২৩ নভেম্বর ২০২৬, ০৮ অগ্রহায়ণ ১৪৩৩

সোনা চোর চক্রের ছয় সদস্য গ্রেপ্তার

রাজধানীসহ দেশের বিভিন্ন এলাকায় অভিযান চালিয়ে সোনা চোর চক্রের ছয় সদস্যকে গ্রেপ্তার করেছে পুলিশ।

নিজস্ব প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 08 May 2017, 10:58 PM

Updated : 19 Aug 2022, 04:33 PM

গ্রেপ্তাররা হলেন, পারভীন আক্তার শাহীনুর ওরফে আলপিনা খাতুন, শুভ বনিক, ভানু লাল বনিক, অমিত দেবনাথ, কৃষ্ণ চন্দ্র কর্মকার ও সুজন বনিক।

গ্রেপ্তারের সময় তাদের কাছ থেকে ৪৫ ভরি স্বর্ণালংকার ও ২৫ খণ্ড ডায়মন্ড উদ্ধার করা হয় বলে মহানগর পুলিশের এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়।

এতে বলা হয়, রাজধানীর গুলশানের রাশেদুল ইসলামের বাসায় কাজের বুয়া হিসাবে আলপিনা খাতুন কাজ করতেন। গত ৫ মার্চ দুপুরে ওই বাসা থেকে ৬০ ভরি স্বর্ণালংকার চুরি করে নিয়ে যান তিনি।

এ অভিযোগের ভিত্তিতে গত ৪ মে আলপিনা খাতুনকে নেত্রকোনায় তার গ্রামের বাড়ি থেকে গ্রেপ্তার করা হয়। তার দেওয়া তথ্য অনুযায়ী ১৮ ভরি ওজনের স্বর্ণালংকার উদ্ধার করা হয়।

Image
ফাইল ছবি

ফাইল ছবি

জিজ্ঞাসাবাদে আলপিনার দেওয়া তথ্যে ব্রাহ্মণবাড়িয়ার লাকি বাজার থেকে চোরাই সোনা কেনার অপরাধে শ্রী দুর্গা শিল্পালয়ের সোনার দোকানদার শুভ বনিক ও ভানু লাল বনিককে এবং মাতৃ স্বর্ণ শিল্পালয়ের মালিক অমিত দেবনাথকে তিন ভরি গলানো সোনাসহ গ্রেপ্তার করা হয়।

এছাড়া আলপিনা ২০১৬ সালের ১৭ সেপ্টেম্বর গুলশানের বাসিন্দা খন্দকার জামিল উদ্দিনের বাসা থেকে ২৭ ভরি ওজনের স্বর্ণালংকার ও ডায়মন্ডের অলংকার চুরি করে পালিয়ে যায়।

ওই ঘটনার বিষয়ে জিজ্ঞাসাবাদের পর তার দেওয়া তথ্যে ময়মনসিংহের গৌরীপুর থানার শ্যামগঞ্জ বাজারের স্বর্ণকার কৃষ্ণ চন্দ্র কর্মকার ও ব্রাহ্মণবাড়িয়ার লাকি বাজার হতে সুজন বনিককে গ্রেপ্তার করে পুলিশ।

প্রাথমিক জিজ্ঞাসাবাদে আসামিরা জানায়, পারভীন আক্তার শাহীনুর ওরফে আলপিনা খাতুনের কাছ থেকে তারা চোরাই স্বর্ণ ও ডায়মন্ড কেনে। সুজন বনিকের কাছ থেকে কাছ থেকে ২৫ খণ্ড ডায়মন্ড উদ্ধার করা হয়।