শিশু একাডেমীতে রবীন্দ্র জন্মজয়ন্তী পালন
নানা আয়োজনে কবিগুরু রবীন্দ্রনাথ ঠাকুরের জন্মজয়ন্তী পালন করেছে বাংলাদেশ শিশু একাডেমী।
সোমবার বিকালে একাডেমী মিলনায়তনে আলোচনা সভা ও শিশুদের সাংস্কৃতিক অনুষ্ঠানের মাধ্যমে পালন করা হয় কবিগুরুর এবারের জন্মজয়ন্তী।
আলোচনা পর্বে উপস্থিত ছিলেন মহিলা ও শিশু বিষয়ক মন্ত্রণালয়ের সচিব নাছিমা বেগম।
শিশুদের উদ্দেশে তিনি বলেন, “আমাদের মূলধারা ভুলে গেলে চলবে না। রবীন্দ্রনাথ জমিদার পরিবারের হয়েও যেভাবে সাধারণ মানুষ আর দেশ নিয়ে ভাবতেন, তোমাদেরও প্রস্তত হতে হবে ভবিষ্যতে দেশকে এগিয়ে নিয়ে যাওয়ার।”
কবি আসাদ চৌধুরী বলেন, “এত কবি সাহিত্যিক এত ঔপন্যাসিকদের মধ্যে রবীন্দ্রনাথই একমাত্র বাঙালির শেকড় ধরতে পেরেছিলেন। সবাই ভেবেছিলেন ইউরোপের শিক্ষা ব্যবস্থার মধ্য দিয়ে যে সভ্যতা, যে কৃষ্টি সৃষ্টি হয়েছিল, সেটিই আসল।
সভাপতির বক্তব্যে শিশু একাডেমির চেয়ারম্যান কথাসাহিত্যিক সেলিনা হোসেন বলেন, “রবীন্দ্রনাথ তার ছিন্নপত্রের একশ বেয়াল্লিশ নম্বর চিঠিতে লিখেছিলেন, বাংলাদেশে তিন ধরনের দুর্যোগ আছে। একটি প্রাকৃতিক দুর্যোগ, একটি রাষ্ট্র ব্যবস্থার দুর্যোগ আর একটি ধর্ম শাস্ত্রের দুর্যোগ।
“এখন বাংলাদেশে আমাদের জীবনে এইগুলো অনেক বেশি চিত্রিত হচ্ছে। রবীন্দ্রনাথ আমাদের প্রতিদিনের জীবনের যে কথাগুলো একশ বছর আগে বলেছিলেন, তা আজ এসে গেছে।”
আলোচনা সভা শেষে শিশু একাডেমির শিশু শিল্পীরা গান, আবৃত্তি ও নাচ পরিবেশন করে।
