২৩ নভেম্বর ২০২৬, ০৮ অগ্রহায়ণ ১৪৩৩

‘সন্তোষজনক রাজস্ব আদায়ে ব্যর্থ হলে অর্থ বরাদ্দ নয়’

সন্তোষজনক রাজস্ব আদায় করতে না পারলে সিটি করপোরেশন ও পৌরসভাগুলোকে সরকারি অনুদানের অর্থ বরাদ্দ দেওয়া হবে না বলে সতর্ক করেছেন স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায়মন্ত্রী খন্দকার মোশাররফ হোসেন।

জ্যেষ্ঠ প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 09 May 2017, 09:18 PM

Updated : 11 Oct 2022, 01:58 PM

মঙ্গলবার সচিবালয়ে তিনটি সিটি করপোরেশন ও ১১টি পৌরসভার মেয়রদের কাছে বেলারুশ থেকে কেনা ভারী যানবাহন ও যন্ত্রপাতি হস্তান্তর অনুষ্ঠানে রাজস্ব আদায় নিয়ে মেয়রদের সর্তক করেন মন্ত্রী।

তিনি বলেন, “জনগণ আপনাদের ট্যাক্স দেয়। বেসিক যে সার্ভিস পানি সরবরাহ, ইলেকট্রিসিটি, রাস্তাঘাট, যোগাযোগ ব্যবস্থা এটা আপানাদের ট্যাক্স দিয়ে করার কথা। স্বয়ংসম্পূর্ণ হওয়ার প্রচেষ্টা আপনাদের করতে হবে।

“একটা জিনিস আমরা বিবেচনা করব, সরকারের কাছ থেকে আপনারা যে অনুদান পান আপনাদের আদায় দেখে সামনে অ্যালোকেশন দেব, পারফরমেন্স বেইজ। আপনারা এক টাকাও আদায় করবেন না আমরা ২০ কোটি টাকা দেব, এটা কিন্তু সম্ভব হবে না।”

মোশাররফ বলেন, “পরববর্তী বাজেটে যখনই আমারা বরাদ্দ দেব আগে আমরা জিজ্ঞেস করব- বাজেটের কত শতাংশ আপনারা আদায় করতে পারছেন।”

স্থানীয় সরকারমন্ত্রী বলেন, “ট্যাক্স আদায় করতে গিয়ে ভোট পাব না, আর এটা সরকারের উপর দিয়ে যাবে। কথাটা কিন্তু আমি একেবারে খাস বাংলায় বলতেছি। এই অপ্রীতিকর কাজ তো সরকার করে দেবে না। আর ট্যাক্স আদায়কে অপ্রীতিকর বিবেচনাই বা আপনারা কেন করবেন?”

মেয়রদের উদ্দেশে মোশাররফ বলেন, আপনাদের যে আয় তার পরিপূর্ণ ব্যবহার করতে হবে। আপনাদের বাজেট আয় অনুযায়ী করতে হবে।

“বাজেট যাতে বাস্তবায়ন করতে পারেন সেজন্য সম্পদ আহরণ করতে হবে। আপনারা কিছুই করবেন না, প্রয়োজন হলে সরকারের কাছে একটা চিঠি দিয়ে দেবেন, সরকার আপনাদের টাকা দেবে না।”

স্থানীয় সরকার বিভাগের সচিব আবদুল মালেকের সভাপতিত্বে ঢাকা উত্তর সিটি করপোরেশনের মেয়র আনিসুল হক, স্থানীয় সরকার প্রকৌশল অধিদপ্তরের প্রধান প্রকৌশলী শ্যামা প্রসাদ অধিকারী, ঢাকা দক্ষিণ সিটি করপোরেশন ও নারায়ণগঞ্জ সিটি করপোরেশনের প্রধান নির্বাহী কর্মকর্তাসহ সংশ্লিষ্ট পৌরসভার মেয়ররা অনুষ্ঠানে উপস্থিত ছিলেন।