২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

সাউথ এশিয়া স্যাটেলাইট উৎক্ষেপণ শুক্রবার

আলোচিত সাউথ এশিয়া স্যাটেলাইট উৎক্ষেপণ হচ্ছে শুক্রবার, এ উপলক্ষে পাকিস্তান ছাড়া দক্ষিণ এশিয়ার সব দেশের সরকার প্রধান যুক্ত হবেন ভিডিও কনফারেন্সে।

জ্যেষ্ঠ প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 05 May 2017, 12:01 AM

Updated : 11 Apr 2022, 11:31 PM

ভারত নিজে উদ্যোগ নেওয়ার পর ২০১৪ সালে সার্ক সম্মেলনে দক্ষিণ এশিয়ার সব দেশকে এই উপগ্রহে যুক্ত হওয়ার আহ্বান জানিয়েছিল। পাকিস্তান ছাড়া বাংলাদেশসহ অন্য সব দেশ এতে সাড়া দেয়।

বাংলাদেশ নিজস্ব কৃত্রিম উপগ্রহ বঙ্গবন্ধু স্যাটেলাইট উৎক্ষেপণের পরিকল্পনা গ্রহণ করলেও বঙ্গবন্ধু স্যাটেলাইট বাধাগ্রস্ত হবে না নিশ্চিত হওয়ার পর সাউথ এশিয়া স্যাটেলাইটে যুক্ত হওয়ার সিদ্ধান্ত নেয়।

ইন্ডিয়ান স্পেস রিসার্চ অর্গানাইজেশন-ইসরোর তৈরি করা জিওস্টেশনারি কমিউনিকেশন স্যাটেলাইটটি শুক্রবার সন্ধ্যা ৬টার দিকে শ্রীহরিকোটার সতীশ ধাওয়ান স্পেস সেন্টার থেকে উৎক্ষেপণ করা হবে।

ইসরোর তথ্য অনুযায়ী, তাদের নিজস্ব রকেট জিএসএলভি-এফ০৯ এ করে স্যাটেলাইটটি উৎক্ষেপণ করা হবে।

গত মাসে ভারতের হাই কমিশনার হর্ষ বর্ধন শ্রিংলা জানিয়েছিলেন, এই কৃত্রিম উপগ্রহ উৎক্ষেপণের ৪০ কোটি ডলারের পুরো ব্যয় বহন করছে তার দেশ।

‘সাউথ এশিয়া স্যাটেলাইট’ এর ১২টি ট্রান্সপন্ডারের মধ্যে একটি বিনামূল্য পাচ্ছে বাংলাদেশ এবং তা যেভাবে ইচ্ছা ব্যবহার করা যাবে।

টেলি মেডিসিন, টেলি শিক্ষা, আন্তঃসরকার নেটওয়ার্ক, দুর্যোগ পরিস্থিতিতে জরুরি যোগাযোগ, টেলিভিশন ব্রডকাস্ট, ডিটিএইচ টেলিভিশন সেবায় সুবিধা পাওয়া যাবে বিটিআরসির চেয়ারম্যান শাহজাহান মাহমুদ জানিয়েছেন।

এই স্যাটেলাইটের নাম প্রথমে সার্ক স্যাটেলাইট ঠিক করা হলেও পাকিস্তান না আসায় নাম বদলে রাখা হয় সাউথ এশিয়া স্যাটেলাইট।

সাউথ এশিয়া স্যাটেলাইটকে আঞ্চলিক সহযোগিতার দৃষ্টান্ত বলছেন ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী।

গত ১ মে স্যাটেলাইট উৎক্ষেপণের তারিখ ঘোষণা করে এই উদ্যোগে যুক্ত হওয়ায় বাংলাদেশ, নেপাল, ভুটান, মালদ্বীপ, শ্রীলঙ্কা ও আফগানিস্তানকে ধন্যবাদ জানান তিনি।