জলবায়ু ঝুঁকি নিয়ে গণমাধ্যম সম্মেলন শুরু
এশিয়া-প্যসিফিক ব্রডকাস্টিং ইউনিয়নের (এবিইউ) ‘ক্লাইমেটচেঞ্জ অ্যান্ড ডিজাস্টার রিস্ক রিডাকশন” শীর্ষক এক গণমাধ্যম সম্মেলন ঢাকায় শুরু হয়েছে।
বুধবার রাজধানীর সোনারগাঁও হোটেলে আয়োজিত তিন দিনব্যাপী এ সম্মেলনের উদ্বোধন করেন অর্থমন্ত্রী আবুল মাল আবদুল মুহিত।
সভায় এশিয়া-প্রশান্ত মহাসাগরীয় অঞ্চলের দেশগুলোর প্রতিনিধি যোগ দিয়েছেন।
বাংলাদেশ টেলিভিশন, বাংলাদেশ বেতার ও এবিইউ এ সম্মেলনের আয়োজন করে।
উদ্বোধনী অনুষ্ঠানে অর্থমন্ত্রী বলেন, “জলবায়ু পরিবর্তনের প্রভাবে আমাদের দেশ সবচেয়ে বেশি হুমকির মূখে থাকায় উন্নত দেশের দিকে তাকিয়ে না থেকে আমরা নিজেরাই অর্থায়ন করছি।”
‘ডোনাররা দেরিতে আসছে’ মন্তব্য করে তিনি বলেন, “তবে এখন আমরা দুর্যোগ মোকাবেলায় দক্ষতা অর্জন করেছি।”
দুর্যোগ সতর্কতায় বাংলাদেশের অনেক এগিয়ে যাওয়ার কথাও বলেন অর্থমন্ত্রী। তবে দুর্যোগ মোকাবেলার সক্ষমতা আরও বাড়ানোর কথা বলেন তিনি।
অনুষ্ঠানে তথ্যমন্ত্রী হাসানুল হক ইনু বলেন, “আমরা টেকসই উন্নয়ন নিশ্চিত করতে ভিশন ২০২১ ও ২০৪১ মধ্য ও দীর্ঘ মেয়াদি পরিকল্পনা নিয়ে এগিয়ে যাচ্ছি। এ মহাপরিকল্পনা অর্জনের টার্গেট নিয়ে এগুচ্ছি বলেই আমরা টানা অর্থনৈতিক প্রবৃদ্ধি ধরে রাখতে পারছি।”
ক্ষুধা ও দারিদ্র্যকে এই অঞ্চলের প্রধান চ্যালেঞ্জ বলে উল্লেখ করেন তথ্যমন্ত্রী।
