৭০ শতাংশ অভিযোগই গণমাধ্যম থেকে নেওয়া: দুদক চেয়ারম্যান
দুর্নীতি দমন কমিশন গত বছর দুর্নীতির যেসব অভিযোগ অনুসন্ধানের জন্য গ্রহণ করেছে তার ৭০ শতাংশই গণমাধ্যম থেকে পাওয়া বলে জানিয়েছেন সংস্থার প্রধান ইকবাল মাহমুদ।
রোববার বাংলাদেশ প্রেস কাউন্সিল মিলনায়তনে ‘দুর্নীতি ও অনুসন্ধানী সাংবাদিকতা’ শীর্ষক সেমিনারে প্রধান অতিথির বক্তব্যে তিনি বলেন, দুদকে আসা দুর্নীতির ৯০ থেকে ৯৫ শতাংশ অভিযোগই কমিশনের ‘তফসিলভুক্ত’ নয় এবং নির্বাচিত অভিযোগের অধিকাংশই গণমাধ্যম থেকে নেওয়া।
দুদক চেয়ারম্যান বলেন, “কমিশনে যত অভিযোগ আসে তার মধ্যে প্রায় ৯০ থেকে ৯৫ ভাগ অভিযোগই কমিশনের সঙ্গে সম্পর্কিত নয়। বাকি যে অংশটুকু থাকে, যেগুলো অনুসন্ধান ও তদন্তের জন্য নির্বাচন করা হয় এর অধিকাংশই সাংবাদিক ভাইদের অনুসন্ধানী প্রতিবেদন থেকে।
“গতবার (২০১৬ সালে) মোট অভিযোগের মধ্যে সংবাদ প্রতিবেদন থেকে ৭০ শতাংশ অভিযোগ নেওয়া হয়। এর মধ্যে ৩৭ শতাংশ অভিযোগের অনুসন্ধানের ভিত্তিতে মামলা করা হয়েছে।”
সাংবাদিকদের ‘পদচারণায়’ দুর্নীতিবাজরা সবসময় ভয়ে থাকে বলেও মনে করেন দুর্নীতি বিরোধী সংস্থাটির প্রধান।
“দুর্নীতিপরায়নরা নৈতিকভাবে দুর্বল। তাই সাংবাদিকদের নৈতিক মূল্যবোধ যত উন্নত হবে, দুর্নীতিপরায়নরা ততই অবনমিত হবে।”
সাংবাদিকদের প্রতিবেদন লেখার ক্ষেত্রে বস্তুনিষ্ঠতা ও পর্যাপ্ত তথ্য থাকার উপর গুরুত্ব দিতে বলেন তিনি।
যে কোনো অভিযোগ পাওয়ার পর মামলা করার আগে তথ্য-প্রমাণ নিয়ে ‘ভাবনার’ কথা বলেন দুদক চেয়ারম্যান।
তিনি বলেন, “একটি মামলা এফআইআর করতে হলে বেশকিছু তথ্য-উপাত্তের প্রয়োজন হয়। সমাজে আমরা বহুলোককে জানি- তারা খারাপ। কিন্তু এই কথা দিয়ে মামলা করা যায় না। মামলার সূত্র থাকতে হয়। মামলার প্রমাণ থাকতে হয়।”
সেমিনারে মূল প্রবন্ধে সাংবাদিক মনজুরুল আহসান বুলবুল বলেন, “তথ্য না পাওয়ার যুক্তি অনুসন্ধানী সাংবাদিকতার প্রতিবন্ধকতা বলা যাবে না। কারণ যে তথ্য সহজে পাওয়া যায় না, তা বের করে আনাটাই অনুসন্ধানী সাংবাদিকদের কাজ।
“এতে প্রচলিত গোপনীয়তার সংস্কৃতির বিরুদ্ধে প্রথম লড়াইটা অনুসন্ধানী সাংবাদিকদেরই করতে হবে।”
সেমিনারে সভাপতিত্ব করেন প্রেস কাউন্সিলের চেয়ারম্যান বিচারপতি মোহাম্মদ মমতাজ উদ্দীন আহমেদ।
প্রেস কাউন্সিলে সাংবাদিকরা কম আসেন বলে অনুযোগ করেন তিনি।
“প্রেস কাউন্সিল হচ্ছে সাংবাদিকদের প্রতিষ্ঠান। কিন্তু সাংবাদিকরা এখানে আসতে চান না।”
নিরাপত্তাসহ সাংবাদিকদের জন্য যেসব কল্যাণমূলক কাজ করা সম্ভব তা বাস্তবায়নে কাউন্সিল চেষ্টা চালাবে বলে জানান মমতাজ উদ্দীন।
সমাজে সুশাসন নিশ্চিত করতে আরও বেশি ‘অনুসন্ধানী সাংবাদিকতা’ প্রয়োজন বলে মনে করেন দৈনিক ভোরের কাগজের সম্পাদক শ্যামল দত্ত।
তিনি বলেন, “আমাদের দেশে পরিশ্রমী সাংবাদিকদের বড় অভাব। অনুসন্ধানী সাংবাদিকতার জন্য ব্যয় করতে হয়। এই ব্যয় প্রতিষ্ঠানকেই বহন করতে হবে।”
অন্যদের মধ্যে ইংরেজি দৈনিক দ্যা নিউ এইজের স্টাফ রিপোর্টার আহম্মদ ফয়েজ এবং ইন্ডিপেনডেন্ট টেলিভিশনের রিশাদ হুদা সেমিনারে বক্তব্য দেন।
