মরিয়ম টাওয়ার গুলশান-বারিধারা লেকের বিষফোঁড়া: মন্ত্রী
রাজধানীর শাহজাদপুরের মরিয়ম টাওয়ারকে গুলশান-বারিধারা লেকের ‘বিষফোঁড়া’ হিসেবে বর্ণনা করে গৃহায়ন ও গণপূর্ত মন্ত্রী ইঞ্জিনিয়ার মোশাররফ হোসেন বলেছেন, ওই ভবনের অবৈধ অংশ ভেঙে ফেলা হবে।
রোববার গুলশান লেকের ডান পাড়ে বাড্ডা-বারিধারা সড়কের মরিয়ম টাওয়ার ১ ও ২ এর মধ্যবর্তী জায়গার স্থাপনা উচ্ছেদ করতে গিয়ে সাংবাদিকদের এ কথা বলেন মন্ত্রী।
এ অভিযানে ১৮টি পরিবারের বাড়িঘর ও স্থাপনা ভেঙে দেওয়া হয়েছে বলে সিটি করপোরেশনের কর্মকর্তারা জানান।
১৯৯৪ সালে বিএনপি সরকারের সময়ে রাজউকের অনুমোদন নিয়ে মরিয়ম টাওয়ার ১ ও ২ নামে দুটি ২০তলা ভবন নির্মাণ করা হয়।
ব্যক্তি মালিকানাধীন জমির পাশাপাশি লেকের জমি দখল করে ওই ভবন নির্মাণ হয়েছে অভিযোগ করে পরিবেশবাদীরা অবৈধ অংশ ভাঙার দাবি জানিয়ে আসছেন।
পূর্তমন্ত্রী বলেন, “মরিয়ম টাওয়ার যেইটা আছে সেইটা এই লেকের উপর একটা বিষফোঁড়া। ১৯৯৪ সালে রফিকুল ইসলাম মিয়া এইটা পাস করছেন। পাস করে লেকের উপরেই তারা এইটা করে।
“এইটা তো হইয়া গেছে। এইটা একটা সরকারের সময় প্ল্যান পাস হইসে, যে সরকারই হোক তারা এইটা পাস করছে। পাস করার পর বৈধ হয়ে গেছে। এখন সেইখানে যদি কোনো অবৈধ জায়গা থাকে সেইটা আমরা উদ্ধার করব।”
বিজিএমইএ ভবন ভাঙার আদেশ হলে মরিয়ম টাওয়ার ভাঙতে সমস্যা কোথায়- এ প্রশ্ন রেখে গৃহায়ন ও গণপূর্তমন্ত্রী বলেন, বিজিএমইএ ভবন হাতিরঝিল প্রকল্পের নকশায় পড়েছিল। এছাড়া সুপ্রিম কোর্ট তা ভেঙে ফেলতে নির্দেশ দিয়েছে।
“কেউ যদি মরিয়ম টাওয়ারের বিরুদ্ধে জলাধার আইনে মামলা করে। আর হাই কোর্ট যদি নির্দেশ দেয়, তাহলে আমরা ভেঙে দেব।”
রাজউক বা গণপূর্ত মন্ত্রণালয় থেকে কোনো উদ্যোগ নেওয়া হবে কি-না জানতে চাইলে মন্ত্রী বলেন,এটি একটি ধারাবাহিক প্রক্রিয়া।
ইঞ্জিনিয়ার মোশাররফ অভিযোগ করেন, জিয়াউর রহমান, এইচ এম এরশাদ এবং খালেদা জিয়ার সরকারের সময়ে গুলশান ও আশপাশের এলাকার লেক ভরাট করা হয়েছে।
“আপনারা অবাক হবেন, গুলশানের আজাদ মসজিদ একসময় লেকের পাড়ে ছিল। তাহলে বোঝেন কতগুলো জলাধার ভরাট করেছে। শেখ হাসিনার সরকার আসার পরে এক ইঞ্চি লেকও দখল করা হয়নি।”
ঢাকা উত্তর সিটি করপোরেশনের মেয়র আনিসুল হক, স্থানীয় সংসদ সদস্য রহমত উল্লাহ ও রাজউক চেয়ারম্যান এম বজলুল করিম চৌধুরীও উপস্থিত ছিলেন উচ্ছেদ অভিযানের সময়।
রাজউক কর্মকর্তারা জানান, দুই টাওয়ারের মাঝের অবৈধ স্থাপনা এবং কয়েকটি ব্যক্তিমালিকানাধীন জমি অধিগ্রহণ করতে না পারায় বাড্ডা-বারিধারা সংযোগ সড়ক নির্মাণের কাজ আটকে ছিল।
উচ্ছেদের পর আনিসুল হক সাংবাদিকদের বলেন, “সংযোগ সড়কে পঞ্চাশ ফুট প্রশস্ত রাস্তাটা করা হবে। এখানে কিছু ব্যক্তি মালিকানাধীন সম্পত্তিও আছে। সেটা অধিগ্রহণ করে ২-৩ মাসের মধ্যে কাজ শুরু করতে পারব।”
গণপূর্তমন্ত্রীর আহ্বানে স্থানীয় জমি মালিকদের সঙ্গে আলোচনা করে রাস্তার জমি অধিগ্রহণ করা হয়েছে জানিয়ে মেয়র বলেন, “আজকে ১৫ বছর ধরে মামলা চলছিল। তারা চাইলে আরও মামলা চালাতে পারতেন। কিন্তু সবার স্বার্থে তারা কেইস তুলে নিয়েছেন। তারই প্রেক্ষিতে আজকে এই রাস্তার কাজ শুরু হতে যাচ্ছে।”
গুলশান এভিনিউয়ের সমান্তরালে এই রাস্তা হলে প্রধান সড়কে যানজট কমবে বলে আশা প্রকাশ করেন তিনি।
অবশ্য অধিগ্রহণ করা একখণ্ড জমির মালিক মোর্শেদ অভিযান চলাকালেও অভিযোগ করেন, মরিয়ম টাওয়ার না ভেঙে সাধারণ মানুষের জমি অধিগ্রহণ করা হচ্ছে।
“আগে মরিয়ম টাওয়ার ভেঙে আসেন। তাহলে আমরা আমাদের জমি এমনিতেই ছেড়ে দেব। আমাদের ঘর আমরাই ভাইঙা নিয়া যাব।”
