সিটিং সার্ভিস: ‘অতিরিক্ত ভাড়া আদায়ের নৈরাজ্য’ বন্ধের দাবি
সিটিং সার্ভিসের নামে পরিবহন মালিকরা অতিরিক্ত ভাড়া আদায়ের নৈরাজ্য চালাচ্ছে অভিযোগ এনে তা বন্ধ করার দাবি জানিয়েছে ‘রোড সেফটি ফাউন্ডেশন’ নামে একটি সংগঠন।
শনিবার রাজধানীর পাবলিক লাইব্রেরির সেমিনার হলে ‘জনবান্ধব গণপরিবহন ও সড়ক নিরাপত্তা’ শীর্ষক এক সংবাদ সম্মেলন এ দাবি জানান সংগঠনটির চেয়ারম্যান এ আই মাহবুব উদ্দিন আহমদ।
লিখিত বক্তব্য তিনি বলেন, “সিটিং সার্ভিসের নামে পরিবহন মালিকরা অতিরিক্ত ভাড়া আদায়ের নৈরাজ্য চালাচ্ছে। যেহেতু ঢাকা শহরে মানুষের তুলনায় গণপরিবহনের সংখ্যা অনেক কম, সেহেতু হাজার হাজার মানুষকে রাস্তায় দাঁড় করিয়ে রেখে মালিকদের বাণিজ্যিক স্বার্থে সিটিং সার্ভিস চালাতে দেওয়া উচিত নয়।
“পরিবহন মালিকরা চালক এবং হেলপারদেরকে ট্রিপ হিসেবে টার্গেট বেঁধে দেওয়ার কারণে চালকেরা রাস্তায় যত্রতত্র যাত্রী উঠানোর প্রতিযোগিতা করছে। এই নির্মম প্রতিযোগিতায় দুর্ঘটনা বাড়ছে।”
গণপরিবহনের সংখ্যার পাশাপাশি সেবার মান বাড়ানো হলে ‘প্রাইভেট গাড়ির’ যাত্রীরাও গণপরিবহনে যাতায়াত করবে মন্তব্য করে মাহবুব উদ্দিন বলেন, “ফলে নগরীর যানজট ব্যাপকভাবে হ্রাস পাবে। বিআরটিএকে শক্তিশালী ও দুর্নীতিমুক্ত এবং বিআরটিসির সার্ভিস উন্নত ও বিস্তৃত করতে পারলে বেসরকারি গণপরিবহন মালিদের নৈরাজ্য কমবে।”
প্রস্তাবিত সড়ক পরিবহন আইনে সড়ক নিরাপত্তার বিষয়ে কোনো কথা বলা হয়নি বলে অভিযোগ করে আইনজীবী জ্যোতির্ময় বড়ুয়া বলেন, “যদিও আগের আইনে ক্ষতিপূরণের ব্যবস্থা কিছুটা ছিল।
“পরিবহন শ্রমিকদের নিয়োগপত্র না থাকার কারণে তারা দুর্ঘটনায় ক্ষতিগ্রস্ত হলে কোনো প্রকার ক্ষতিপূরণ পায় না। চিকিৎসকদের অবহেলা ও ভুলের কারণে সড়ক দুর্ঘটনায় আহত অনেকেই পঙ্গু হচ্ছে। বর্তমান আইনে এগুলোর কোনো এটেনডেন্স নেই।”
সংবাদ সম্মেলনে অন্যদের মধ্যে বক্তব্য দেন নিরাপত্তা বিশেষজ্ঞ মাহবুব আলম, রোড সেফটি ফাউন্ডেশনের সাধারণ সম্পাদক সাইদুর রহমান ও বিপ্লবী সড়ক পরিবহন শ্রমিক ফেডারেশনের সাধারণ সম্পাদক মো. আলী রেজা।
