দেড় কেজি সোনা উদ্ধার: রিমান্ডে ভারতীয় নাগরিক
শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে দেড় কেজি (পাঁচটি বার) সোনাসহ আটক ভারতীয় নাগরিক সৌরভ মণ্ডলকে জিজ্ঞাসাবাদের জন্য তিনদিনের হেফাজত পেয়েছে বিমানবন্দর থানা পুলিশ।
শনিবার তাকে ঢাকা মুখ্য মহানগর হাকিমের আদালতে হাজির করে ১০ দিনের রিমান্ড আবেদন করেন তদন্ত কর্মকর্তা এসআই বিকাশ চন্দ্র পাল।
শুনানি শেষে ঢাকা মহানগর হাকিম গোলাম নবী তিনদিনের রিমান্ড মঞ্জুর করেন বলে আদালত পুলিশের উপপরিদর্শক লিয়াকত হোসেন জানিয়েছেন।
শুক্রবার সন্ধ্যা সাড়ে ৬টার দিকে ঢাকা শুল্ক কর্তৃপক্ষ সৌরভ মণ্ডলকে আটক করে ঢাকা কাস্টমস হাউজের প্রিভেনটিভ দল।
পেশায় ইমিটেশন জুয়েলারি ব্যবসায়ী সৌরভের বাড়ি কলকাতার বাগদায়।
ঢাকা কাস্টমস হাউজের সহকারী কমিশনার এইচ এম আহসান কবির জানিয়েছিলেন,সৌরভ রিজেন্ট এয়ারওয়েজের ব্যাংকক-চট্টগ্রাম-ঢাকার আরএক্স ফ্লাইটে চট্টগ্রাম থেকে শুক্রবার বিকাল সাড়ে ৫টায় ঢাকা আসেন।
“আগমনী লাউঞ্জে তাকে চ্যালেঞ্জ করা হয়। এরপর তার দেহ তল্লাশি করলে জুতার ভেতর ৫টি সোনার বার পাওয়া যায়।”
দেড় কেজি ওজনের ওই সোনার বর্তমান বাজার মূল্য ৭৮ লাখ টাকা বলে জানান কাস্টমস কর্মকর্তা আহসান।
তিনি বলেন, “প্রাথমিক জিজ্ঞাসাবাদে সৌরভ বলেছে,সে চট্টগ্রাম থেকে এয়ারক্রাফটে উঠে। এরপর ১৭ ই নম্বর সিট থেকে সোনা সংগ্রহ করে টয়লেটে গিয়ে জুতার ভেতর লুকিয়ে ফেলে।”
