তৃতীয় দফায় রিমান্ডে শাহাবুদ্দীন নাগরী
ব্যবসায়ী হত্যা মামলায় কবি ও গীতিকার শাহাবুদ্দীন নাগরীকে তৃতীয় দফায় জিজ্ঞাসাবাদের জন্য তিন দিনের হেফাজতে পেয়েছে পুলিশ।
মামলার নতুন তদন্ত কর্মকর্তা গোয়েন্দা পুলিশের পরিদর্শক রবিউল আলম মঙ্গলবার আসামিকে ছয় দিনের হেফাজতে নেওয়ার জন্য ঢাকার মুখ্য মহানগর হাকিম আদালতে আবেদন করেন।
একেএম শাহাবুদ্দীন নাগরী (ফাইল ছবি)
মামলার নথিপত্রে সূত্রে জানা যায়, এর আগে তদন্ত কর্মকর্তা নিউ মার্কেট থানার পরিদর্শক (তদন্ত) মতলুবর রহমান নাগরীর সঙ্গে ওই ব্যবসায়ীর স্ত্রী নূরানী আক্তার সুমীকেও দুই দফায় রিমান্ডে নিয়ে জিজ্ঞাসাবাদ করেন।
গত ১৪ এপ্রিল রাজধানীর এলিফ্যান্ট রোডের ডোমিনো অ্যাপার্টমেন্টে নিজের ফ্ল্যাটে ব্যবসায়ী নূরুল ইসলামের লাশ পাওয়া যায়।
এ ঘটনায় ভাবি সুমীর বিয়ে বহির্ভূত সম্পর্কের জের ধরে তার ভাইকে হত্যা করা হয়েছে বলে নিউ মার্কেট থানায় মামলা করেন নুরুলের বোন শাহানা রহমান কাজল।
এ ঘটনায় সুমী ও ওই ব্যবসায়ীর গাড়িচালক সেলিমকে গ্রেপ্তারের পর ১৭ এপ্রিল ভোরে রাজধানীর নিকুঞ্জ থেকে শাহাবুদ্দীন নাগরীকে গ্রেপ্তার করা হয়।
