২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

ধর্ষণের বিচারের দাবিতে ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান

বানানীসহ সারাদেশে ধর্ষণের ঘটনায় জড়িতদের গ্রেপ্তার ও বিচারের দাবিতে নারী-পুরুষ সবাইকে ঐক্যবদ্ধ হওয়ার ডাক দেওয়া হয়েছে রাজধানীতে এক সমাবেশ থেকে।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

ঢাকা বিশ্ববিদ্যালয় প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 10 May 2017, 09:56 PM

Updated : 11 Apr 2022, 11:33 PM

ছাত্র, শিক্ষক, লেখক, শিল্পী, সাংবাদিক সাংস্কৃতিককর্মীবৃন্দ ব্যানারে সারাদেশে ধর্ষণ, সহিংসতা প্রতিরোধ এবং ধর্ষকদের গ্রেপ্তার ও বিচারের দাবিতে বুধবার বিকালে শাহবাগের জাতীয় জাদুঘরে সামনে সমাবেশ হয়।

সমাবেশে মানবাধিকারকর্মী খুশি কবির বানানীতে দুই তরুণী ধর্ষণে জড়িতদের গ্রেপ্তার ও শাস্তির দাবি জানিয়ে বলেন, “ধর্ষকদের এমন শাস্তি বিধান রাখতে হবে যেন কোনো প্রভাবশালীও পার পেতে না পারে। এমন শাস্তি দিতে হবে যে এটাই প্রমাণিত হয় কেউ শাস্তির উর্ধ্বে নয়।”

তিনি বলেন, “প্রত্যেকে মনে করছেন যথেষ্ট হয়েছে এবার। এভাবে এই দেশে বিচারহীনতার অপসংস্কৃতিকে এগোতে দেওয়া যায় না। অপরাধীরা ভাবছে টাকার জোর, ক্ষমতার জোর, যোগাযোগের জোরে দেশকে যেখানেই ইচ্ছা সেখানে নিয়ে যেতে পারে। মানসিকতার পরিবর্তন করতে হবে।

“সমাজের উচ্চ পর্যায়ে নারীরা যখন পুরুষতন্ত্র ও নারীতন্ত্রের মধ্যে পার্থক্য না বোঝে তখন নারীকেই তার অধিকার আদায়ের সংগ্রামে এগিয়ে আসতে হবে। সমাজে কার চরিত্র কেমন, তা বিচার করতে আমরা আসছি না।”

গান গেয়ে ধর্ষণের প্রতিবাদ জানান শিল্পী সায়ন। তিনি বলেন, “প্রতিবাদ তো হচ্ছে, কিন্তু প্রতিকার পাচ্ছি না। এটাই তো দুঃখের কথা।”

উদীচী শিল্পীগোষ্ঠীর সহ-সভাপতি সংগীতা ইমাম বলেন, “আমরা নানা ইস্যু তুলে আন্দোলন করছি, শাহবাগে আসছি যাচ্ছি। কিন্তু দেশের সমস্যাগুলোর কারণ খুজে পাচ্ছি না। ধর্ষণের বিচার চাইছি, কিন্তু কেন হচ্ছে না তা আমরা জানি না।

“এই যে ধর্ষণ হচ্ছে, কিন্তু বিচার হচ্ছে না, এসব কিসের আলামত। কোনো রাজনৈতিক উদ্দেশ্য নিয়ে ধর্ষণকাণ্ড ঘটনা ঘটানো হচ্ছে কিনা তা খতিয়ে দেখতে হবে। ধর্ষণকে সমাজ ও রাজনীতির দুই চোখেই দেখতে হবে।”

কার্টুনিস্ট আহসান হাবিব বলেন, দেশের প্রধানমন্ত্রী, বিরোধীদলীয় নেত্রী ও স্পিকার সবাই নারী কিন্তু তবুও দেশে ধর্ষণ-নিপীড়ন চলছে।

“দেশের পুলিশ অনেক এফিসিয়েন্ট। আমার বিশ্বাস পুলিশ এ ঘটনার (বানানীর) সঠিক তদন্ত করবে। যেসব পুলিশ সদস্য অপরাধীকে ধর্ষককে গ্রেপ্তার করতে ব্যর্থ হয়েছে, তাদের বিরুদ্ধে যাতে ব্যবস্থা নেওয়া হয়।”

পুরুষের মানসিকতার পরিবর্তন করার আহ্বান জানিয়েছেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের ব্যবসায় প্রশাসন ইনস্টিটিউটের সহকারী অধ্যাপক সুতপা ভট্টাচার্য।

“আমার আশপাশে যে পুরুষদের দেখি তাদেরকে আমি ভাই বা স্বজন বলে ভাবি না। তাদের আমি হিউম্যান বিং হিসেবে দেখি। কিন্তু এই মানুষগুলোই….আড়লে আমাকে কুৎসিত মন্তব্য করতে ছাড়ে না। আমাদেরকে মা হিসেবে নয়, আমাদেরকে মানুষ ভাবেন। পুরুষ থেকে মানুষ হন।”

রাষ্ট্র ধর্ষকদের পৃষ্ঠপোষকতা করছে অভিযোগ করে অনলাইন অ্যাক্টিভিস্ট আরিফ জেবতিক বলেন, “বাবা হিসেবে যখন মেয়ে ধর্ষণের বিচার পায়নি তখন মনে হচ্ছে রাষ্ট্র ধর্ষকদের পেট্রোনাইজ করছে।”

বানানীর ধর্ষকদের ৭২ ঘণ্টার মধ্যে গ্রেপ্তারের দাবি জানান সমাবেশের সঞ্চালক শ্রাবণ প্রকাশনীর রবীন আহসান।

তিনি বলেন, “যদি পুলিশ ব্যর্থ হয়, তাহলে শাহবাগ থেকে বনানী অভিমুখে ধর্ষণবিরোধী অভিযাত্রা করা হবে।”

সেই ধর্ষণবিরোধী অভিযাত্রায় সবাইকে অংশ নেওয়ারও আহ্বানও জানান তিনি।

সমাবেশ শেষ একটি বিক্ষোভ মিছিল বের করা হয়।