ত্রিমুখী ‘উন্নয়নে’ নাভিশ্বাস
একদিকে মেট্রোরেলের নির্মাণযজ্ঞ; অন্যদিকে চলতি মাসের শুরু থেকে যুক্ত হয়েছে পয়ঃনিষ্কাশন ব্যবস্থার উন্নয়ন এবং ডেসকোর ভূ-গর্ভস্থ বৈদ্যুতিক লাইন স্থাপনের কাজ।সব মিলিয়ে রাজধানীর ইব্রাহিমপুর, কাফরুল ও পূর্ব শেওড়াপাড়াবাসীর নাভিশ্বাস ওঠার মতো অবস্থা।
রাস্তা কেটে চলছে ভূ-গর্ভস্থ বৈদ্যুতিক লাইন বসানোর কাজ
এ অবস্থা থেকে পরিত্রাণ কবে মিলবে তা কেউ বলতেও পারছে না। আর ঢাকা উত্তর সিটি করপোরেশনের সঙ্গে দফায় দফায় যোগাযোগ করেও কোনো সাড়া মেলেনি।
গত শনিবার ওই এলাকায় গিয়ে দেখা যায়, পূর্ব শেওড়াপাড়া হয়ে ইব্রাহিমপুর-কাফরুলে ঢোকার রাস্তা খুঁড়ে সুয়ারেজের স্ল্যাব বসানোর কাজ চলছে; কিছু দূর পরপর খুলে রাখা হয়েছে সুয়ারেজের লাইন, তীব্র-উৎকট গন্ধ বেরোচ্ছে সেখান থেকে।
রাস্তা বন্ধ করে সিটি করপোরেশনের খোঁড়াখুঁড়ি
একই এলাকার উত্তরে কচুক্ষেত বাজার সংলগ্ন প্রায় এক কিলোমিটার রাস্তা কেটে চলছে ঢাকা ইলেকট্রিক সাপ্লাই কোম্পানি লিমিটেডের (ডেসকো) কাজ। ভূ-গর্ভস্থ বৈদ্যুতিক কেবল স্থাপনের এই কাজে নাকাল এলাকাবাসী।
মেট্রোরেলের কাজে বেগম রোকেয়া সরণীর কাটা অংশে বালু ফেলা হলেও জায়গায় জায়গায় খানখন্দ রয়ে গেছে, আর সেগুলো আশপাশের দোকানের ময়লা ফেলার ভাগাড় হিসেবে ব্যবহৃত হচ্ছে।
চলাচলে ঝুঁকির কারণ খোলা ম্যানহোল
“পরীক্ষার আগের রাতে বিদ্যুৎ ছিল না, গ্যাস ও পানি থাকছে না প্রতিদিনই। রাস্তা কেটে ফেলায় সকাল থেকেই মাথায় টেনশন কাজ করে; পরীক্ষার হলে সময়মত পৌঁছতে পারব কিনা।”
দক্ষিণ কাফরুলবাসী হালিমা বেগম বলেন, “ধুলাবালিতে টিকে থাকা দায় হয়ে গেছে, আর বৃষ্টি হলে তো কথাই নেই; কাদা-ময়লার নর্দমায় পরিণত হয় এলাকা, বন্দি হয়ে থাকতে হয়।”
প্রথম শ্রেণিপড়ুয়া মেয়েকে স্কুলে নিতে প্রতিদিনই ‘ঝক্কি’ পোহাতে হয় জানিয়ে তিনি বলেন, “বৃষ্টি হলে ভয় হয় মেয়েকে নিয়ে রাস্তা পার হতে, কখন যে গর্তে পড়তে হয়!”
উত্তর কাফরুলের বাসিন্দা আকসাদ আলম জানালেন, গত বৃহস্পতিবার তার বাবার বুকে ব্যথা শুরু হলে এলাকায় অ্যাম্বুলেন্স ঢোকানো সম্ভব হয়নি।
ক্ষোভ নিয়ে তিনি বলেন, “মেট্রোরেলের কাজ চলছে বেশ কয়েক মাস ধরে, এরপর আবার এত দিক থেকে রাস্তা কাটাকাটি! প্রতিবছরই দেখি রাস্তা কেটে পানি-গ্যাস-বিদ্যুতের লাইন ঠিক করা হচ্ছে; একবারে কি ঠিক করা যায় না?”
রাস্তা কেটে চলছে ভূ-গর্ভস্থ বৈদ্যুতিক লাইন বসানোর কাজ
পূর্ব শেওড়াপাড়ায় বিশ বছর ধরে মুদির দোকান চালান ইদ্রিস আলী। তিনি জানালেন, দোকানের সামনে সিটি করপোরেশনের কাজ চলায় বেচাবিক্রি প্রায় বন্ধ।
এ বিষয়ে জানতে চাইলে ঢাকা ম্যাস র্যাপিড ট্রানজিট ডেভেলপমেন্ট প্রজেক্টের (মেট্রোরেল) প্রকল্প পরিচালক মোফাজ্জল হোসেন দায় চাপালেন সিটি করপোরেশনের ওপর। তার অভিযোগ, ‘কাজে ফাঁকি দিচ্ছে’ সিটি করপোরেশন।
মেট্রোরেল প্রকল্পের কাজ শেষ হলেও এখনও ঠিক হয়নি রাস্তা
এ ব্যাপারে জানতে ঢাকা উত্তর সিটি করপোরেশনে যোগাযোগ করার চেষ্টা করা হলেও তাদের বক্তব্য পাওয়া যায়নি।
