২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

শহীদ মিনারে আবৃত্তিশিল্পী কাজী আরিফকে শেষ শ্রদ্ধা

আবৃত্তিশিল্পী ও মুক্তিযোদ্ধা কাজী আরিফের মরদেহ ঢাকায় পৌঁছানোর পর কেন্দ্রীয় শহীদ মিনারে তার কফিনে জানানো হয়েছে রাষ্ট্রীয় সম্মান।

নিজস্ব প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 02 May 2017, 11:48 AM

Updated : 11 Oct 2022, 01:56 PM

পুরনো খবর:

পতাকায় মোড়া কাজী আরিফের কফিনে শেষ শ্রদ্ধা প্রবাসীদের
আবৃত্তিশিল্পী কাজী আরিফ আর নেই

এই শিল্পীর মেয়ে অন্তরা বিনতে আরিফ জানিয়েছেন, মঙ্গলবার মরদেহ হিমঘরে রেখে বুধবার বিকালে মিরপুরের শহীদ বুদ্ধিজীবী কবরস্থানে তার বাবাকে দাফন করা হবে।

গত শনিবার নিউ ইয়র্কের একটি হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মারা যান কাজী আরিফ। ৬৫ বছর বয়সী এই স্থপতি হৃৎযন্ত্রের নানা জটিলতা ভুগেছিলেন।

মঙ্গলবার সকাল পৌনে ৯টার দিকে এমিরেটসের একটি ফ্লাইটে তার কফিন ঢাকার শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে পৌঁছায়। এরপর তার মরদেহ নিয়ে যাওয়া হয় কেন্দ্রীয় শহীদ মিনারে।

সম্মিলিত সাংস্কৃতিক জোটের সভাপতি গোলাম কুদ্দুছ জানান, বেলা সাড়ে ১১টা থেকে ১টা পর্যন্ত সেখানে এই শিল্পীর প্রতি শেষ শ্রদ্ধা জানান দেশের সাংস্কৃতিক অঙ্গনের কর্মী ও বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ।  

কাজী আরিফের জন্ম ১৯৫২ সালের ৪ সেপ্টেম্বর, রাজবাড়ী সদরের কাজীকান্দা গ্রামে। বেড়ে উঠেছেন চট্টগ্রাম শহরে। পড়াশোনা, রাজনীতি ও সংস্কৃতিক কর্মকাণ্ডে হাতেখড়ি সেখানেই। আবৃত্তির পাশাপাশি লেখালেখিও করতেন তিনি, সক্রিয় ছিলেন সাংস্কৃতিক আন্দোলনে।

কলেজ জীবনে ছাত্রলীগের সঙ্গে যুক্ত কাজী আরিফ বাংলাদেশ প্রকৌশল বিশ্ববিদ্যালয়ে ভর্তি হওয়ার পরপরই স্বাধীনতা সংগ্রামে যোগ দেন। ১ নম্বর সেক্টরে মেজর রফিকুল ইসলামের কমান্ডে সরাসরি মুক্তিযুদ্ধে অংশগ্রহণ করেন তিনি।

যুদ্ধ শেষে স্বাধীন দেশে বুয়েটে লেখাপড়ায় ফেরেন কাজী আরিফ। সমান তালে চলতে থাকে তার শিল্প, সাহিত্য ও সাংস্কৃতিক কর্মকাণ্ড।

১৯৭৩ সালে প্রথম বিটিভি ও বেতারে আবৃত্তি করলেও কাজী আরিফের প্রথম অ্যালবাম ‘পত্রপুট’ বের হয় ১৯৮০ সালে। মোট ১৭টি কবিতার অ্যালবাম বেরিয়েছে তার।

মুক্তকণ্ঠ আবৃত্তি একাডেমির প্রতিষ্ঠাতা কাজী আরিফ বাংলাদেশ আবৃত্তি সমন্বয় পরিষদের সভাপতিমণ্ডলীর সদস্য ছিলেন।

রেডিও, টেলিভিশনে নিয়মিত আবৃত্তি করতেন কাজী আরিফ। দেশের বাইরে যুক্তরাষ্ট্রের ১৮টি স্টেটে, থাইল্যান্ডে তার একক আবৃত্তি অনুষ্ঠান হয়েছে। কলকাতায় বিভিন্ন আসরেও তিনি আবৃত্তি করেছেন।

আবৃত্তির জন্য বাংলাদেশের বিভিন্ন সংগঠন থেকে পুরস্কারের পাশাপাশি যুক্তরাষ্ট্র প্রবাসীদের দেওয়া ফোবানা পুরস্কার এবং কলকাতা থেকে বেশ কয়েকটি পুরস্কার পেয়েছেন কাজী আরিফ।