গতি নিয়ন্ত্রণের শপথ বাস চালকদের
আবাসিক এলাকা ও হাসপাতালসহ নির্দিষ্ট কিছু সড়কে ঘণ্টায় ৩০ কিলোমিটারের বেশি গতিতে গাড়ি না চালানোর শপথ নিয়েছেন বাস চালকরা।
শনিবার সকালে রাজধানীর মহাখালী বাস টার্মিনালে স্কুল এবং পথচারী ও অযান্ত্রিক যানবাহন চলে এমন সড়কে নির্দিষ্ট গতিতে বাস চালানোর অঙ্গীকার করেন চালকরা।
৮-১৪ মে জাতিসংঘ ঘোষিত ‘গ্লোবাল রোড সেফটি উইক’ উপলক্ষ্যে আয়োজিত কর্মসূচিতে পরিবহন নেতাদের উপস্থিতিতে শতাধিক বাসচালক শপথ নেন। চালকদের শপথ পাঠ করান স্বেচ্ছাসেবীরা। বেসরকারি উন্নয়ন সংস্থা ব্র্যাক এ প্রচারাভিযানের আয়োজক।
এর আগে সকাল সাড়ে ১০টায় ‘জীবন বাঁচাও, গতি কমাও’ স্লোগান নিয়ে জাতীয় সংসদের দক্ষিণ প্লাজা থেকে ‘রোড রাইডার্স মোটর বাইক গ্রুপের’ প্রায় ২০০ সদস্য মোটরসাইকেল শোভাযাত্রায় অংশ নেন।
গাড়ির গতি কমিয়ে আনার মাধ্যমে নিরাপদ সড়ক গড়তে চালকদের প্রতি আহ্বান জানান শোভাযাত্রায় অংশ নেওয়া মোটরসাইকেল আরোহীরা।
মানিক মিয়া অ্যাভিনিউয়ে প্রচারাভিযানের উদ্বোধন করেন বাংলাদেশ সড়ক পরিবহন কর্তৃপক্ষের (বিআরটিএ) চেয়াম্যান ও জাতীয় সড়ক নিরাপত্তা কাউন্সিলের সদস্য সচিব মো. মশিয়ার রহমান।
তিনি বলেন, “যানবাহনের গতি সীমিত রাখার জন্য আমাদের সবারই প্রচারণা চালানো উচিত।”
বাংলাদেশে ডেনমার্কের রাষ্ট্রদূত মিকায়েল হেমনিতি উইন্টার, এশিয়ান ইনজুরি-থাইল্যান্ডের চেয়ারপার্সন রত্মাওয়াডে হেমনিতি উইন্টার, ব্র্যাকের সড়ক নিরাপত্তা কর্মসূচির পরিচালক আহমেদ নাজমুল হুসেইন এবং অ্যাডভোকেসি কর্মসূচির পরিচালক কেএএম মোরশেদ উদ্বোধনী অনুষ্ঠানে বক্তব্য দেন।
জাতিসংঘ ঘোষিত সড়ক নিরাপত্তা সপ্তাহ উদযাপনে অংশ নিতে পেরে আনন্দিত বলে জানান মিকায়েল হেমনিতি উইন্টার।
নির্দিষ্ট গতিতে গাড়ি চালাতে চালকদের প্রতি আহ্বান জানিয়ে তিনি বলেন, “চালক ভাইদের বলব, ধীরে চলুন, নিজে বাঁচুন, অন্যকে বাঁচান।”
রাজধানীর বিভিন্ন সড়ক ঘুরে মোটরসাইকেল শোভাযাত্রাটি মহাখালী বাস টার্মিনালে পৌঁছালে বাস চালকরা কর্মসূচির সঙ্গে সংহতি জানান।
পরে বনানীর কাকলী বাসস্ট্যান্ডে বাসচালক ও পথচারীদের মধ্যে সড়ক নিরাপত্তা বিষয়ে প্রচারপত্র বিলি করা হয়।
