২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

রাকিবের ‘প্রাণ বাঁচানোর চেষ্টা করায়’ আসামিদের প্রাণ বাঁচানোর রায়

পায়ুপথে বাতাস দিয়ে কিশোর রাকিব হাওলাদারকে মৃত্যুর মুখে ঠেলে দিলেও শেষ মুহূর্তে ‘অপরাধের গুরুত্ব বুঝে’ দুই আসামি ছেলেটির ‘প্রাণ বাঁচানোর চেষ্টা করেছিলেন’ বলে মনে হওয়ায় তাদের মৃত্যুদণ্ড থেকে রেহাই দিয়েছে হাই কোর্ট।  

নিজস্ব প্রতিবেদক

মেহেদী হাসান পিয়াস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 03 May 2017, 09:47 PM

Updated : 19 Aug 2022, 04:31 PM

কিন্তু যেহেতু তাদের কারণেই নিরপরাধ রাকিবের মৃত্যু হয়েছে, সে কারণে দুই আসামি ওমর শরিফ ও মিন্টু খানকে যাবজ্জীবন কারাদণ্ড দেওয়া হয়েছে হাই কোর্টের রায়ে।

বিচারপতি জাহাঙ্গীর হোসেন সেলিম ও বিচারপতি মো. জাহাঙ্গীর হোসেনের হাই কোর্ট বেঞ্চ গত ৪ এপ্রিল এ রায় ঘোষণা করে। ৬৯ পৃষ্ঠার সেই পূর্ণাঙ্গ রায় বুধবার সুপ্রিম কোর্টের ওয়েবসাইটে প্রকাশ করা হয়।

১২ বছর বয়সী রাকিব এক সময় খুলনা নগরীর টুটপাড়া কবরখানা মোড়ে শরীফের মোটর ওয়ার্কশপে কাজ করত। কাজ ছেড়ে দেওয়ায় ক্ষিপ্ত হয়ে ২০১৫ সালের ৩ অগাস্ট তাকে হত্যা করেন শরীফ ও তার দূর সম্পর্কের চাচা মিন্টু। 

ওই ওয়ার্কশপে আটকে মোটরসাইকেলে হাওয়া দেওয়ার কমপ্রেসারের মাধ্যমে মলদ্বারে বাতাস ঢোকানো হলে রাকিবের পেটের ভেতরের নাড়ি, মলদ্বার, ‍মুত্রথলি ফেটে রক্তক্ষরণে তার মৃত্যু হয়।

বর্বর ওই ঘটনায় সারা দেশে ক্ষোভের সৃষ্টি হয়। রাকিবের বাবার করা মামলায় খুলনা মহানগর দায়রা জজ আদালতের বিচারক দিলরুবা সুলতানা ওই বছরই ১৮ নভেম্বর শরীফ মোটর্সের মালিক ওমর শরীফ ও মিন্টুর ফাঁসির রায় দেয়।

বিচারিক আদালতের সেই মৃত্যুদণ্ডাদেশের অনুমোদন এবং আসামিদের করা আপিলের শুনানি শেষে মঙ্গলবার হাই কোর্ট দুই আসামির সাজা কমানোর সিদ্ধান্ত জানায়।

শরিফ ও মিন্টুকে যাবজ্জীবন কারাদণ্ডের সঙ্গে ৫০ হাজার টাকা করে জরিমানা করা হয় হাই কোর্টের রায়ে। বলা হয়, জরিমানার ওই অর্থ রাকিবের পরিবারকে দিতে হবে। তা না হলে দুই আসামিকে আরও দুই বছর করে কারাদণ্ড ভোগ করতে হবে।

রাষ্ট্রপক্ষের সাক্ষীদের বক্তব্য বিচার করে পূর্ণাঙ্গ রায়ে বলা হয়, ঘটনার পরপরই বিক্ষুব্ধ জনতা দুই আসমিকে ধরে পিটুনি দেয়। ওই সময় তারা পালানোর চেষ্টা করেনি, বরং ভিকটিমকে বাঁচানোর চেষ্টায় খুলনার কয়েকটি হাসপাতালে নিয়ে যায়।

