২৩ নভেম্বর ২০২৬, ০৮ অগ্রহায়ণ ১৪৩৩

শিক্ষা ব্যবস্থা ঢেলে সাজানোর দাবি রওশনের

দেশের শিক্ষা ব্যবস্থা যুগোপযোগী করতে ঢেলে সাজানোর দাবি জানিয়েছেন বিরোধী দলীয় নেতা রওশন এরশাদ।

সংসদ প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 08 May 2017, 11:45 PM

Updated : 19 Aug 2022, 04:33 PM

সোমবার জাতীয় সংসদে পঞ্চদশ অধিবেশনের সমাপনী ভাষণে এ কথা বলেন তিনি।

তিনি বলেন, “এসএসসি পরীক্ষার যে ফলাফল হয়েছে তা হতাশাজনক। শিক্ষার্থীরা স্বাধীনতা দিবস-জাতীয় দিবস কবে, রাষ্ট্রপতির নাম কী তা জানে না। এ শিক্ষা পদ্ধতি সংস্কারের বিষয়ে প্রধানমন্ত্রীও বলেছেন।

“শিক্ষা পদ্ধতি আরেকটু ঢেলে সাজাতে হবে। যুগোপযোগী করতে পদক্ষেপ নিতে হবে। উচ্চ শিক্ষার লক্ষ্যে আগামী প্রজন্মকে তৈরি করতে হবে। বাংলার পাশাপাশি ইংরেজিসহ নানা ভাষা শেখার বিষয়ে উদ্যোগ নিতে হবে।”

জলবায়ু পরিবর্তনের প্রভাবে বাংলাদেশ ক্ষতিগ্রস্ত হওয়ার প্রসঙ্গ তুলে ধরেন রওশন।

ডিজিটাল বাংলাদেশের সঙ্গে তাল মিলিয়ে শিক্ষার্থীদের তৈরি করার আহ্বান জানান সংসদে বিরোধীদলীয় এ নেতা।

তিনি বলেন, “দেশে অনাবৃষ্টি, অতিবৃষ্টি হচ্ছে। দেশ বেশ ঝুঁকিতে রয়েছে, তা মোকাবেলার জন্যে চিন্তাভাবনা করতে হবে। ইতোমধ্যে সুনামগঞ্জে হাওর-বাওরে এর নেতিবাচক প্রভাব দেখা যাচ্ছে।”

দুর্গত এলাকায় প্রধানমন্ত্রীর সফরের প্রশংসা করে রওশন বলেন, “অকাল বন্যায় সুনামগঞ্জের দুর্গত এলাকায় প্রধানমন্ত্রী নিজে গিয়েছেন, যথাযথ পদক্ষেপ নিয়েছেন। আগামীতেও পদক্ষেপ নেবেন আশা করি।”

কর্মসংস্থান সৃষ্টি করার দাবি জানিয়ে তিনি বলেন, “১৭ কোটি মানুষের কথা চিন্তা করতে হবে; যাদের অধিকাংশই তরুণ। কর্মসংস্থানের ব্যবস্থা করতে হবে। কলকারখানা চালু করছে না। পাটকল চালু করলে দুই থেকে পাঁচ হাজার লোকের কর্মসংস্থান হত।”

মাদকে মাদকে সারা দেশে ছেয়ে গেছে অভিযোগ করে কর্মহীনদের নেতিবাচক কাজে সম্পৃক্ততার প্রসঙ্গ টানেন রওশন।

তিনি বলেন, “কর্মসংস্থান না থাকলে মাদক, চুরিতে জড়ায় তরুণ প্রজন্ম। তাদের রক্ষা করতে হবে। প্রত্যেকটা জেলা উপজেলায় মানুষ মাদকের ব্যবসা করছে; কারণ কর্মসংস্থান নেই। মাদকের ব্যবসায় টাকা মেলে; এ জন্যে এতে ঝুঁকছে তারা।”

স্বরাষ্ট্রমন্ত্রীর দৃষ্টি আকর্ষণ করে বিরোধী দলীয় নেতা বলেন, “যেভাবে স্বরাষ্ট্রমন্ত্রী জঙ্গি দমন করছেন, মাদকের বিষয়েও সফল হবেন আশা করি। আরও বেশি সিরিয়াস হয়ে নামলে মাদকের গ্রাস কমে যাবে। প্রতিটি এলাকায় মাদকবিরোধী অভিযান, মাদকের কুফল প্রচার করতে হবে।”

প্রবাস আয়ে নজর দেওয়ার আহ্বান জানিয়ে রওশন বলেন, রেমিটেন্স এখন অনেক কমে গেছে। কারিগরি শ্রমিকদের বাইরে পাঠাতে পারলে অনেক প্রবাস আয় আসবে।

নিত্যপ্রয়োজনীয় মূল্যের দাম নিয়ন্ত্রণে রাখার দাবিও জানান তিনি।

“রমজানকে সামনে রেখে ছোলার দাম বেড়ে যাচ্ছে। দাম নিয়ন্ত্রণে রাখতে হবে, যাতে মানুষের কষ্ট না হয়।”

এবারের ইন্টার পার্লামেন্টারি ইউনিয়ন-আইপিইউ সম্মেলনে দেশের ইতিবাচক ভাবমূর্তি হয়েছে বলে মনে করেন রওশন।

“এবার আইপিইউ সম্মেলন আয়োজন করায় দেশের ভাবমূর্তি আরও বেশি উজ্জ্বল হয়েছে। প্রথম পরিবেশ বান্ধব গ্রিন এসেম্বলি হয়েছে এখানে। এ ধরনের আয়োজন দেশে প্রথম হয়েছে। অত্যন্ত ফলপ্রসূ আলোচনা হয়েছে।”

নিজের জন্য প্লট চাইলেন রওশন

সাংসদদের জন্য প্লট বরাদ্দ দেওয়ার দাবি জানান বিরোধী দলীয় নেতা রওশন এরশাদ। এসময় নিজের জন্য প্লট বরাদ্দের প্রসঙ্গটিও তুলে ধরেন তিনি।

প্রধানমন্ত্রীকে উদ্দেশ করে বিরোধীদলীয় নেতা বলেন, “সংসদ সদস্যদের সবাই প্লট পায় নি, আপনি প্লট দেবেন। আমিও কিন্তু পাই নি।”