শিশু সুমাইয়া অপহরণ মামলায় বিল্লাল রিমান্ডে
রাজধানীর কামরাঙ্গীরচরের শিশু সুমাইয়া অপহরণ মামলায় মো. বিল্লাল নামে এক আসামিকে জিজ্ঞাসাবাদের জন্য তিন দিনের পুলিশ হেফাজতে পাঠিয়েছে আদালত।
মামলার তদন্ত কর্মকর্তা কামরাঙ্গীরচর থানার এসআই রাজিবুল ইসলাম মঙ্গলবার বিল্লালকে আদালতে হাজির করে সাত দিন রিমান্ডের আবেদন করেন।
ঢাকার মহানগর হাকিম রায়হানুল ইসলাম শুনানি শেষে তিন দিনের রিমান্ডের আদেশ দেন।
এই মামলার প্রধান আসামি সাবিনা আক্তার বৃষ্টির স্বীকারোক্তিমূলক জবানবন্দির ভিত্তিতে বিল্লালকে আটকে করে পুলিশ।
হেফাজতের আবেদনে বলা হয়, কেরানীগঞ্জ থানার ব্রাহ্মণকিত্তায় জনৈক হাজী সাহেবের বাড়িতে থাকার সময় অপহৃত শিশুটিকে নির্যাতনও করেছিলেন বিল্লাল।
গত ২৬ এপ্রিল রাতে রাজধানীর কদমতলী থানার জুরাইনের রহমতবাগ এলাকা থেকে শিশুটিকে উদ্ধার করে পুলিশ। তখন বৃষ্টিসহ দুজনকে গ্রেপ্তার করা হয়। অন্যজন হলেন ওই বাড়িটির ভাড়াটিয়া সিরাজুল ইসলাম।
গত ২ এপ্রিল কামরাঙ্গীরচর এলাকা থেকে অপহরণ করা হয়েছিল সুমাইয়াকে।
