২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

দক্ষিণ এশীয় সহযোগিতা ‘বিস্তৃত হল মহাকাশে’

ভারতের সাউথ এশিয়া স্যাটেলাইটের সফল উৎক্ষেপণের মধ্য দিয়ে এই অঞ্চলে সহযোগিতার নতুন দিগন্ত উন্মোচিত হল বলে মনে করছেন সাত দেশের নেতারা। 

জ্যেষ্ঠ প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 05 May 2017, 09:23 PM

Updated : 11 Oct 2022, 01:57 PM

পুরনো খবর:

সাউথ এশিয়া স্যাটেলাইটের ‘সফল’ উৎক্ষেপণ

এই স্যাটেলাইট আবহাওয়ার পূর্বাভাস, দুর্যোগ পরিস্থিতিতে জরুরি যোগাযোগ, টেলি-শিক্ষা, টেলি-মেডিসিন ও অন্যান্য প্রযুক্তির ক্ষেত্র সম্প্রসারণ করে দক্ষিণ এশিয়ার চেহারা বদলে দেবে বলে আশা করছেন তারা।

ভারতের উদ্যোগে এই স্যাটেলাইট উৎক্ষেপণে অংশীদার হিসেবে রয়েছে বাংলাদেশ, আফগানিস্তান, নেপাল, ভুটান, শ্রীলঙ্কা ও মালদ্বীপ।

ভারতের মহাকাশ গবেষণা সংস্থা ইসরোর তৈরি ৪০ কোটি ডলারের এই জিওস্টেশনারি কমিউনিকেশন স্যাটেলাইট শুক্রবার বিকালে শ্রীহরিকোটার সতীশ ধাওয়ান স্পেস সেন্টার থেকে উৎক্ষেপণ করা হয়।

এরপর ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী ভিডিও কনফারেন্সে বাংলাদেশের প্রধানমন্ত্রী শেখ হাসিনা, আফগানিস্তানের প্রেসিডেন্ট আশরাফ ঘানী, ভুটানের প্রধানমন্ত্রী শেরিং তোবগে, মালদ্বীপের আবদুল্লা ইয়ামিন, নেপালের প্রধানমন্ত্রী পুষ্প কমল দহল ও শ্রীলঙ্কার প্রেসিডেন্ট মাইথ্রিপালা শ্রীসেনার সঙ্গে যুক্ত হন।

শুরুতেই সাত দেশের নেতাদের স্যাটেলাইটের সফল উৎক্ষেপণের সুখবর দেওয়া হয়। পরে স্যাটেলাইট উৎক্ষেপণের ওপর একটি তথ্যচিত্র দেখানো হয়। 

স্যাটেলাইট উৎক্ষেপণের এই দিনকে ঐতিহাসিক অভিহিত করে নরেন্দ্র মোদী বলেন, “এটি মহাকাশে দক্ষিণ এশিয়ার সহযোগিতার প্রতীক হিসেবে থাকবে এবং মহাকাশে এই সাত দেশের সহযোগিতার ক্ষেত্রকে আরও সম্প্রসারিত করবে।” 

এই প্রকল্পে সমর্থন দেওয়ার জন্য অংশগ্রহণকারী দেশগুলোর সরকারের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করে তিনি বলেন, “সবার সমর্থন ছাড়া এটা সম্ভব হত না।” 

মোদী বলেন, “আমরা একসাথে এই অঞ্চলের জনগণের জন্য শান্তি নিশ্চিত করতে পারব। আমাদের সকলে মিলে আমাদের জনগণের জন্য সহযোগিতার ক্ষেত্র নিশ্চিত করব। সংঘাত না উন্নয়ন করব; ধ্বংস না, দারিদ্র্য নয়, সমৃদ্ধি।”

দক্ষিণ এশীয় আঞ্চলিক সহযোগিতা সংস্থা সার্কের আট সদস্যের মধ্যে শুধু পাকিস্তান ছাড়া বাকি দেশগুলোর অংশগ্রহণে এই প্রথম স্যাটেলাইট পাঠানো হল মহাকাশে।

