ওয়ালটনের সঙ্গে সমঝোতা: মুক্তি পেলেন সাংবাদিক রাজু
ওয়ালটন কর্তৃপক্ষের দায়ের করা দুই মামলায় জামিন পেয়েছেন নতুন সময় ডটকমের নির্বাহী সম্পাদক আহমেদ রাজু।
বাদীপক্ষের সঙ্গে সমঝোতার পর বুধবার তিনি আইসিটি আইন ও চাঁদাবাজির দুই মামলায় জামিন পান বলে তার আইনজীবী মো. তরিকুল ইসলাম জানিয়েছেন।
ঢাকা মহানগর হাকিম মোহাম্মদ আহসান হাবীব বুধবার দুপুরে রমনা থানায় দায়ের করা আইসিটি মামলায় রাজুর জামিন মঞ্জুর করেন। এরপর বিকাল ৪টার দিকে মহানগর হাকিম মো. রায়হান উল ইসলাম পল্টন থানায় দায়ের হওয়া চাঁদাবাজির মামলায় তার জামিন মঞ্জুর করেন।
ওয়ালটনের মালিকানাধীন রাইজিং বিডিতে কাজ করে আসা আহমেদ রাজুর নামে তার বর্তমান কর্মস্থল নতুন সময় ডটকমে একটি প্রতিবেদন প্রকাশ হওয়ার পর ওই দুটি মামলা হয়। ওয়ালটন গ্রুপের পণ্য নিয়ে ‘উদ্দেশ্যমূলক নিউজ করা’ এবং এতে প্রতিষ্ঠানটির সুনাম ক্ষুণ্নের অভিযোগ আনা হয় তার বিরুদ্ধে।
এই প্রেক্ষাপটে মঙ্গলবার ঢাকা রিপোর্টার্স ইউনিটির সভাপতি সাখাওয়াত হোসেন বাদশা এবং ঢাকা সাংবাদিক ইউনিয়নের সাধারণ সম্পাদক সোহেল হায়দার চৌধুরীর নেতৃত্বে একদল সাংবাদিক ওয়ালটন কর্তৃপক্ষের সঙ্গে আলোচনায় বসেন।
সেখানে রাজুর বিরুদ্ধে ওয়ালটনের মামলা প্রত্যাহার এবং পক্ষান্তরে নতুন সময় ডটকমে ওয়ালটনের বক্তব্য হুবহু প্রকাশ করার সিদ্ধান্ত হয় বলে ডিআরইউ নেতা বাদশা জানান।
