বিদ্যুৎ উপকেন্দ্রে ঢুকে দুই শিশু আহত
ঢাকার শ্যামপুরে একটি বিদ্যুৎ উপকেন্দ্রে ঢুকে পড়ার পর বিদ্যুৎস্পৃষ্ট হয়েছে দুই শিশু।
তাদের একজনকে আশঙ্কাজনক অবস্থায় ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের বার্ন ইউনিটে ভর্তি করা হয়েছে।
সোমবার সকালে পুরান ঢাকার করিমুল্লাহবাগ তেলের মিল এলাকায় ডিপিডিসির একটি বিদ্যুৎ উপকেন্দ্রে এ ঘটনা ঘটে বলে পোস্তগোলা ফায়ার স্টেশনের সিনিয়র অফিসার সাইদুল আলম চৌধুরী জানান।
তিনি বলেন, রাজু (১১) ও ইমন (১২) নামের দুই শিশু খেলতে খেলতে সুযোগ পেয়ে উপকেন্দ্রে ঢুকে পড়ে। এক সময় তারা সুইচরুমে ঢুকে পড়ে এবং বিদ্যুৎস্পৃষ্ট হয়।
এলাকাবাসীর কাছ থেকে খবর পেয়ে ফায়ার সার্ভিস কর্মীরা ঘটনাস্থলে গিয়ে শিশু দুটিকে উদ্ধার করে বলে জানান তিনি।
“মনে হয় দরজা খোলা পেয়ে তারা সেখানে ঢুকে পড়েছিল। সাধারণত এমন অন্ধকার কক্ষে কারও ঢোকার কথা না। তাদের উদ্ধার করতে আমাদের বেশ ঝুঁকি নিতে হয়েছে। কারণ পুরো কক্ষে বৈদ্যুতিক সরঞ্জাম ছিল।”
পরে বিদ্যুতকর্মীরা এসে কক্ষের বিদ্যুত বিচ্ছিন্ন করে এবং শ্যামপুর থানা পুলিশের সদস্যরাও উপস্থিত হন বলে জানান সাইদুল।
তিনি বলেন, “রাজুর অবস্থা খুব খারাপ না হওয়ায় তাকে পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে। তবে ইমনের মুখসহ শরীরের বেশিরভাগ অংশ পুড়ে গেছে।”
তবে করিমুল্লাহবাগ সাবস্টেশনের কোনো কর্মকর্তার সঙ্গে এ বিষয়ে কথা বলা সম্ভব হয়নি।
