২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

বিশ্বকবির জন্মবার্ষিকীতে নানা আয়োজন

বিশ্বকবি রবীন্দ্রনাথ ঠাকুরের ১৫৬তম জন্মবার্ষিকী উদযাপন উপলক্ষে নানা কর্মসূচি গ্রহণ করেছে সরকার।

নিজস্ব প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 04 May 2017, 08:52 PM

Updated : 19 Aug 2022, 04:32 PM

এ বছর জন্মবার্ষিকীর মূল অনুষ্ঠান হবে রবীন্দ্র স্মৃতিবিজড়িত নওগাঁর পতিসরে।

২৫শে বৈশাখ বেলা আড়াইটায় নওগাঁর পতিসরে রবীন্দ্র কাচারি বাড়ির দেবেন্দ্র মঞ্চে উদ্বোধনী অনুষ্ঠানে রাষ্ট্রপতি মো. আবদুল হামিদের প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকার কথা রয়েছে।

সোমবারের ওই অনুষ্ঠানে সভাপতিত্ব করবেন সংস্কৃতিমন্ত্রী আসাদুজ্জামান নূর। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত থাকবেন বস্ত্র ও পাটমন্ত্রী মুহাম্মদ ইমাজউদ্দিন প্রামাণিক ও নওগাঁ-৬ আসনের সংসদ সদস্য ইসরাফিল আলম।

এবার বিশ্বকবি রবীন্দ্রনাথ ঠাকুরের ১৫৬তম জন্মবার্ষিকী উদযাপনের প্রতিপাদ্য নির্ধারণ করা হয়েছে ‘মানুষের ধর্ম: রবীন্দ্রনাথ ও সমকালীন প্রাসঙ্গিকতা’। এ বিষয়ে উদ্বোধনী অনুষ্ঠানে স্মারক বক্তব্য দেবেন অধ্যাপক হায়াৎ মামুদ।

আলোচনার পর উদ্বোধনী অনুষ্ঠানে বাংলাদেশ শিল্পকলা একাডেমির ব্যবস্থাপনায় ৩০ মিনিটের সাংস্কৃতিক পর্ব থাকবে।

কবিগুরুর স্মৃতিবিজড়িত কুষ্টিয়ার শিলাইদহ, সিরাজগঞ্জের শাহজাদপুর এবং খুলনার দক্ষিণডিহি ও পিঠাভোগসহ ঢাকায় কবিগুরুর জন্মবার্ষিকী উদযাপন করা হবে। এ উপলক্ষে রবীন্দ্রমেলা, রবীন্দ্রবিষয়ক আলোচনা, সাংস্কৃতিক অনুষ্ঠানসহ বিভিন্ন অনুষ্ঠানমালার আয়োজন করবে স্থানীয় প্রশাসন।

এ উপলক্ষে বাংলাদেশ শিল্পকলা একাডেমি তিনদিনব্যাপী কবির চিত্রশিল্প প্রদর্শনী ও সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করবে।

বাংলা একাডেমি ঢাকা বিশ্ববিদ্যালয়ের চারুকলা অনুষদের সহযোগিতায় কবিগুরুর জন্মবার্ষিকীর স্মরণিকা ও পোস্টার মুদ্রণ করবে।

কবিগুরুর জন্মবার্ষিকী উদযাপন উপলক্ষে বাংলা একাডেমিতে আলোচনা অনুষ্ঠানের আয়োজন করবে বাংলা একাডেমি।

বাংলা একাডেমি ইতোমধ্যেই ‘রবীন্দ্র পুরস্কার’ ঘোষণা করেছে। এ বছর রবীন্দ্র সাহিত্যের গবেষণায় সামগ্রিক অবদানের স্বীকৃতিস্বরূপ অধ্যাপক হায়াৎ মামুদ ও রবীন্দ্রচর্চার স্বীকৃতি হিসেবে শিল্পী মিতা হক পাচ্ছেন এই পুরস্কার।

আগামী রোববার বিকাল ৪টায় বাংলা একাডেমির আবদুল করিম সাহিত্যবিশারদ মিলনায়তনে এক অনুষ্ঠান থেকে এ পুরস্কার তাদের হাতে তুলে দেওয়া হবে।

পুরস্কার তুলে দেওয়ার এ অনুষ্ঠানে এমিরেটাস অধ্যাপক আনিসুজ্জামানের সভাপতিত্বে অতিথি হিসেবে থাকবেন শিল্পী ফাহমিদা খাতুন।

অনুষ্ঠানে রবীন্দ্রনাথ বিষয়ে একক বক্তৃতা করবেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের ইংরেজি বিভাগের অধ্যাপক ফকরুল আলম।

এছাড়া বিদেশে অবস্থিত বাংলাদেশের দূতাবাসগুলোও এ দিবসটি উপলক্ষে নানা কর্মসূচি গ্রহণ করবে।

যেসব জেলায় জাতীয় কর্মসূচির অংশ হিসেবে রবীন্দ্র জন্মবার্ষিকী উদযাপন করা হবে না, সেসব জেলায় স্থানীয় জনপ্রতিনিধি ও জেলা প্রশাসকরা কবিগুরুর জন্মবার্ষিকী উপলক্ষে অনুষ্ঠানের আয়োজন করবে।

বাংলাদেশ রবীন্দ্রসংগীত শিল্পী সংস্থা রবীন্দ্রজয়ন্তী উপলক্ষে শুক্রবার থেকে রাজধানীর জাতীয় গণগ্রন্থাগারের শওকত ওসমান স্মৃতি মিলনায়তনে দুইদিনব্যাপী সংগীতানুষ্ঠানের আয়োজন করেছে।

রবীন্দ্রসংগীত শিল্পী সংস্থার ভারপ্রাপ্ত সভাপতি মকবুল হোসেন জানান, এ আয়োজনে ঢাকা ও ঢাকার বাইরের ৭০ জন শিল্পী সংগীত পরিবেশন করবেন।