২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

সাবেক ব্যাংক কর্মকর্তাসহ ৫ জনের বিরুদ্ধে দুদকের মামলা

ঋণ নিয়ে এক্সিম ব্যাংকের ২০৬ কোটি টাকা আত্মসাতের অভিযোগে ব্যাংকটির সাবেক এক ব্যবস্থাপকসহ পাঁচজনের বিরুদ্ধে মামলা করেছে দুর্নীতি দমন কমিশন (দুদক)।

নিজস্ব প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 26 Apr 2017, 07:51 PM

Updated : 19 Aug 2022, 04:28 PM

দুদকের সহকারী পরিচালক গুলশান আনোয়ার প্রধান বুধবার রাজধানীর মতিঝিল থানায় এ মামলা করেন বলে সংস্থাটির উপ-পরিচালক (জনসংযোগ) কর্মকর্তা প্রণব কুমার ভট্টাচার্য জানিয়েছেন।

মামলার পর দুপুরে সেগুনবাগিচা থেকে প্রধান আসামি মেসার্স হাজী ইসলাম উদ্দিন স্পিনিং মিলস লিমিটেডের ব্যবস্থাপনা পরিচালক ইসলাম উদ্দিনকে গ্রেপ্তার করা হয়েছে বলে জানান প্রণব।

পরে ইসলাম উদ্দিনকে আদালতে হাজির করা হলে ঢাকা মহানগর হাকিম কামরুল ইসলাম তাকে কারাগারে পাঠানোর আদেশ দেন বলে দুদকের প্রসিকিউশন কর্মকর্তা সাহিদুর রহমান জানিয়েছেন।

মামলার অন্য আসামিরা হলেন- মেসার্স হাজী ইসলাম উদ্দিন স্পিনিং মিলস লিমিটেডের তিন পরিচালক তাসলিমা ইসলাম, রিজওয়ানুল ইসলাম ও আয়াস ইবনে ইসলাম ইরফান এবং এক্সিম ব্যাংক রাজউক শাখার সাবেক ব্যবস্থাপক মো. শাহজাহান।

প্রণব ভট্টাচার্য জানান, আসামিরা পরস্পর যোগসাজশে এক্সিম ব্যাংক লিমিডেটের রাজউক শাখার গ্রাহক মেসার্স হাজী ইসলাম উদ্দিন স্পিনিং মিলস লিমিটেডকে অবৈধভাবে ঋণ সুবিধা দিয়ে ব্যাংকটির ২০৬ কোটি টাকার আর্থিক ক্ষতি সাধন করেছেন।

২০০৮ সালের জুন থেকে ২০১৫ পর্যন্ত বিভিন্ন সময়ে ঋণ আদান-প্রদানের পর মুনাফাসহ ২০৬ কোটি টাকা আত্মসাতের অভিযোগে মামলাটি করা হয়েছে বলে জানান তিনি।