২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

বিয়ে ভেঙে দেওয়ার পর তরুণীকে আটকে রেখে মুক্তিপণ দাবি, যুবক গ্রেপ্তার

বিয়ে ভেঙে যাওয়ার পর এক তরুণীকে আটকে রেখে মুক্তিপণ চাওয়ার অভিযোগে ঢাকায় এক যুবককে গ্রেপ্তার করেছে র‌্যাব।

জ্যেষ্ঠ প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 02 May 2017, 12:05 AM

Updated : 19 Aug 2022, 04:31 PM

রোববার মধ্যরাতে রাজধানীর কলাবাগান এলাকায় বাসা থেকে অলিউর রহমান কচি (৩০) নামে ওই যুবককে গ্রেপ্তার করা হয় বলে র‌্যাব-১ এর সহকারী পুলিশ সুপার মো. আকরামুল হাসান বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে জানিয়েছেন।

কচি সম্প্রতি যুক্তরাজ্য থেকে বার অ্যাট ল সম্পন্ন করে বাংলাদেশে ফেরেন। যে তরুণীকে তার বাসা থেকে উদ্ধার করা হয়েছে তিনি একটি বেসরকারি বিশ্ববিদ্যালয়ে বিবিএ পড়েন।

এক বছর আগে ওই তরুণীর সঙ্গে পারিবারিকভাবে কচির বিয়ে ঠিক হয়েছিল জানিয়ে র‌্যাব কর্মকর্তা হাসান বলেন, তবে সম্প্রতি লন্ডন থেকে ফেরার পর কচির ‘আচরণগত সমস্যার’ কারণে বিয়ে ভেঙে দিয়েছিল পাত্রী পক্ষ।

এরপর থেকে কচি নানা ভাবে ওই তরুণীকে উত্ত্যক্ত করে আসছিল বলে তার পরিবারের অভিযোগ।

তারা র‌্যাবকে বলেছে, গত ২৮ এপ্রিল সকালে বসুন্ধরা এলাকার বিশ্ববিদ্যালয় যাওয়ার সময় কচি ওই তরুণীকে তুলে নিয়ে যায়। এরপর মোবাইল ফোনে তাদের মেয়ের কান্নার শব্দ শোনায় এবং পাঁচ লাখ টাকা মুক্তিপণ দাবি করে।

ওই তরুণীর বাবা তখন ভাটারা থানায় একটি সাধারণ ডায়েরি করেন। সেই সঙ্গে র‌্যাবকেও জানান তিনি। এরপর র‌্যাব ওই তরুণীকে উদ্ধারে অভিযানে নামে।

হাসান বলেন, কলাবাগান লেক সার্কাসে কচির বড় ভাইয়ের বাসা থেকে তাকে গ্রেপ্তার ও তরুণীকে উদ্ধার করা হয়।

ওই তরুণী র‌্যাবকে বলেছেন, তাকে আটকে রেখে মাথার চুল কেটে দেন কচি, ব্লেড দিয়ে শরীরের বিভিন্ন স্থানে কেটে রক্তাক্ত জখমও করেন। এছাড়া ক্রিকেট ব্যাট দিয়েও মারধর করেন কচি। জখম হওয়ার পর আবার চিকিৎসক এনে চিকিৎসাও করান।

র‌্যাব কর্মকর্তা হাসান বলেন, কচির আচরণে তার মাও ক্ষুব্ধ, তারাও ছেলের বিচার দাবি করেছেন।

কচির বিরুদ্ধে ভাটারা থানায় একটি অপহরণ মামলা হয়েছে। তিনি কী কারণে ওই তরুণীকে আটকে রেখে মুক্তিপণ দাবি করেছিল, তা খতিয়ে দেখা হচ্ছে বলে জানান র‌্যাব কর্মকর্তা হাসান।