কিন্তু কীভাবে রাকিবকে চিকিৎসা দেওয়া সম্ভব সে বিষয়ে চিকিৎসকরা নিশ্চিত ছিলেন না, কেননা এক্ষেত্রে অপরাধ সংঘটিত হয়েছিল ব্যতিক্রমী এক উপায়ে। ঘটনার চার ঘণ্টার মাথায় ভিকটিকমে ঢাকায় নিয়ে যাওয়ার সময় তার মৃত্যু হয়।   

তাছাড়া দুই আসামির কারও অতীতে বড় কোনো অপরাধের রেকর্ড নেই, আগে কখনও তারা দোষী সাব্যস্তও হননি।

“এই অবস্থায় আসামিদের অপরাধের জন্য সর্বোচ্চ শাস্তি হবে, নাকি তাদের যাবজ্জীবন সাজা দেওয়া হবে- সেই সিদ্ধান্ত নেওয়া ছিল একটি কঠিন কাজ,” বলা হয় রায়ে।

যেহেতু আসামিদের অপরাধ সংঘটনের বিষয়ে বিচারকদের কোনো সংশয় ছিল না, সেহেতু আলোচনার কেন্দ্রে ছিল একটি প্রশ্ন- মৃত্যুদণ্ড, না যাবজ্জীবন। সবকিছু বিচারে আদালত সিদ্ধান্ত দিয়েছে, দুই সাজার মধ্যে তুলনামূলক কম শাস্তির সুযোগ এ মামলার আসামিদের পাওয়া উচিৎ।

“আসামিদের সাজা কমানোর পরোক্ষ একটি যুক্তি আমরা পেয়েছি। কিন্তু পেনাল কোডোর ৩০২/৩৪ ধারায় আসামিদের দোষী সাব্যস্ত করার যে সিদ্ধান্ত, তা পরিবর্তনের কোনো কারণ আমরা দেখছি না।  

“এই আলোচনা ও পারিপার্শ্বিক বিচারে আমাদের মনে হয়েছে, দুই আসামির যাবজ্জীবন কারাদণ্ড হলেই সুবিচার হবে।”  

আপিল হবে?

হাই কোর্টের সংক্ষিপ্ত রায়ের দিন তাৎক্ষণিক প্রতিক্রিয়ায় হতাশা প্রকাশ করেছিলেন রাকিবের বাবা নূরুল আলম হাওলাদার। বুধবার পূর্ণাঙ্গ রায় প্রকাশের পর বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে তিনি বলেছেন, হাই কোর্টের রায়ের বিরুদ্ধে তিনি আপিল করবেন।

হাই কোর্টে মামলা লড়তে রাকিবের পরিবারকে আইনি সহায়তা দিয়েছিল বাংলাদেশ মানবাধিকার বাস্তবায়ন সংস্থা। আপিলেও সেই সহযোগিতা দেওয়া হবে বলে জানিয়েছেন ওই সংস্থার খুলনা শাখার সমন্বয়ক অ্যাডভোকেট মমিনুল ইসলাম।

রাষ্ট্রপক্ষও আসামিদের সাজা কমানোর রায়ের বিরুদ্ধে আপিল করবে বলে বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে জানিয়েছেন ডেপুটি অ্যাটর্নি জেনারেল জহিরুল হক জহির।

তিনি বলেন, “গত ৪ এপ্রিল হাই কোর্টের রায়ের পরপরই আপিলের ব্যাপারে অ্যাটর্নি জেনারেলের কাছে নোট দেওয়া হয়েছিল। অ্যাটর্নি জেনারেল স্যার সেটা অ্যাপ্রুভ করে একজন অ্যাডভোকেট অন রেকর্ডও নিয়োগ করে রেখেছেন। প্রক্রিয়া চলছে, যে কোনোদিন আপিল ফাইল হতে পারে।”

হাই কোর্টের রায়ের দিন আসামিপক্ষের আইনজীবীরা বলেছিলেন, সাজা কমলেও তাদের মক্কেল ‘আংশিক ন্যায়বিচার’ পেয়েছেন।

বুধবার পূর্ণাঙ্গ রায় আসার পর আসামি শরীফের আইনজীবী গোলাম মো. চৌধুরী আলাল বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, “আপিলের বিষয়ে আমার মক্কেল এখনও চূড়ান্ত সিদ্ধান্ত নেননি। আজকেই এ বিষয়ে কথা হয়েছে আমার সঙ্গে। শুধু এটুকু বলেছে, আমার সঙ্গে কথা বলে পরবর্তীতে সিদ্ধান্ত নেবে।”

এ মামলায় যাবজ্জীবন মানে কী?

