২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

‘মানুষ পরিচয়কেই ঊর্ধ্বে তুলে ধরেছিলেন রবীন্দ্রনাথ’

বিশ্বকবি রবীন্দ্রনাথ ঠাকুরের ১৫৬তম জন্মবার্ষিকী পালন করেছে ইন্দিরা গান্দী সাংস্কৃতিক কেন্দ্র।

নিজস্ব প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 13 May 2017, 12:11 AM

Updated : 11 Oct 2022, 02:00 PM

শুক্রবার সন্ধ্যায় রাজধানীর ছায়ানট ভবনে রবীন্দ্র জন্মজয়ন্তীর এ আয়োজনে একক বক্তৃতা করেন ভারতের রবীন্দ্র-গবেষক কবি পঙ্কজ সাহা।

বাংলাদেশকে রবীন্দ্রনাথের বিকাশভূমি অভিহিত করে তিনি বলেন, “রবীন্দ্রনাথ ধর্ম, সম্প্রদায়ের উর্ধ্বে উঠে মানুষ পরিচয়কে বড় করে তুলেছিলেন। তার সারাজীবনের কাজে ভাবনায় মানুষের জীবনকে উন্নত করার পেছনে ব্রতী ছিলেন।

“আর শহরে বেড়ে ওঠা রবীন্দ্রনাথ এই ভাবনার শক্তি সঞ্চয় করেছেন বাংলায় ভ্রমণ করে, মানুষকে জেনে।”

রবীন্দ্রনাথ ঠাকুরের পূর্ববঙ্গের জীবনযাপন প্রসঙ্গে তিনি বলেন, “এসময় তিনি মাটিতে নেমে এসেছিলেন। শহুরে রবীন্দ্রনাথের গ্রাম-বাংলার প্রকৃতি দেখার সুযোগ ঘটেছিল। সাধারণ মানুষের সংস্পর্শে আসার সুযোগ পেয়েছিলেন এই সময়ে।

“তাদের জীবন, হাসি-কান্না ও সমস্যা সম্পর্কে জেনেছিলেন। এটা তার সাহিত্যে প্রভাব ফেলেছে। বাংলার প্রকৃতি বর্ণনা যেমন তার লেখায় পড়ি, তেমনি পল্লী উন্নয়ন ও সমাজ গঠনে তার ভাবনা ও তা বিকাশে ভূমিকা রেখেছিল।”

অনুষ্ঠানের শুরুতেই স্বাগত বক্তব্য রাখেন ইন্দিরা গান্ধী সাংস্কৃতিক কেন্দ্রের পরিচালক জয়শ্রী কুণ্ডু। এরপর পঙ্কজ সাহার বক্তৃতার শেষে ছায়ানটের শিল্পীদের কণ্ঠে ‘ফিরে চল মাটির টানে’ গানের মধ্য দিয়ে শেষ হয় প্রথম পর্ব।

দ্বিতীয় পর্বে রবীন্দ্রনাথ ঠাকুরের ছদ্মনামে লেখা ‘ভানুসিংহের পদাবলী’ অবলম্বনে নৃত্য আয়োজন উপস্থাপন করে নৃত্য সংগঠন ভাবনার শিল্পীরা। এসব পদাবলী রবীন্দ্রনাথ ঠাকুর তারঅল্প বয়সে মৈথিলী ভাষায় রচনা করেছিলেন। সামিনা হোসেন প্রেমার নির্দেশনায় ওড়িশি, মনিপুরী নৃত্য উচ্চাঙ্গ নৃত্যকলা সংযোজন করা হয়েছিল এ নৃত্য আয়োজনে।

‘মানিক মিয়া স্বর্ণপদকে’ শাহনাজ রহমতুল্লাহ

মানিক মিয়া ফাউন্ডেশন প্রবর্তিত ‘মানিক মিয়া স্বর্ণপদক’ পেলেন কণ্ঠশিল্পী শাহনাজ রহমতুল্লাহ।

শুক্রবার বিকালে রাজধানীর প্যান প্যাসিফিক সোনারগাঁও হোটেলে আয়োজিত এক অনুষ্ঠানে তার হাতে এ সম্মাননা তুলে দেন সাবেক প্রধান বিচারপতি কে এম হাসান।

এসময় তার হাতে স্বর্ণপদক ও মানপত্রের পাশাপাশি তুলে দেওয়া হয় ৫০ হাজার টাকার চেক।

শাহনাজ রহমতুল্লাহ বলেন, “আমি দীর্ঘদিন গানের সঙ্গে জড়িত নই। তবুও মানিক মিয়া ফাউন্ডেশনে আমাকে মনে রেখে এ পুরস্কার দিল, এতে আমি ভীষণভাবে কৃতজ্ঞ।”

অতিথি বক্তব্যে নিজেকে শাহনাজ রহমতুল্লাহর গানের একজন ভক্ত বলে জানান কে এম হাসান।

মানিক মিয়া ফাউন্ডেশনের চেয়ারম্যান মইনুল হোসেন বলেন, “আমাদের দেশ স্বাধীন হয়েছে, কিন্তু দেশপ্রেমের অভাব রয়েছে। শাহনাজ রহমতুল্লাহর মতো অন্য শিল্পীদেরও দেশাত্মবোধক গান গাওয়া উচিত।”

এ সময় যে কোনো শিল্পী-সাহিত্যিক দুস্থ হলে মানিক মিয়া ফাউন্ডেশন তার পাশে থাকলে বলে প্রতিশ্রুতি দেন তিনি।

পদকপ্রাপ্তির পর শাহনাজ রহমতুল্লাহ গেয়ে শোনান ‘খোলা জানালায় চেয়ে দেখি তুমি’ ও ‘তোমার আগুনে পোড়ানো এই দুটি চোখে একি তৃষ্ণা’।

শিল্পী শাহনাজ রহমতুল্লাহর অনুরোধে নজরুলসঙ্গীত শিল্পী ফেরদৌস আরা গেয়ে শোনান ‘আমায় নহে গো, ভালোবাসো শুধু ভালোবাসো মোর গান’।

অগ্রজের সম্মাননাপ্রাপ্তির দিনে গান পরিবেশন করেন রুমানা ইসলাম, আঁখি আলমগীর, আলম আরা মিনু ও শুভ্র দেব।