রাজধানীর রাস্তায় পরিত্যক্ত মার্সিডিজ
রাজধানীর মহাখালী ডিওএইএস এলাকা থেকে একটি মার্সিডিজ জিপ জব্দ করেছেন শুল্ক গোয়েন্দারা।
মঙ্গলবার দুপুরে মহাখালী ডিওএইচএস আবাসিক এলাকা থেকে গাড়িটি জব্দ করা হয় বলে শুল্ক গোয়েন্দা অধিদপ্তরের মহাপরিচালক মইনুল খান জানিয়েছেন।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে তিনি বলেন, ডিওএইচএস এলাকায় রাস্তায় পরিত্যক্ত অবস্থায় মার্সিডিজ জিপটি পাওয়া যায়।
“ডিওএইসএস এলাকার ১৯ সি নম্বর রোডের ২৮৮ নম্বর বাড়ির সামনে পার্ক করা ছিল গাড়িটি।”
গাড়িটির মূল্য প্রায় দুই কোটি টাকা বলে জানান মইনুল খান।
তিনি জানান, যে বাড়ির সামনে গাড়িটি পাওয়া গেছে তার মালিক এসকে আবু বাকের। গাড়িটি তার ছেলে এরিক মোরশেদের।
মইনুল খান বলেন, “গাড়ির নিবন্ধন নম্বর ঢাকা মেট্রো ঘ ১৪-৪৭২৭। বিআরটিএর সঙ্গে যোগাযোগ করে জানা গেছে নিবন্ধন নম্বরটি ভুয়া।”
অভিযান পরিচালনা দলের সদস্য শুল্ক গোয়েন্দা অধিদপ্তরের সহকারী পরিচালক ফেরদৌসি মাহবুব বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, গাড়িটি আটকের পর ঢাকা কাস্টমস হাউজে নিয়ে যাওয়া হয়েছে। এখন আইন অনুযায়ী পরবর্তী ব্যবস্থা নেওয়া হবে।
গত কয়েক মাসে শল্ক ফাঁকি দিয়ে অবৈধভাবে আনা বেশ কয়েকটি গাড়ি আটক করেছেন শুল্ক গোয়েন্দারা।
