপত্রে দেখা যায়, আসামিদের মধ্যে হাবিবুর রহমান, মুস্তাফিজুর রহমান মুসা পলাতক। কারাগারে রয়েছেন আবদুল্লাহ আল ইসলাম, নূরুল ইসলাম ও আব্দুর রহমান মাসুদ।

২০০৫ সালের ১৭ অগাস্ট সারাদেশে একযোগে বোমা হামলা চালিয়ে নিজেদের অস্তিত্বের জানান দিয়েছিল জেএমবি। সেদিন রাজধানীর খিলক্ষেতেও বোমা হামলা হয়েছিল।

সেদিনের ঘটনায় খিলক্ষেত থানার এসআই কওসার আলম বিস্ফোরক দ্রব্য আইনে মামলা করার পর গোয়েন্দা পুলিশ তা তদন্ত করে আদালতে অভিযোপত্র দিয়েছিল।