খিলগাঁওয়ে ‘বউকে পিটিয়ে হত্যার’ মামলায় স্বামী রিমান্ডে
রাজধানীর খিলগাঁও এলাকায় অন্তঃসত্ত্বা গৃহবধূ মাহমুদা আক্তার মুন্নি নিহতের ঘটনায় তার স্বামীকে জিজ্ঞাসাবাদের জন্য চারদিনের হেফাজতে নেওয়ার অনুমতি দিয়েছে আদালত।
ঢাকা মহানগর হাকিম সাজ্জাদুর রহমান শুনানি শেষে শনিবার এ আদেশ দেন।
লক্ষ্মীপুর পৌর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মনিরুল করিমের মেয়ে মুন্নি (২২) স্বামী সাইফুল আল মামুনের সঙ্গে খিলগাঁও এলাকার দক্ষিণ গোরানের একটি বাড়িতে থাকতেন।
গত বৃহস্পতিবার রাতে সাইফুল মদ্যপ অবস্থায় বাসায় ফিরে মুন্নিকে মারধর করলে তার মৃত্যু হয় বলে এ ঘটনায় দায়ের করা মামলায় অভিযোগ করা হয়।
মামুনকে আদালতে হাজির করে সুষ্ঠু তদন্ত এবং প্রকৃত রহস্য উদঘাটনের জন্য তাকে জিজ্ঞাসাবাদে সাতদিনের রিমান্ড আবেদন করেন মামলার তদন্ত কর্মকর্তা খিলগাঁও থানার ওসি কাজী মাইনুল ইসলাম।
মামুনের পক্ষে রিমান্ড বাতিলের আবেদন করা হলেও বিচারক তা নাকচ করেন বলে বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে জানান আদালতের পুলিশের সাধারণ নিবন্ধন কর্মকর্তা এসআই আশরাফ উদ্দিন।
মামলার এজাহারে বলা হয়, মামুন কিছুদিন আগে অন্য এক নারীকে বিয়ে করেন। এ নিয়ে তাদের মধ্যে প্রায়ই বাকবিতণ্ডা হত।
বৃহস্পতিবার রাত ১২টার দিকে মাতাল অবস্থায় বাসায় ফেরেন মামুন। এ সময় ঘরের দরজা খুলতে মুন্নির দেরি হওয়ায় তিনি তাকে একাধিকবার মারধর করেন। মুন্নি অসুস্থ হয়ে পড়লে তাকে উদ্ধার করে পরিবারের সদস্যরা পান্থপথের স্কয়ার হাসপাতালে নিয়ে যান। সেখানে তার মৃত্যু হয়।