২০০৩ সালের একটি হত্যা মামলার আপিলের রায়ে গত ফেব্রুয়ারিতে দুই আসামির মৃত্যুদণ্ডের সাজা কমিয়ে তাদের যাবজ্জীবন কারাদণ্ডাদেশ দেয় সর্বোচ্চ আদালত। রায়ে বলা হয়, যাবজ্জীবন অর্থ হল, তাদের আমৃত্যু কারাবাস করতে হবে।

রায়ের পূর্ণাঙ্গ অনুলিপি গত ২৫ এপ্রিল প্রকাশিত হয়। সেখানে বলা হয়, দণ্ডবিধির ৫৩ ধারা অনুযায়ী যাবজ্জীবন কারাদণ্ডের অর্থ ৪৫ ধারার সঙ্গে মিলিয়ে পড়তে হবে, যার অর্থ দাঁড়ায় যাবজ্জীবন মানে আমৃত্যু কারাদণ্ড।

ওই রায়ের ফলে যাবজ্জীবন কারাদণ্ডে দণ্ডিত সবাইকে আমৃত্যু কারাবাস করতে হবে কি না, সেই প্রশ্ন দেখা দেয়। তখন আপিল বিভাগের রায় বিশ্লেষণ করে রাষ্ট্রের প্রধান আইন কর্মকর্তা মাহবুবে আলম বলেন, যাদের মৃত্যুদণ্ডের সাজা কমে যাবজ্জীবন কারাদণ্ড হবে, শুধু তাদেরই আমৃত্যু কারাগারে কাটাতে হবে।

সেক্ষেত্রে রাকিব হত্যা মামলার দুই আসামির মৃত্যুদণ্ডের সাজা কমিয়ে হাই কোর্ট যাবজ্জীবনের যে রায় দিয়েছে, তার অর্থও আমৃত্যু কারাদণ্ড হবে কি না- সেই প্রশ্ন দেখা দিয়েছে।  

অ্যাটর্নি জেনারেল মাহবুবে আলম দেশের বাইরে থাকায় বুধবার এ বিষয়ে ডেপুটি অ্যাটর্নি জেনারেল জহিরুল হক জহিরের দৃষ্টি আকর্ষণ করা হয়েছিল।

উত্তরে বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে তিনি বলেন, “আপিল বিভাগের কমপ্লিট জাস্টিস করার এখতিয়ার আছে। ফলে এ মামলার ক্ষেত্রে কী হবে- তা এ পর্যায়ে বলা যাচ্ছে না। তাই এ ব্যাপারে কমেন্ট করা ঠিক হবে না।”

অন্যদিকে আসামিপক্ষের আইনজীবী গোলাম মো. চৌধুরী আলাল বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, “যেসব মামলায় উচ্চ আদালত ফাঁসির দণ্ডাদেশ কমিয়ে যাবজ্জীবন দিয়েছে বা দেবে, শুধুমাত্র সেসব যাবজ্জীবন হবে আমৃত্যু কারাদণ্ড। তবে বিচারিক আদালতে যেসব মামলায় যাবজ্জীবন হয়, সেগুলো আগের আইনের ধারা অনুযায়ীই চলবে। এটা প্রধান বিচারপতির রায়ে উল্লেখ করা হয়েছে। প্রধান বিচারপতির বক্তব্য অনুযায়ী এ মামলার রায়ের ক্ষেত্রে সেটাই মনে হয়। উচ্চ আদালতে এ ব্যাপারে আমরা প্রতিকার চাইতে পারি।”

 

পুরনো খবর:

রাকিব হত্যা: দুই আসামির সাজা কমে যাবজ্জীবন