কনফারেন্সের শেষাংশে ধন্যবাদ জ্ঞাপনে মোদী সহযোগিতার মাধ্যমে এই অঞ্চলের শান্তি ও সমৃদ্ধি আনার কথা বলেন।

“আমাদের একসাথে সকলের উন্নয়ন নিশ্চিত করতে হবে,” বলেন তিনি।

গণভবন থেকে ভিডিও কনফারেন্সে যুক্ত বাংলাদেশের প্রধানমন্ত্রী শেখ হাসিনা বক্তব্যে এই স্যাটেলাইটের সফল উৎক্ষেপণের জন্য ভারতীয় সরকারকে অভিনন্দন জানান।

তিনি বলেন, “এই অঞ্চলের দেশগুলোর মধ্যে বিভিন্ন ক্ষেত্রে সহযোগিতা দক্ষিণ এশিয়ার জনগণের জীবনমানের উন্নয়ন করবে।”

গত মাসে তার ভারত সফরে মহাকাশের শান্তিপূর্ণ ব্যবহারে সহযোগিতা নিয়ে সমঝোতা স্মারক স্বাক্ষরিত হওয়ার কথা উল্লেখ করে শেখ হাসিনা বলেন, “দক্ষিণ এশিয়ায় শান্তি নিশ্চিত করতে আমরা সকল প্রতিবেশী দেশের সাথেই সহযোগিতাপূর্ণ সম্পর্ক নিশ্চিত করতে চাই।”

বাংলাদেশ ও ভারতের মধ্যে বিভিন্ন ক্ষেত্রে সহযোগিতার কথা তুলে ধরে তিনি বলেন, “এই স্যাটেলাইটের ফলে স্থল ও জলের পর মহাকাশে আমাদের মধ্যে যোগাযোগে স্থাপিত হবে।”

আগামী দিনে সহযোগিতার নতুন দিগন্ত উন্মোচিত হবে মন্তব্য করে তিনি বলেন, “এর ফলে দক্ষিণ এশিয়ার চেহারা বদলে যাবে।”

শেখ হাসিনার বক্তব্যের আগে আফগানিস্তানের প্রেসিডেন্ট আশরাফ ঘানী সবাইকে অভিনন্দন জানিয়ে বলেন, “আঞ্চলিক সহযোগিতার ক্ষেত্রটি বাস্তবিক অর্থে পরিবর্তিত হল।”

ভুটানের প্রধানমন্ত্রী এই স্যাটেলাইট উৎক্ষেপণকে ঐতিহাসিক অভিহিত করে ভারতের প্রধানমন্ত্রীকে অভিনন্দন জানান। 

সাউথ এশিয়া স্যাটেলাইটকে তার দেশের জনগণের জন্য ‘অমূল্য উপহার’ হিসাবে উল্লেখ করে মালদ্বীপের প্রেসিডেন্ট বলেন, এতে মালদ্বীপের জনগণের জীবনমানের উন্নয়ন হবে। 

নেপালের প্রধানমন্ত্রী আগামীতে এ রকম যে কোনো উদ্যোগের সাথে তার দেশের অংশ নেওয়ার কথা বলেন। 

শ্রীলঙ্কার প্রেসিডেন্ট এই উদ্যোগে তার দেশকে সঙ্গে রাখার জন্য নরেন্দ্র মোদীকে ধন্যবাদ জানান। 

অনুষ্ঠানে শেখ হাসিনার সঙ্গে ছিলেন বাংলাদেশের পররাষ্ট্রমন্ত্রী এ এইচ মাহমুদ আলী, প্রধানমন্ত্রীর উপদেষ্টা এইচ টি ইমাম, পররাষ্ট্র প্রতিমন্ত্রী শাহরিয়ার আলম, ডাক ও টেলিযোগাযোগ প্রতিমন্ত্রী তারানা হালিম, বাংলাদেশে ভারতের হাই কমিশনার হর্ষবর্ধন শ্রীংলা।