ঢাবি নীল দলের সভায় হট্টগোল
ঢাকা বিশ্ববিদ্যালয়ের সিনেট নির্বাচনের প্রার্থী নির্ধারণে আওয়ামী লীগ সমর্থক শিক্ষকদের নীল দলের সভা শেষ হয়েছে হট্টগোলের মধ্য দিয়ে।
সিনেটে ৩৫জন শিক্ষক প্রতিনিধি নির্বাচন হবে আগামী ২২ মে। ওই নির্বাচনে কাদের প্রার্থী করা হবে সে সিদ্ধান্ত নিতে বিশ্ববিদ্যালয়ের টিএসসি ক্যাফেটেরিয়া রোববার বিকাল ৫টার দিকে বসেন নীল দলের শিক্ষকরা। সাড়ে চার ঘণ্টার বেশি সময় ধরে আলোচনার পর সিদ্ধান্ত ছাড়াই রাত সাড়ে ৯টার দিকে শেষ হয় সভা।
সভায় উপস্থিত একাধিক শিক্ষক বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে জানান, শিক্ষকদের একাংশ সিনেট নির্বাচনের প্যানেল দেওয়ার আগে নীল দলের নতুন কমিটি করার দাবি তোলেন। অপর পক্ষ বর্তমান আহ্বায়ক কমিটির অধীনে কার্যক্রম চালিয়ে যাওয়ার কথা বলেন।
নাম প্রকাশের অনিচ্ছুক একজন শিক্ষক বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, “আহ্বায়ক কমিটি দীর্ঘদিন মিটিং দেয় না। এক বছরের জন্য কমিটি হলেও দুই বছর পার হয়ে গেছে।
“আপনারা (বর্তমান নেতৃত্ব) কমিটি করেন, আপনারা বৈধ না। পরে নির্বাচনটা হোক, আমরা নির্বাচনের বিরুদ্ধে না। নির্বাচনটা হোক একটা বৈধ কনভেনিং কমিটির মধ্য দিয়ে। বর্তমান কনভেনিং কমিটিসহ এর সাথে দুইজন যুক্ত করে সিনেট নির্বাচনের নমিনেশনগুলো দেওয়া হোক।”
এ বিষয়ে সমাজবিজ্ঞানের অধ্যাপক সাদেকা হালিম বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম বলেন, “আমি মনে করি, যারা নিবেদিত শিক্ষক, যারা জাতীয় পর্যায়ে অবদান রাখে তাদের না রেখে আড়াই বছরের কনভেনিং কমিটি রাখতে চাচ্ছেন।তাদের উদ্দেশ্য যাতে এর বাইরে আমরা কিছু করতে না পারি, কেউ নমিনেশন না পাই। যারা শিক্ষক সমিতি তারা ডিন, সিন্ডিকেট তারাই।”
সিনেট নির্বাচনে প্রার্থী দেওয়ার আগে নীল দলের নতুন আহ্বায়ক কমিটি করার প্রতিশ্রুতি দেওয়া হয়েছিল জানিয়ে তিনি বলেন, “জানুয়ারি মাসে কথা দিয়েছিল, তার আগে ডিসেম্বর মাসেও দিয়েছিল, কিন্তু হয়নি। নীল দলের আহ্বায়ক কমিটি করা হোক, কমিটি না হলে সিনেট নির্বাচনের উপলক্ষে একটা প্রস্তুতি কমিটির জন্য সাতজন শিক্ষকের নাম দেওয়া হয়েছিল, কিন্তু উনারা সেটা মানেনি।”
ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষক সমিতির সভাপতি অধ্যাপক এ এস এম মাকসুদ কামাল বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম বলেন, “আমি বলেছিলাম সমাঝোতার মধ্য দিয়ে কনভেনিং কমিটির সঙ্গে আরও দুই-একজনকে যুক্ত করা হোক, যারা নির্বাচনসহ অন্যান্য বিষয়গুলো দেখবেন। যাতে করে দলের ইন্টিগ্রিটি রক্ষা পায়।”
এ বিষয়ে বক্তব্যের জন্য রাতে নীল দলের আহ্বায়ক বিশ্ববিদ্যালয়ের পুষ্টি ও খাদ্য বিজ্ঞান ইনস্টিটিউটের অধ্যাপক নাজমা শাহীনের সঙ্গে যোগাযোগ করা হলে তিনি ফোনে কথা বলতে চাননি।
