ওয়াজেদ মিয়ার মৃত্যুবার্ষিকী পালনে নানা কর্মসূচি
প্রধানমন্ত্রী শেখ হাসিনার স্বামী পরমাণু বিজ্ঞানী ড. এম এ ওয়াজেদ মিয়ার অষ্টম মৃত্যুবার্ষিকী পালনে নানা কর্মসূচি নিয়েছে বিভিন্ন সংগঠন।
মঙ্গলবার ড. ওয়াজেদ স্মৃতি সংসদতার গ্রামের বাড়ি ফতেপুর কবর জিয়ারত, মিলাদের কর্মসূচি গ্রহণ করেছে।
রংপুর শহরে দিনব্যাপী কর্মসূচি নিয়েছে আওয়ামী লীগ এবং এর সহযোগী সংগঠনগুলো।
ঢাকায় ওয়াজেদ মিয়ার বাসভবন সুধাসদনে মিলাদ মাহফিলের আয়োজন করা হয়েছে।
বিকালে বঙ্গবন্ধু এভিনিউয়ে আওয়ামী লীগের কেন্দ্রীয় কার্যালয়ে ঢাকা মহানগর দক্ষিণ আওয়ামী লীগ মিলাদ ও দোয়া মাহফিল আয়োজন করেছে।
২০০৯ সালের ৯ মে মারা যান ওয়াজেদ মিয়া।
১৯৪২ সালের ১৬ ফেব্রুয়ারি রংপুরের পীরগঞ্জ উপজেলার ফতেপুর গ্রামে ওয়াজেদ মিয়ার জন্ম। প্রয়াত আবদুল কাদের মিয়া ও ময়জান নেছার সন্তান ওয়াজেদ মিয়া ‘সুধা মিয়া’ নামেই বেশি পরিচিত ছিলেন।
ওয়াজেদ মিয়া ১৯৬১ সালে ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে পদার্থবিজ্ঞানে স্নাতক (সম্মান) পরীক্ষায় প্রথম শ্রেণিতে তৃতীয় এবং ১৯৬২ সালে স্নাতকোত্তর পরীক্ষায় প্রথম শ্রেণিতে প্রথম স্থান লাভ করেন।
১৯৬৭ সালে তিনি যুক্তরাজ্যের ডারহাম বিশ্ববিদ্যালয় থেকে পিএইচডি ডিগ্রি অর্জন করেন। ১৯৬৫ সালে তিনি তৎকালীন পাকিস্তান আণবিক শক্তি কমিশনে যোগ দিয়ে চাকরি জীবন শুরু করেন। পরে আণবিক শক্তি কমিশনের চেয়ারম্যানেরও দায়িত্ব পালন করেন তিনি।
ছাত্রজীবনে ছাত্রলীগে যুক্ত ওয়াজেদ মিয়া ১৯৬১ সালে ফজলুল হক হল ছাত্র সংসদের ভিপি নির্বাচিত হন।
১৯৬৭ সালে বঙ্গবন্ধুকন্যা শেখ হাসিনারসঙ্গে তার বিয়ে হয়।
পদার্থবিজ্ঞান বিষয়ে বেশ কয়েকটি বই রয়েছে ওয়াজেদ মিয়ার। রাজনীতি নিয়েও বই লিখেছেন তিনি।
