আন্তর্জাতিক সম্মাননা পেলেন বৈমানিক মাহবুব হেলাল
বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের বৈমানিক ক্যাপ্টেন সৈয়দ মাহবুব হেলালকে বিশ্ব বৈমানিকদের সর্বোচ্চ খেতাব ‘আজীবন সম্মাননা’ দিয়েছে ইন্টারন্যাশনাল ফেডারেশন অব এয়ারলাইন্স পাইলটস এসোসিয়েশন (ইফাআলপা)।
বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের জনসংযোগ বিভাগের মহাব্যবস্থাপক শাকিল মেরাজ বলেন, গত ৬ মে ইন্টারন্যাশনাল সিভিল এভিয়েশন অর্গানাইজেশন (আইকাও) এবং ইন্টারন্যাশনাল ফেডারেশন অব এয়ারলাইন্স পাইলটস অ্যাসোসিয়েশন (ইফাআলপা)’র সদর দপ্তর কানাডার মন্ট্রিয়ালে চলমান বিশ্ব বৈমানিকদের ৭২তম বার্ষিক সম্মেলনের অনুষ্ঠানে মাহবুব হেলালকে সম্মাননা দেওয়া হয়।
আইকাও ও ফেডারেল এভিয়েশন অ্যাডমিনস্ট্রেশন (এফএএ) কর্মকর্তাসহ ৫৫০ জনপ্রতিনিধির উপস্থিতিতে বৈমানিক মাহবুব হেলালকে আজীবন সম্মাননা দেওয়া হয়।
প্রতি ৫ বছর পর পর সারাবিশ্বের বৈমানিকদের মধ্য থেকে জুরি বোর্ড নির্বাচিত একজনকে এই সম্মাননা দেওয়া হয় বলে বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে।
বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, “এই প্রথম এশিয়া মহাদেশের কোনো বৈমানিক এই সম্মাননা পেলেন, যা বিমান বাংলাদেশ এয়ারলাইন্স ও বাংলাদেশের জন্য একটি পরম প্রাপ্তি।”
ক্যাপ্টেন হেলাল ১৯৮৪ সালে বৈমানিক হিসেবে বিমান বাংলাদেশ এয়ারলাইন্সে যোগদান করেন। তিনি চারবার বাংলাদেশ এয়ারলাইন্স পাইলটস অ্যাসোসিয়েশনের (বাপা) সভাপতি এবং তিন বার সাধারণ সম্পাদক ছিলেন।
