হত্যার আসামি পুলিশ: এক সাক্ষীতেই বছর পার
ঢাকার আদালতে পুলিশের বিরুদ্ধে একটি হত্যা মামলার বিচারে একজনের সাক্ষ্য শেষ হয়নি এক বছরেও।
তিন বছর আগে পল্লবী থানা পুলিশের হেফাজতে মোবাইল অপারেটর বাংলা লিঙ্কের গাড়িচালক ইশতিয়াক আহমেদ জনি নিহতের এই মামলার পাঁচ আসামির মধ্যে দুজন এসআই ও একজন এএসআই।
ঢাকার মহানগর দায়রা জজ আদালতে রোববার মামলার বাদী নিহতের ভাই ইমতিয়াজ হোসেন রকিকে আসামিপক্ষের জেরা করার কথা ছিল। তবে দুই আসামির আইনজীবী ‘অসুস্থ’ থাকায় তা হয়নি।
বিচারক কামরুল হোসেন মোল্লা আগামী ১৬ মে তাকে জেরা করার নতুন দিন রেখেছেন বলে মামলায় রাষ্ট্রপক্ষের কৌসুলি কে এম সাজ্জাদুল হক শিহাব জানিয়েছেন।
এই মামলায় বাদীসহ মোট সাক্ষী ১৫ জন, তাদের মধ্যে বাদী রকির জবানবন্দির মধ্য দিয়েই গত বছর ১৬ মে সাক্ষ্যগ্রহণ শুরু হয়।
মোট আটদিন আদালতে জবানবন্দি দেন রকি। এরপর গত ৯ জানুয়ারি জেরা শুরুর পর এখন পর্যন্ত পাঁচ দিন জেরা করেছেন আসামিপক্ষের আইনজীবীরা, রোববার নিয়ে তিন দিন পেছাল জেরা। এখনও রয়েছে রাষ্ট্রপক্ষের আরও ১৪ জনের সাক্ষ্য ও জেরা।
আসামিপক্ষের বিরুদ্ধে নানা কৌশল খাটিয়ে বিচার বিলম্বিত করার অভিযোগ তুলে বাদী রকি বলছেন, মামলার দ্রুত নিষ্পত্তি চান তিনি। এজন্য প্রধানমন্ত্রীর হস্তক্ষেপ কামনা করেন তিনি।
ওই বছর ৮ অগাস্ট হত্যা মামলা দায়ের করেন নিহতের ভাই রকি। এসআই জাহিদুর রহমান জাহিদ, এএসআই রাশেদুল ইসলাম ও এএসআই কামরুজ্জামান মিন্টুসহ ছয় পুলিশ সদস্য এবং তাদের দুই সোর্স রাশেদ ও সুমনকে আসামি করেন তিনি।
পরে মহানগর হাকিম মারুফ হোসেন বিচার বিভাগীয় তদন্ত করে এই পাঁচজনকে অভিযুক্ত করে আদালতে প্রতিবেদন দাখিল করেন। অপর দুই পুলিশ সদস্যকে অব্যাহতি দেওয়া হয়।
এসআই জাহিদসহ অপর আসামিরা থানা হাজতে হকিস্টিক ও ক্রিকেটের স্ট্যাম্প দিয়ে বেদম প্রহার করে জনিকে হত্যা করেন বলে মামলায় অভিযোগ করা হয়।
মামলার প্রধান আসামি এসআই জাহিদের পক্ষে রোববার জামিন চাওয়া হলে বিচারক শুনানি নিয়ে জামিনের পক্ষে নতুন কোনো যুক্তি নেই বলে তা নাকচ করেন।
মামলার বাদী ইমতিয়াজ হোসেন রকি আদালতের বরান্দায় বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, মামলা না লড়তে এসআই জাহিদের পক্ষ থেকে তাকে নানা রকম উপঢৌকন ও নগদ টাকার প্রলোভন দেখানো হচ্ছে। তাদের প্রস্তাব ফিরিয়ে দেওয়ায় হুমকিও দেওয়া হচ্ছে।
“এলাকার টাউট নেতা ও সন্ত্রাসীদের হাত করে আমাদের দুর্বল করে দেওয়ার অপপ্রয়াস চালাচ্ছেন এসআই জাহিদের মা।”
এসআই জাহিদের বিরুদ্ধে মিরপুরের ঝুট ব্যবসায়ী মাহবুবুর রহমান সুজন হত্যা মামলাও এই আদালতে বিচারাধীন থাকা অবস্থায় হাই কোর্টে স্থগিত হয়ে গেছে।
